Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কারাগারের চার দেয়ালে আটকে ৩৫০ ফিলিস্তিনি শিশুর শৈশব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম

কারাগারের চার দেয়ালে আটকে ৩৫০ ফিলিস্তিনি শিশুর শৈশব

ইসরাইলের বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় ৩৫০ ফিলিস্তিনি শিশু বন্দি রয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় ৩৫০ ফিলিস্তিনি শিশু বন্দি রয়েছে। তাদের ওপর নির্যাতন, অনাহার এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছে ফিলিস্তিনের দুটি মানবাধিকার সংগঠন। বন্দি শিশুদের শিক্ষা ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগও দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে তারা।

শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে দেওয়া এক যৌথ বিবৃতিতে এসব অভিযোগ তুলে ধরে ফিলিস্তিনের কমিশন অব ডিটেইনিস অ্যান্ড এক্স-ডিটেইনিস অ্যাফেয়ার্স এবং ফিলিস্তিনিয়ান প্রিজনার্স সোসাইটি। তাদের তথ্যমতে, ইসরাইলের  কারাগারে থাকা প্রায় ৩৫০ শিশুর মধ্যে তিনজন মেয়ে।

সংগঠন দুটি জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দুই হাজারের বেশি শিশুকে গ্রেফতারের ঘটনা নথিভুক্ত হয়েছে।

যুদ্ধের সময় গাজা থেকেও বহু শিশুকে আটক করা হয়েছে। তবে তাদের জোরপূর্বক নিখোঁজ রাখা এবং পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ না দেওয়ায় ঠিক কতজন শিশুকে আটক করা হয়েছে, তারা কোথায় রয়েছে এবং কী অবস্থায় আছে, তা জানা সম্ভব হচ্ছে না।

বিবৃতিতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে বাড়িতে অভিযান চালিয়ে, সামরিক চেকপোস্টে, রাস্তায় এবং স্কুলের ভেতরে বা আশপাশ থেকে শিশুদের আটক করছে ইসরাইলি বাহিনী। 


সংগঠন দুটির অভিযোগ, আটক শিশুদের অনেককেই কোনো অভিযোগ ছাড়াই প্রশাসনিক আটকাদেশের আওতায় রাখা হয়েছে। বারবার এই আটকাদেশের মেয়াদ বাড়ানোর ফলে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে না। এতে অনির্দিষ্টকালের জন্য কারাবন্দি থাকার ঝুঁকিতে পড়ছে শিশুরা।

বিবৃতিতে আরও বলা হয়, আটকের পর অনেক শিশুর হাত-পা বেঁধে মারধর করা হয়। এরপর আইনজীবী কিংবা পরিবারের কাউকে উপস্থিত থাকতে না দিয়েই ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের ঘুম ও বিশ্রাম থেকেও বঞ্চিত করা হয়।

সংগঠন দুটির ভাষ্য অনুযায়ী, কারাগারে শিশুদের এমন কক্ষে রাখা হচ্ছে, যেখানে অতিরিক্ত বন্দির কারণে গাদাগাদি অবস্থা তৈরি হয়েছে এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থাও নেই। পাশাপাশি চিকিৎসাসেবা, শিক্ষা ও পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে।

অপর্যাপ্ত স্বাস্থ্যসামগ্রী ও অতিরিক্ত বন্দির কারণে কারাগারে শিশুদের মধ্যে খোসপাঁচড়াসহ বিভিন্ন চর্মরোগ ছড়িয়ে পড়েছে। অসুস্থ হওয়ার পরও সময়মতো চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ করেছে সংগঠনগুলো।


এ ছাড়া শিশুদের খাবার থেকেও বঞ্চিত করা হচ্ছে। দীর্ঘদিনের অনাহারে তাদের শারীরিক অবস্থা ও স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটছে বলে জানিয়েছে তারা।

বিবৃতিতে ২০২৫ সালের মার্চে ইসরাইলের মেগিদ্দো কারাগারে মারা যাওয়া ফিলিস্তিনি শিশু ওয়ালিদ খালেদ আহমদের ঘটনাও তুলে ধরা হয়। রামাল্লার পূর্বে অবস্থিত সিলওয়াদ এলাকার বাসিন্দা ছিল সে।

সংগঠন দুটির দাবি, ময়নাতদন্তে তার শরীরে মারাত্মক অপুষ্টির চিহ্ন পাওয়া যায়। শরীরে পেশি ও চর্বির পরিমাণ প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল। তার মৃত্যুর অন্যতম কারণ হিসেবে অনাহার ও পানিশূন্যতাকে চিহ্নিত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় কাউকে দায়ী না করেই তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এক বছরের বেশি সময় আটকে রাখার পর শিশুটির মরদেহ হিমায়িত অবস্থায় পরিবারের কাছে ফেরত দেয় ইসরাইলি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনি সংগঠন দুটি ইসরাইলের বিরুদ্ধে দায়মুক্তির সংস্কৃতি এবং ফিলিস্তিনি শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার অভিযোগ তুলেছে।


তারা শিশুদের প্রশাসনিক আটক বন্ধ, বন্দি অপ্রাপ্তবয়স্কদের মুক্তি এবং নির্যাতন, অনাহার ও জোরপূর্বক নিখোঁজ করার ঘটনায় জড়িতদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সংগঠনগুলোর মতে, ফিলিস্তিনি শিশুদের সুরক্ষা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। এসব লঙ্ঘনের বিচার না হলে শিশু অধিকার রক্ষার আন্তর্জাতিক ব্যবস্থাই হুমকির মুখে পড়বে।

ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরাইলের কারাগারে প্রায় ৯ হাজার ৩৫০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৩৫০ জন শিশু এবং ৯০ জন নারী।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বন্দিদের ওপর নির্যাতন, অনাহার ও চিকিৎসায় অবহেলার ঘটনা ঘটছে। ইসরাইলের  হেফাজতে থাকা অবস্থায় কয়েক ডজন ফিলিস্তিনির মৃত্যুও হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কারাগারে ধারণক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি বন্দি, নিরাপত্তা জোরদার

কারাগারে ধারণক্ষমতার চেয়ে আড়াই গুণ বেশি বন্দি, নিরাপত্তা জোরদার

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

কারাগারে পাঠানোর আদেশ শুনে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

কারাগারে পাঠানোর আদেশ শুনে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

বিদ্যুৎ বিল নিয়ে গালাগাল করা সেই সিফাত কারামুক্ত

বিদ্যুৎ বিল নিয়ে গালাগাল করা সেই সিফাত কারামুক্ত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে

২৪ ঘণ্টায় সিলেটে হামে প্রাণ গেল আরও দুই শিশুর

২৪ ঘণ্টায় সিলেটে হামে প্রাণ গেল আরও দুই শিশুর

আরও পড়ুন

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

কারাগারের চার দেয়ালে আটকে ৩৫০ ফিলিস্তিনি শিশুর শৈশব

কারাগারের চার দেয়ালে আটকে ৩৫০ ফিলিস্তিনি শিশুর শৈশব

ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

হরমুজে যুক্তরাষ্ট্রের ৫৮টি ড্রোন ধ্বংস করল ইরান

হরমুজে যুক্তরাষ্ট্রের ৫৮টি ড্রোন ধ্বংস করল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম