Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

বড় বোনের আগে ছোট বোনের বিয়ে, ইসলামের বিধান কী?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম

বড় বোনের আগে ছোট বোনের বিয়ে, ইসলামের বিধান কী?

ফাইল ছবি

Advertisement

এক প্রশ্নকারী জানতে চান, আমি বর্তমানে বাসা থেকে দূরে ভার্সিটিতে পড়াশোনা করছি। বিশ্ববিদ্যালয়ের পরিবেশে অনেক ফিতনা দেখতে পাই। আমার পরিবার আলেম পরিবার নয়। অর্থাৎ আমার বাবা-মা নামাজ-কালাম পড়লেও আমাদের দ্বীন চর্চার ব্যাপারে উদাসীন। আমি আলহামদুলিল্লাহ নিজ থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমি আমাদের ধর্মের পরিপূর্ণ বিধিনিষেধ মেনে চলতে চাই। কিন্তু আমি জেনারেলে পড়াশোনা করায় আর এখন ভার্সিটিতে পড়ায় আমার পরিবার আমার বিষয়টা বুঝতে চাচ্ছে না। 

আমি এখন ফিতনা থেকে বাঁচতে বিয়ে করতে চাই, এবং স্বামীর অনুমতি নিয়ে তার সঙ্গে থেকে পড়াশোনা চালানোর পাশাপাশি ধর্মীয় সব বিধিনিষেধ মেনে চলতে চাই। আমার অবিবাহিত বড় বোন আছে। বাসায় আমি বড় বোনের আগে আমাকে বিয়ে দেওয়ার ব্যাপারে জানালে মা-বাবা নিষেধ করেন। প্রয়োজন হলে উনারা আমার সঙ্গে এসে থাকবেন, তবুও এখনই বিয়ে দেবেন না। আর আমি আমার পরিবারে থেকে পরিপূর্ণ দ্বীন চর্চা করতে পারব না। এমতাবস্থায় আমার করণীয় কী?

উত্তরে ঢাকা আজিমপুরের ইদারাতুত তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়ার মুফতি আবু সাঈদ বলেন, আপনার দ্বীন চর্চার আগ্রহ, নিজের ঈমান ও চরিত্র রক্ষার ফিকির এবং পারিবারিক প্রতিকূলতার মধ্যেও দ্বীনের ওপর থাকার চেষ্টা প্রশংসনীয়। তবে এ বিষয়ে আবেগ দিয়ে নয়; বরং নিজের দ্বীন রক্ষা, মা-বাবার হক এবং ভবিষ্যৎ দাম্পত্যজীবনের সার্বিক বিষয় বিবেচনা করে প্রজ্ঞার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া উচিত।

আপনার পরিস্থিতিতে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন—

১. শরয়ি বিধান

বড় বোনের আগে ছোট বোনের বিয়ে: শরিয়তে এমন কোনো বিধান নেই যে, বড় বোন অবিবাহিত থাকলে ছোট বোনের বিয়ে দেওয়া যাবে না। এটি মূলত সামাজিক একটি প্রচলন। তাই শুধু এ কারণে ছোট বোনের বিয়ে দেওয়া শরিয়তবিরোধী নয়।

ফিতনা থেকে বেঁচে থাকার জন্য বিয়ে: বিশ্ববিদ্যালয়ের পরিবেশে যদি বাস্তবেই অনৈতিকতা ও ফিতনার আশঙ্কা থাকে এবং বিয়ের মাধ্যমে নিজেকে হারাম থেকে রক্ষা করার প্রয়োজন হয়, তাহলে বিয়ের চিন্তা করা শরিয়তসম্মত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ

অর্থ: ‘হে যুবসমাজ! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে। কারণ এটি দৃষ্টিকে সংযত রাখতে এবং লজ্জাস্থান হেফাজত করতে অধিক সহায়ক।’

—সহীহ বুখারী, হাদীস নং: ৫০৬৬

২. বর্তমান অবস্থায় করণীয়

তাড়াহুড়ো না করে উপযুক্ত পাত্র নির্বাচন: শুধু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ খারাপ বা মা-বাবা বিয়েতে রাজি নন—এ কারণে আবেগের বশে যেকোনো ব্যক্তিকে বিয়ে করা উচিত নয়। পাত্রের দ্বীনদারি, চরিত্র, দায়িত্বশীলতা, উপার্জন এবং বিয়ের পর আপনার পর্দা ও পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি ভালোভাবে যাচাই করা জরুরি।

এ ধরনের বিষয়ে একা সিদ্ধান্ত না নিয়ে মা-বাবা ও দায়িত্বশীল অভিভাবকদের পরামর্শ নেওয়া বেশি নিরাপদ। কোনো উপযুক্ত পাত্র পাওয়া গেলে তার বিষয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে পরিবারের সামনে বিষয়টি উপস্থাপন করা উচিত।

মা-বাবার সঙ্গে আলোচনার পদ্ধতি: বাবা-মা দ্বীনি বিষয়ে উদাসীন হলেও তাদের সঙ্গে সুসম্পর্ক ও আদব বজায় রাখা জরুরি। তাই সরাসরি বিরোধিতা না করে শান্তভাবে তাদের বোঝানো উচিত যে, আপনি বিয়ের মাধ্যমে পড়াশোনা ছেড়ে দিতে চান না; বরং একজন দ্বীনদার ও দায়িত্বশীল স্বামীর সঙ্গে থেকে পর্দা, নামাজ ও অন্যান্য দ্বীনি বিধান মেনে পড়াশোনা চালিয়ে যেতে চান।

আপনার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশে দ্বীন ও চরিত্র হেফাজত করা কঠিন হয়ে পড়ছে, এ বিষয়টিও তাদের কাছে শান্তভাবে তুলে ধরা যেতে পারে। প্রয়োজনে পরিবারের কোনো বিচক্ষণ মুরব্বি, আলেম বা আত্মীয়ের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করা যেতে পারে। পিতা-মাতাকে বোঝানোর ক্ষেত্রে নিচের হাদীসের উদ্ধৃতি দেওয়া যেতে পারে।

হাদীসে আছে—

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا خَطَبَ إِلَيْكُمْ مَنْ تَرْضَوْنَ دِينَهُ وَخُلُقَهُ فَزَوِّجُوهُ إِلاَّ تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ

অর্থ: রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ‘যদি তোমাদের কাছে এমন কেউ বিবাহের প্রস্তাব দেয়, যার দ্বীন ও চরিত্র তোমাদের পছন্দনীয় হয়, তবে তাকে বিবাহ দাও। যদি এরূপ না কর, তবে পৃথিবীতে ফিতনা ও বিরাট বিশৃঙ্খলার সৃষ্টি হবে।’

—সুনানে তিরমিযী, হাদীস নং: ১০৮৪

বড় বোনের সঙ্গে আলোচনা: বড় বোনের সঙ্গেও সুন্দর ও সহানুভূতিশীলভাবে আলোচনা করা যেতে পারে। তিনি বিষয়টি সহজভাবে গ্রহণ করলে এবং মা-বাবাকে বোঝাতে সহযোগিতা করলে পারিবারিক আপত্তি অনেকটা কমে যেতে পারে।

৩. বিয়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত দ্বীন ও চরিত্র রক্ষার চেষ্টা

যতদিন বিয়ের উপযুক্ত ব্যবস্থা না হয়, ততদিন বিশ্ববিদ্যালয়ের পরিবেশে নিজেকে যথাসম্ভব ফিতনা থেকে দূরে রাখা উচিত। প্রয়োজন ছাড়া ছেলে-মেয়ের অবাধ মেলামেশা, আড্ডা ও অনর্থক সময় কাটানো থেকে বিরত থাকা এবং দ্বীনদার বান্ধবীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা উপকারী।

শাহওয়াত ও প্রবৃত্তি নিয়ন্ত্রণের জন্য নফল রোজা রাখাও উপকারী। রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ، فَإِنَّهُ لَهُ وِجَاءٌ

অর্থ: ‘হে যুবসমাজ! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে। আর যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে না, সে যেন রোজা রাখে; কারণ রোজা তার যৌনপ্রবৃত্তি নিয়ন্ত্রণে সহায়ক।’

—সহীহ বুখারী, হাদীস নং: ৫০৬৬

এ সময়ে গোপন সম্পর্ক বা গোপনে বিয়ের মতো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বরং পরিবারের দায়িত্বশীল ব্যক্তিদের সম্পৃক্ত করে শরিয়তসম্মত ও নিরাপদ পদ্ধতিতে বিয়ের ব্যবস্থা করার চেষ্টা করা উচিত।

আপনার জন্য মূল বিষয় হলো, একদিকে দ্বীন ও চরিত্র রক্ষা করা, অন্যদিকে মা-বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট না করে প্রজ্ঞার সঙ্গে বিয়ের বিষয়টি এগিয়ে নেওয়া। বড় বোন অবিবাহিত থাকার কারণে আপনার বিয়ে শরিয়তে নিষিদ্ধ নয়। তাই কোনো উপযুক্ত দ্বীনদার পাত্র পাওয়া গেলে তার বিষয়ে যথাযথ যাচাই-বাছাই করে একজন বিশ্বস্ত আলেম বা মুরব্বির মাধ্যমে মা-বাবাকে বোঝানোর চেষ্টা করা যেতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বোনদের হকের সম্পত্তি বিক্রি, শরিয়তের বিধান কী?

বোনদের হকের সম্পত্তি বিক্রি, শরিয়তের বিধান কী?

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ব্রেকআপের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে কেন বন্ধুত্ব রাখেন?

ইমোতে প্রেমের পর বিয়ে, অতঃপর...

ইমোতে প্রেমের পর বিয়ে, অতঃপর...

বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড

বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড

অভিভাবকের অমতে পালিয়ে বিয়ে, ইসলামী শরিয়তে বৈধতার বিধান

অভিভাবকের অমতে পালিয়ে বিয়ে, ইসলামী শরিয়তে বৈধতার বিধান

মূল্যস্ফীতির অজুহাতে ঋণের অতিরিক্ত অর্থ নেওয়া কি জায়েজ?

মূল্যস্ফীতির অজুহাতে ঋণের অতিরিক্ত অর্থ নেওয়া কি জায়েজ?

আরও পড়ুন

আজকের নামাজের সময়সূচি: ০৩ অক্টোবর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ০৩ অক্টোবর ২০২৬

বড় বোনের আগে ছোট বোনের বিয়ে, ইসলামের বিধান কী?

বড় বোনের আগে ছোট বোনের বিয়ে, ইসলামের বিধান কী?

বোনদের হকের সম্পত্তি বিক্রি, শরিয়তের বিধান কী?

বোনদের হকের সম্পত্তি বিক্রি, শরিয়তের বিধান কী?

বাবা কন্যাকে কি সব সম্পত্তি দান করতে পারবেন?

বাবা কন্যাকে কি সব সম্পত্তি দান করতে পারবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম