Logo
Logo
×
   

ইসলাম ও জীবন

মসজিদে নববীর নতুন ইমাম শায়খ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম

মসজিদে নববীর নতুন ইমাম শায়খ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি

শায়খ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। ছবি: সংগৃহীত

সৌদি আরবের মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববীর নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত আলেম শায়খ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজকীয় আদেশে মদিনায় অবস্থিত মসজিদে নববীর ইমাম হিসেবে শায়খ সালেহ বিন আওয়াদ আল-মাগামসিকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের পরপরই তিনি মসজিদে নববীতে প্রথমবারের মতো এশার নামাজে ইমামতি করেন।

১৯৬৩ সালে মদিনার একটি সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন শায়খ সালেহ আল-মাগামসি। শৈশব থেকেই জ্ঞানচর্চার পরিবেশে বেড়ে ওঠায় অল্প বয়সেই তিনি ইসলামী শিক্ষার প্রতি গভীরভাবে মনোনিবেশ করেন।

পরবর্তীতে তিনি কোরআনের তাফসির শাস্ত্রে বিশেষ দক্ষতা অর্জন করেন। দীর্ঘদিন তিনি মদিনার ঐতিহাসিক কুবা মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।


কুরআনের তাফসিরে শান্ত, সুস্পষ্ট ও প্রাঞ্জল উপস্থাপনার জন্য তিনি বিশেষভাবে সুপরিচিত। ধর্মীয় আলোচনায় সমকালীন বাস্তবতা ও জীবনঘনিষ্ঠ বিষয় যুক্ত করে তুলে ধরার দক্ষতার কারণে মুসলিম বিশ্বে তিনি ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, টেলিভিশন কর্মসূচি, আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশ নিয়ে কোরআনের ভাবনা, সিরাত ও ইসলামী মূল্যবোধ নিয়ে আলোচনা করেছেন।

মসজিদে নববীর ইমাম হিসেবে তার নিয়োগকে ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদে দায়িত্ব পাওয়া তার দীর্ঘদিনের ইলমি সাধনার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র : সৌদি গেজেট ও আন্তর্জাতিক গণমাধ্যম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম