ট্রিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষণা
জার্মানিতে ক্যাথলিক গির্জায় যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু-কিশোর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জার্মানির ক্যাথলিক গির্জায় কয়েক দশক ধরে শিশু-কিশোরদের ওপর যৌন নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে নতুন এক গবেষণায়। ১৯৪৬ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশটির ট্রিয়ার ক্যাথলিক ডায়োসিসে (ধর্মীয় প্রশাসনিক এলাকা) প্রায় ৮০০ শিশু ও কিশোর যৌন নির্যাতনের শিকার হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ট্রিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ ঘটনায় ২৫০ জনের বেশি ধর্মযাজক ও সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছেন।
গবেষকদের মতে, এটি কেবল প্রকাশ্যে আসা ও নথিভুক্ত ঘটনার হিসাব। ভয়, লজ্জা ও সামাজিক চাপের কারণে যারা নির্যাতনের কথা প্রকাশ করেননি, তাদের সংখ্যা এখনো অজানা।
গবেষণায় দেখা গেছে, অধিকাংশ নির্যাতনের ঘটনা ঘটেছে যাজকদের আবাসিক ভবন, গির্জা, প্রার্থনাকক্ষ, গির্জা পরিচালিত ছাত্রাবাস ও আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে। কয়েকজন ধর্মযাজক শিশুদের কাছে যাওয়ার জন্য স্বীকারোক্তি গ্রহণের ধর্মীয় রীতিকেও ব্যবহার করেছেন। অন্তত ২০টি ঘটনায় ভুক্তভোগীদের নিজ বাড়িতে যৌন নির্যাতন চালানো হয়।
গবেষণায় বলা হয়েছে, ক্যাথলিক সম্প্রদায়ের মানুষের মধ্যে ধর্মযাজকদের প্রতি অগাধ আস্থা এবং পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে শিশুরা নির্যাতনের কথা মুখ খুলে বলতে পারেনি। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের নিজেদের পরিবারও চুপ থাকার জন্য চাপ দিয়েছে। ফলে বছরের পর বছর আড়ালে থেকে গেছে এসব অপরাধ।
এতে আরও উঠে এসেছে, গির্জার কয়েকজন শীর্ষ কর্মকর্তা নির্যাতনের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং অভিযুক্ত অপরাধীদের সুরক্ষা দিয়েছেন।
ভুক্তভোগীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন মিসবিট বলেছে, চূড়ান্ত প্রতিবেদনে নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে গির্জার কর্মকর্তাদের ভূমিকা এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি স্পষ্ট হয়েছে।
সংগঠনটি আরও জানিয়েছে, ২০২১ সালের পরও নির্যাতনের ঘটনা বন্ধ হয়নি। তাই ভুক্তভোগীদের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রকৃত জবাবদিহি প্রতিষ্ঠার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।


