জ্বালানি আমদানির্ভরতা কমাতে বিদ্যুতায়নে বিশ্বনেতাদের বড় উদ্যোগ
আলমগীর মিয়া ও মহিউদ্দিন খান রিফাত, আনতালিয়া (তুরস্ক) থেকে
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জ্বালানি আমদানিনির্ভরতা কমানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্বন নিঃসরণ হ্রাসে বিশ্ব অর্থনীতির বিদ্যুতায়ন ত্বরান্বিত করতে বড় উদ্যোগ নিয়েছে কপ৩১-এর সভাপতিত্ব। এ উদ্যোগে একজোট হচ্ছে বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা। ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানের প্রায় ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর কার্যক্রমের মধ্যে এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। ‘কপ৩১ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ’ নামের এ অঙ্গীকারের আওতায় পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ানো হবে। এর মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদার, জ্বালানির ব্যয় কমানো, বিদ্যুতের সহজলভ্যতা বাড়ানো এবং বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য রয়েছে।
কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম বলেন, ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতের ব্যবহার ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ জরুরি। কারণ, বিদ্যুতায়ন ত্বরান্বিত করতে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বৈশ্বিক লক্ষ্য ছিল না। এ বছরের জ্বালানি সংকট দেশগুলোকে আত্মতুষ্টি থেকে বের করে এনেছে এবং জ্বালানি আমদানির ওপর নির্ভরতার ঝুঁকি স্পষ্ট করেছে।
তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, নিঃসরণ কমানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বৈশ্বিক অর্থনীতির বিদ্যুতায়ন এখন অপরিহার্য। কপ৩১-এর সভাপতিত্ব এ উদ্যোগকে এগিয়ে নিতে সবাইকে একত্র করছে। ‘বিদ্যুতের যুগের সূচনা হচ্ছে। কপ৩১ এমন এক সম্মেলন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, যখন আমরা সেই পরিবর্তনের সুইচটি চালু করেছি।’
কপ৩১-এর আলোচনার সভাপতি ক্রিস বোয়েন বলেন, বিদ্যুতায়নের গতি বাড়ানোর পাশাপাশি তা বাস্তবায়নের কার্যকর পথ তৈরিতে সম্মেলনে ব্যাপক সমর্থন আদায়ের চেষ্টা চলছে। পরিচ্ছন্ন বিদ্যুৎ, শক্তিশালী বিদ্যুৎ গ্রিড ও বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা গেলে পরিবার, পরিবহন ও শিল্প খাতে জ্বালানি নিরাপত্তা বাড়বে এবং নিঃসরণ কমবে।
তিনি বলেন, বৈশ্বিক পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর এরই মধ্যে শুরু হয়েছে। কপ৩১-এর লক্ষ্য এ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করা। তবে উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে বিনিয়োগ, অবকাঠামো ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
বিদ্যুতায়নের এ উদ্যোগে অর্থায়ন বাড়াতে বিশ্বব্যাংক ও আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সহসভাপতিত্বে নতুন একটি আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। ‘ইলেকট্রিফাই নাউ ফাইন্যান্স কোয়ালিশন’ নামের এ জোটে সরকার, উন্নয়ন ব্যাংক ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলো যুক্ত হবে। ২০২৭ সালে বিশ্বব্যাংক ও আফ্রিকান উন্নয়ন ব্যাংক জোটটির প্রথম দুই সহসভাপতির দায়িত্ব পালন করবে। উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে বিদ্যুতায়নের জন্য অর্থায়ন সহজ করাই এর লক্ষ্য।
বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়নেও বিনিয়োগ বাড়ানোর ঘোষণা এসেছে। ইউটিলিটিজ ফর নেট জিরো অ্যালায়েন্স (ইউএনইজেডএ) বিদ্যুৎ গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ সংরক্ষণ খাতে বার্ষিক বিনিয়োগের প্রতিশ্রুতি ১৪৮ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১৫৬ বিলিয়ন ডলার করেছে।
এ বিষয়ে এসএসই পিএলসির প্রধান নির্বাহী ও ইউএনইজেডএর সহসভাপতি মার্টিন পিবওয়ার্থ বলেন, পরিচ্ছন্ন বিদ্যুতায়ন শুধু কার্বন নিঃসরণ কমানোর পথ নয়; এটি বিদ্যুতের বিল কমানো, জ্বালানি নিরাপত্তা ও সহনশীলতা বাড়ানোরও উপায়। কপ৩১-এর ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতের ব্যবহার ৩৫ শতাংশে উন্নীত করার অঙ্গীকার নীতিনির্ধারক ও বিদ্যুৎ খাতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বৈশ্বিক ও আঞ্চলিক বিদ্যুতায়নের অগ্রগতি পর্যবেক্ষণে ‘গ্লোবাল ইলেকট্রিফিকেশন ট্র্যাকিং মেকানিজম’ চালু করবে। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, বিদ্যুৎচালিত প্রযুক্তি অনেক ক্ষেত্রে ব্যয়-প্রতিযোগিতায় সক্ষম এবং জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর নিরাপত্তা বাড়াতে পারে। ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতের ব্যবহার ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রার পেছনে আইইএর তথ্যভিত্তিক বিশ্লেষণ রয়েছে।
এ উদ্যোগের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথভাবে প্রথম ‘ইলেকট্রিফিকেশন ফোরাম’ আয়োজন করছে কপ৩১-এর সভাপতিত্ব। সম্মেলন শেষ হওয়ার পরও সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও অর্থায়নকারীদের অংশগ্রহণে নিয়মিত এ ফোরামের কার্যক্রম চলবে। কপ৩১-এর সভাপতিত্বে গঠিত ইলেকট্রিফিকেশন বোর্ড এটি পরিচালনা করবে এবং আইইএ সচিবালয়ের দায়িত্ব পালন করবে।
অন্যদিকে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (আইরিনা) উন্নয়নশীল দেশগুলোর বিদ্যুৎ বিতরণব্যবস্থা শক্তিশালী করতে ‘এনাবলিং ডিস্ট্রিবিউশন গ্রিডস ফর ইলেকট্রিফিকেশন’ বা ডি-গ্রিডস কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে। এর আওতায় দেশগুলোকে বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগের প্রয়োজন নিরূপণ, প্রকল্প প্রস্তুত এবং অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে সহায়তা দেওয়া হবে।
আইরিনার মহাপরিচালক ফ্রান্সেসকো লা ক্যামেরা বলেন, বিদ্যুতায়নের অবকাঠামো শক্তিশালী করা, নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং বিশ্বজুড়ে বিদ্যুতায়ন ত্বরান্বিত করাই এ কর্মসূচির লক্ষ্য।
বিদ্যুতায়নের এ উদ্যোগে বেসরকারি খাতেরও বড় সমর্থন রয়েছে। উই মিন বিজনেস কোয়ালিশনের উদ্যোগে ভলভো, উবার, আইকিয়া ও সিমেন্সসহ ১৮০টির বেশি কোম্পানি এতে সমর্থন জানিয়েছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত বার্ষিক আয় ১ দশমিক ৬৯ ট্রিলিয়ন ডলারের বেশি।
কোয়ালিশনের প্রধান নির্বাহী মারিয়া মেন্ডিলুসে বলেন, বিদ্যুতায়ন বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিবর্তনে পরিণত হচ্ছে। যেসব দেশ বিদ্যুতায়নকে সাশ্রয়ী ও বাণিজ্যিকভাবে কার্যকর করতে দ্রুত পদক্ষেপ নেবে, তারা ভবিষ্যতের শিল্প বিনিয়োগ আকর্ষণ করতে পারবে। অন্যদিকে পিছিয়ে পড়া দেশগুলো দীর্ঘ মেয়াদে বিনিয়োগের সুযোগ হারানোর ঝুঁকিতে থাকবে।
এ ছাড়া আন্তর্জাতিক পরিবহন ফোরামের সঙ্গে যৌথভাবে ‘গ্লোবাল গ্রিন ফ্রেইট করিডরস ইনিশিয়েটিভ’ চালু করছে কপ৩১-এর সভাপতিত্ব। এর লক্ষ্য পণ্য পরিবহনের জন্য পরিবেশবান্ধব ও অধিক সহনশীল করিডর গড়ে তোলা।
উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জন্য বিদ্যুতায়নের সুযোগ ও চ্যালেঞ্জ তুলে ধরে ‘দ্য ইলেকট্রিফিকেশন অপরচুনিটি’ শীর্ষক একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। তুরস্ক ও অস্ট্রেলিয়া যৌথভাবে সাসটেইনেবল এনার্জি ফর অলের (এসইফরঅল) সঙ্গে কাজ করে প্রতিবেদনটি তৈরি করেছে।
সংস্থাটির প্রধান নির্বাহী ও জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ডামিলোলা ওগুনবিই বলেন, বিদ্যুতায়ন শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং জ্বালানি স্বনির্ভরতা বাড়ানোর সুযোগ তৈরি করে। প্রতিবেদনটিতে উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জন্য বিদ্যুতায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরা হয়েছে।
এদিকে বিদ্যুতায়নের অর্থনৈতিক সুযোগ ও অর্থায়ন নিয়ে দুটি নীতিপত্র তৈরিতে সহযোগিতা করছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)। সংস্থাটির মহাসচিব ম্যাথিয়াস কোরম্যান বলেন, বিশ্বজুড়ে বিদ্যুতের চাহিদা বাড়ছে। এ চাহিদা পূরণে বিদ্যুৎ উৎপাদন, গ্রিড ও সংরক্ষণব্যবস্থায় উল্লেখযোগ্য বিনিয়োগ প্রয়োজন। এ জন্য সুস্পষ্ট ও পূর্বানুমানযোগ্য নীতি, কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা এবং বিনিয়োগযোগ্য প্রকল্পের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।
কপ৩১-এর দুই সপ্তাহের সম্মেলনে বিদ্যুতায়নের পাশাপাশি জলবায়ু কার্যক্রমের অগ্রগতি ও ঘাটতি নিয়েও আলোচনা হবে। ১২ নভেম্বর সহনশীল শহর, ১৩ নভেম্বর অর্থায়ন এবং ১৬ নভেম্বর শিল্পবিষয়ক বিশেষ কর্মসূচি রয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম সম্মেলন কপ৩১ গত ৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন।


