মেক্সিকান মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের (এফবিআই) ১০ শীর্ষ মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় থাকা মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ফাউস্তো ইসিদ্রো ‘চাপো ইসিদ্রো’ মেসা ফ্লোরেস গ্রেফতার হয়েছেন। শুক্রবার মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের গুয়াসাভে এলাকায় বিশেষ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের পর তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে আরও সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে সাত সন্দেহভাজন এবং নিরাপত্তা জোরদার করতে যাওয়া দেশটির সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। অভিযানে গ্রেফতার আটজনের মধ্যে মেসা ফ্লোরেসের ঘনিষ্ঠ সহযোগী, তার চাচাতো ভাই এবং ভগ্নিপতিও রয়েছেন। ভগ্নিপতি মাদকচক্রটির অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
মেক্সিকোতে সংঘবদ্ধ অপরাধের অভিযোগে খোঁজা হচ্ছিল মেসা ফ্লোরেসকে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ ফেন্টানিল, কোকেন, হেরোইনসহ প্রাণঘাতী মাদক সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে নিজেদের দেশে ফেরত নিতে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেসা ফ্লোরেসের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বিশেষ বাহিনী আকস্মিক অভিযান চালিয়ে তার অবস্থান ঘিরে ফেলে, যাতে তিনি পালাতে না পারেন এবং বাইরে থেকে কেউ সহযোগিতায় এগিয়ে আসতে না পারে। তবে বাড়িতে প্রবেশের আগে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলিবর্ষণ ও বিস্ফোরক হামলার মুখে পড়েন।
অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গুয়াসাভে এলাকায় হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। একটি বেসবল স্টেডিয়ামে গুলির শব্দ শুনে দর্শনার্থীদের আতঙ্কে পালানোর দৃশ্যও ছড়িয়ে পড়েছে।
মেসা ফ্লোরেস, তার চাচাতো ভাই ও ভগ্নিপতিকে বিচারের মুখোমুখি করতে উড়োজাহাজে করে মেক্সিকো সিটিতে নেওয়া হয়েছে। অন্য পাঁচজনকে সিনালোয়া অঙ্গরাজ্যেই রাখা হয়েছে। অভিযানে গ্রেনেড লঞ্চারসহ বেশ কিছু অস্ত্র, মাদক ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
মেসা ফ্লোরেসকে ২০২৫ সালে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সে সময় তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও নির্যাতনের মতো গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছিল। এফবিআইয়ের তৎকালীন ভারপ্রাপ্ত পরিচালক ব্রায়ান ড্রিসকল বলেছিলেন, মেসা ফ্লোরেস ও তার সংগঠন মেক্সিকোর দক্ষিণ সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অবৈধ মাদক প্রবেশ করিয়েছে।
৪৪ বছর বয়সী মেসা ফ্লোরেসের বিরুদ্ধে ২০০৫ থেকে ২০১৯ সালের মধ্যে বিপুল পরিমাণ কোকেন, হেরোইন, মেথামফেটামিন ও গাঁজা উৎপাদন এবং সরবরাহের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে ২০১২ সালে প্রথম তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়। পরে ২০১৯ সালেও নতুন করে অভিযোগ গঠন করা হয়।
মেসা ফ্লোরেস একসময় বেলত্রান লেইভা মাদকচক্রের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তবে ওই সংগঠনের বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধের জেরে সহিংসতা বাড়লে ২০১৩ সালের দিকে তিনি নিজের মাদকচক্র গড়ে তোলেন। তার নেতৃত্বাধীন মেসা ফ্লোরেস অর্গানাইজেশন ‘গুয়াসাভে কার্টেল’ নামেও পরিচিত।
একই অঞ্চলে সক্রিয় শক্তিশালী সিনালোয়া কার্টেলের সঙ্গে মেসা ফ্লোরেসের সংগঠনের দীর্ঘদিন ধরে সহিংস আধিপত্যের লড়াই চলছে। ২০২৪ সালে মেক্সিকোর কর্তৃপক্ষ প্রায় দুই কোটি ফেন্টানিল বড়ি জব্দ করার পর ওই চালানের সঙ্গে মেসা ফ্লোরেসের কার্টেলের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরই তাকে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে মেসা ফ্লোরেস গ্রেফতারের পর সিনালোয়া অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্রের হারমোসিলোতে অবস্থিত কনস্যুলেট জেনারেল জানিয়েছে, আহোমে, গুয়ামুচিল, গুয়াসাভে ও নাভোলাতো এলাকায় নিরাপত্তা অভিযান, সশস্ত্র সংঘর্ষ, সড়ক অবরোধ এবং যানবাহনে অগ্নিসংযোগের খবর তারা পর্যবেক্ষণ করছে। ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে মেক্সিকোর ওপর চাপ বাড়িয়েছেন। এর পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম মাদকচক্রগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তবে মেক্সিকো যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে রাজি হলেও দেশটির ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েনের বিরোধিতা করে আসছে।
সূত্র: বিবিসি, রয়টার্স

