তেল উৎপাদন অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি ব্যাহত হওয়া এবং সদস্য দেশগুলোর উৎপাদন সক্ষমতা নিয়ে মতবিরোধের মধ্যে ২০২৭ সালের প্রথম তিন মাসে তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ওপেক প্লাস। রোববারের (২৯ নভেম্বর) বৈঠকে এ সিদ্ধান্ত আসতে পারে বলে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
পেট্রলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক এবং রাশিয়াসহ তাদের মিত্র দেশগুলো নিয়ে গঠিত ওপেক প্লাসের জন্য সামনে আরও একটি কঠিন বছর অপেক্ষা করছে। উৎপাদন সক্ষমতা নিয়ে সদস্যদের মতবিরোধের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী উৎপাদক যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাজারে নিজেদের অংশীদারত্ব বাড়িয়ে চলেছে। এতে জোটের অভ্যন্তরীণ বিভক্তিও আরও স্পষ্ট হচ্ছে।
২০২৭ সালের জন্য নতুন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণের পরিকল্পনা ছিল ওপেক প্লাসের। এ লক্ষ্যমাত্রা ঠিক করতে সদস্য দেশগুলোর উৎপাদন সক্ষমতা যাচাইয়ের জন্য প্রথমবারের মতো একটি পর্যালোচনা কার্যক্রমও শুরু করেছিল জোটটি। তবে ইরাক ও কাজাখস্তান তাদের উৎপাদন সক্ষমতার মূল্যায়নকে কম বলে চ্যালেঞ্জ করায় প্রক্রিয়াটি জটিল হয়ে পড়ে। আলোচনার বিষয়ে অবগত ওপেক প্লাসের কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে।
এরপর ২০২৭ সালের প্রথম প্রান্তিকে উৎপাদন লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখার দিকেই ঝুঁকেছে জোটটি। শুক্রবার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ বিষয়ে নীতিগতভাবে সমঝোতায় পৌঁছেছে সদস্য দেশগুলো।
চলতি বছরের শুরুতে প্রতি মাসে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া সাতটি ওপেক প্লাস সদস্য দেশ রোববার বৈঠক করে। বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে ২০২৭ সালে এসব দেশের জন্য নতুন কোনো তেল উৎপাদন লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করা হয়নি।
একই দিনে জোটের পূর্ণাঙ্গ বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে ওপেক প্লাসের সব উৎপাদন কোটা ২০২৬ সালের শেষ দিনে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা।
জ্বালানি বিশ্লেষক প্রতিষ্ঠান র্যাপিডান এনার্জি গ্রুপও উৎপাদন লক্ষ্যমাত্রায় কোনো পরিবর্তন না আসার প্রত্যাশা করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ কত দিন স্থায়ী হবে এবং অপরিশোধিত তেলের উৎপাদন ও রপ্তানিতে এর প্রভাব কী হবে, তা নিয়ে অনিশ্চয়তার কারণেই এমন ধারণা প্রতিষ্ঠানটির।
যুদ্ধ ও চলতি বছরের সরবরাহ বিঘ্নের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় অঞ্চল থেকে রপ্তানি বাড়া এবং ২০২৭ সালে বাজারে অপরিশোধিত তেলের উদ্বৃত্ত থাকার নতুন প্রত্যাশায় দাম কিছুটা কমেছে।
জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্ট্যাড এনার্জির পূর্বাভাস, আগামী বছর বিশ্ববাজারে দৈনিক ৫০ লাখ ব্যারেল তেলের উদ্বৃত্ত তৈরি হতে পারে। বিশ্বজুড়ে দৈনিক তেলের চাহিদার প্রায় ৫ শতাংশের সমান এই পরিমাণ। উপসাগরীয় অঞ্চল থেকে তেলের সরবরাহ আংশিকভাবে স্বাভাবিক হলেও এ উদ্বৃত্ত দেখা দিতে পারে বলে প্রতিষ্ঠানটি মনে করছে।
সংযুক্ত আরব আমিরাত ওপেক ও ওপেক প্লাস ছেড়ে যাওয়ার কয়েক মাস পর রোববারের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। উৎপাদন কোটা খুব কম নির্ধারণের অভিযোগে দীর্ঘদিন ধরে বিরোধের পর বেশি তেল উৎপাদনের সুযোগ নিতে জোট ছাড়ে দেশটি। এর আগে ২০২৪ সালের শুরুতে ওপেক ছেড়েছিল অ্যাঙ্গোলা। এদিকে উৎপাদন কোটা না বাড়ানো হলে জোট ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে ইরাকও।
