যেসব আমলকারীর জন্য দোয়া করতে থাকেন ফেরেশতারা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যাদের দোয়া ফেরানোর সাধ্য কারও নেই। তেমনই এক পবিত্র, নিষ্পাপ ও রহমতের মাখলুক হলেন ফেরেশতা। প্রত্যেক মুমিনেরই হৃদয়ে এই গোপন আকাঙ্ক্ষা জাগে—ইশ, যদি এমন কোনো আমল করা যেত, যার বদৌলতে ফেরেশতাদের পবিত্র দোয়ার ছায়ায় নিজেকে জড়িয়ে নেওয়া যায়! এটি সত্যিই এমন এক অমূল্য প্রাপ্তি, যা সবার ভাগ্যে সহজে জোটে না।
আল্লাহ তাআলার সৃষ্টির এক অনন্য সুন্দর নিয়ম হলো, ফেরেশতারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। পবিত্র কুরআনে সেই অসাধারণ দৃশ্যের কথা তুলে ধরা হয়েছে এভাবে—
تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَّرْنَ مِنْ فَوْقِهِنَّ ۚ وَالْمَلَائِكَةُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُونَ لِمَنْ فِي الْأَرْضِ ۗ أَلَا إِنَّ اللَّهَ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
‘আকাশ ওপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় আর ফেরেশতারা তাদের পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করে এবং দুনিয়াবাসীদের জন্যে ক্ষমা প্রার্থনা করে। শুনে রাখো, আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়।’ (সুরা শুরা: আয়াত ৫)
তওবাকারী ও সৎপথের অনুসারীদের জন্য ফেরেশতাদের সেই আকুতি আরও স্পষ্ট হয়ে ওঠে অন্য এক আয়াতে—
رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ
‘(তারা বলে) হে আমাদের পালনকর্তা! আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যপ্ত। অতএব, যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন।’ (সুরা মুমিন: আয়াত ৭)
উম্মতের প্রতি অসীম দরদি নবীজি (স.) তাঁর প্রিয় উম্মতকে এমন ১১টি চমৎকার আমল শিখিয়ে দিয়েছেন, যেগুলোতে মেলে ফেরেশতাদের দোয়া। চলুন, সেই বরকতময় আমলগুলো একে একে জেনে নিই। যে ১১টি আমলে মেলে ফেরেশতাদের দোয়া—
১. জামাতে নামাজ পড়ে স্বস্থানে কিছুক্ষণ বসে থাকা
মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়ার সওয়াব যে কত বিশাল, তা আমরা অনেকেই জানি। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
صَلَاةُ الرَّجُلِ فِي الْجَمَاعَةِ تَضْعُفُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ وَفِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ ضِعْفًا... وَلَا يَزَالُ فِي صَلَاةٍ مَا كَانَ يَنْتَظِرُ الصَّلَاةَ، وَالْمَلَائِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي صَلَّى فِيهِ، تَقُولُ: اللَّهُمَّ ارْحَمْهُ، اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ تُبْ عَلَيْهِ، مَا لَمْ يُؤْذِ فِيهِ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ
‘(মসজিদে) জামাতের সঙ্গে নামাজ পড়ার সওয়াব বাজারে কিংবা বাড়িতে একা নামাজ পড়ার চেয়ে ২৫ বা ২৭ গুণ বেশি। কারণ, যখন কোনো ব্যক্তি উত্তমরূপে অজু করে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসে এবং একমাত্র নামাজের নিয়তেই মসজিদে আসে, তখন মসজিদে প্রবেশ করা পর্যন্ত প্রত্যেক কদমের বিনিময়ে তার একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয় এবং একটি করে পাপ মোচন করা হয়। মসজিদে প্রবেশ করার পর যতক্ষণ নামাজ তাকে (মসজিদে) আটকে রাখে, ততক্ষণ সে নামাজের মধ্যেই থাকে (অর্থাৎ ততক্ষণ সে নামাজের সওয়াব পেতে থাকে) এবং নামাজ পড়ে যতক্ষণ সে স্বস্থানে বসা থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। তারা বলতে থাকে, হে আল্লাহ, তার প্রতি দয়া করুন। হে আল্লাহ, তাকে ক্ষমা করুন। হে আল্লাহ, তার তওবা কবুল করুন। (তারা এসব দোয়া করতেই থাকে) যতক্ষণ পর্যন্ত সে কাউকে কষ্ট না দেয় এবং তার অজু নষ্ট না হয়।’ (বুখারি ২১১৯, মুসলিম ৬৪৯)
এখানে লক্ষণীয়, হাদিসে দুটি শর্তের কথা উল্লেখ রয়েছে—
- প্রথম শর্ত: এ সময় কাউকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে না।
- দ্বিতীয় শর্ত: এ সময় যেন অজু নষ্ট না হয়।
কাউকে কষ্ট দিয়ে ফেললে বা অজু ছুটে গেলে ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে না।
২. প্রথম কাতারে নামাজ পড়া
নামাজের কাতারে অগ্রগামী হওয়ার ফজিলত নিয়ে রাসুলুল্লাহ (স.) সাহাবিদের কী বলেছেন, তা জানা যায় এই হাদিসে—
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِّ الْأَوَّلِ... وَعَلَى الثَّانِي
‘একদিন রাসুলুল্লাহ (সা.) (তার সামনে উপস্থিত সাহাবাদের লক্ষ করে) বললেন, যারা প্রথম কাতারে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করেন, ফেরেশতারাও তাদের জন্য রহমতের দোয়া করেন। (তার এ কথা শুনে) সাহাবিরা বললেন, যারা দ্বিতীয় কাতারে নামাজ পড়ে তাদের জন্যও (দোয়া করুন)। রাসুলুল্লাহ (সা.) আবার বললেন, যারা প্রথম কাতারে নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করেন, ফেরেশতারাও তাদের জন্য রহমতের দোয়া করেন। তখন সাহাবিরা বললেন, যারা দ্বিতীয় কাতারে নামাজ পড়ে তাদের জন্যও (দোয়া করুন)। রাসুলুল্লাহ (স.) আবার বললেন, যারা প্রথম কাতারে নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করেন, ফেরেশতারাও তাদের জন্য রহমতের দোয়া করেন। তখন সাহাবিরা বললেন, যারা দ্বিতীয় কাতারে নামাজ পড়ে তাদের জন্যও (দোয়া করুন)। (তাদের কথা শুনে চতুর্থবার) রাসুলুল্লাহ (স.) বললেন, এবং যারা দ্বিতীয় কাতারে নামাজ পড়ে তাদের প্রতিও (রহমত বর্ষণ করেন)।’ (মুসনাদে আহমদ ২২২৬৩)
৩. কাতারের ডান দিকে দাঁড়ানো
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى مَيَامِنِ الصُّفُوفِ
‘যারা কাতারের ডান দিকে দাঁড়ায়, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন, ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন।’ (ইবনে হিব্বান ২১৬০, বায়হাকি ৩/১০৩)
উপরোক্ত হাদিস অনুযায়ী, ডান দিকে ফাঁকা থাকলে সেদিকেই আগে দাঁড়ানোর চেষ্টা করা উচিত। ফাঁকা না থাকলে তো ভিন্ন কথা।
৪. মানুষকে কল্যাণকর কথা শিক্ষা দেওয়া
কল্যাণ ও সত্যের আলো ছড়িয়ে দেওয়া কত বড় নেক আমল, তা হজরত আবু উমামাহ (রা.) বর্ণিত এই হাদিসে ফুটে উঠেছে—
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ وَأَهْلَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ
‘তোমাদের মধ্যকার সাধারণ কারো ওপর আমার মর্যাদা যেমন, একজন আবেদের ওপর একজন (সত্যিকারের) আলেমের মর্যাদা ঠিক তেমন। এরপর বলেন, আল্লাহ তাআলা ওসব লোকদের ওপর রহমত বর্ষণ করেন, যারা মানুষকে কল্যাণকর কথা শিক্ষা দেয়, ফেরেশতারা এবং আসমান-জমিনের সকল বাসিন্দা, এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে।’ (তিরমিজি ২৬৮৫)
৫. মুসলিম ভাইয়ের জন্য যিনি দোয়া করেন
সহিহ মুসলিমে হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَدْعُو لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلَّا قَالَ الْمَلَكُ: وَلَكَ بِمِثْلٍ
‘যখন কোনো মুসলিম তার ভাইয়ের জন্য তার পশ্চাতে দোয়া করে, তখন তার (মাথার কাছে নিযুক্ত) একজন ফেরেশতা তাকে লক্ষ্য করে বলে, তোমার জন্যও এমনই হোক।’ (মুসলিম ২৭৩২)
অন্য বর্ণনায় এসেছে—
دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ، عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ وَلَكَ بِمِثْلٍ
‘কোনো মুসলিম তার ভাইয়ের অবর্তমানে তার জন্য নেক দোয়া করলে তা কবুল হয়। তার মাথার কাছে একজন ফেরেশতা নিয়োজিত থাকে, যখনই সে তার ভাইয়ের জন্য দোয়া করে, তখনই ওই ফেরেশতা বলেন, ‘আমিন! তোমার জন্যও এমনই হোক’।’ (মুসলিম ২৭৩২)
দেখুন! কত সহজ একটি আমল। ধরুন, আপনি অসুস্থ, ওই অবস্থায় আপনার অসুস্থ ভাইদের জন্য দোয়া করুন। এতে মিলবে কী? এতে হাদিসের ভাষ্যমতে, আপনার সুস্থতার জন্য দোয়া করবেন নিষ্পাপ ফেরেশতারা। ধরুন, আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তো আপনার যেসব ভাই আপনার মতো নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করতে থাকুন, এর বিনিময়ে আপনার সঙ্গী ফেরেশতা আপনার নিরাপত্তার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ।
এছাড়াও অন্যের জন্য প্রাণ খুলে দোয়া করতে পারা একজন মুমিনের হৃদয়ের স্বচ্ছতার একটি দলিল। কারও হৃদয়ে কুটিলতা থাকলে, সে অন্যের জন্য দোয়া করতে পারে না।
৬. অজুসহ ঘুমানো
ঘুমানোর আগে পবিত্রতা অর্জন করার ভেতরেও লুকিয়ে আছে ফেরেশতার দোয়া। হজরত আবদুল্লাহ বিন ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
مَنْ بَاتَ طَاهِرًا بَاتَ فِي شِعَارِهِ مَلَكٌ، فَلَا يَسْتَيْقِظُ إِلَّا قَالَ الْمَلَكُ: اللَّهُمَّ اغْفِرْ لِعَبْدِكَ فُلَانٍ، فَإِنَّهُ بَاتَ طَاهِرًا
‘যে ব্যক্তি রাতে পবিত্র অবস্থায় (অজু সহকারে) ঘুমায়, একজন ফেরেশতা তার গায়ের সঙ্গে লেগে থাকা কাপড়ের ভেতরে অবস্থান করে। রাতে সে যখনই জাগ্রত হয়, ওই ফেরেশতা তার জন্য দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আপনার এ বান্দাকে ক্ষমা করে দিন। সে পবিত্র অবস্থায় রাত কাটাচ্ছে।’ (ইবনে হিব্বান ১০১৫)
৭. প্রতিদিন অল্পকিছু হলেও সদকা করা
সকাল শুরু হোক দানের বরকত নিয়ে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—
مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلَّا مَلَكَانِ يَنْزِلَانِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الْآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا
‘প্রতিদিন সকালে দুজন ফেরেশতা (আসমান থেকে) অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ! যে দান করে তাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন, হে আল্লাহ! যে দান করে না, তাকে ধ্বংস করে দিন।’ (বুখারি ১৪৪২, মুসলিম ১০১০)
৮. সেহরি খাওয়া
রোজার প্রস্তুতিতে সেহরির খাবারও ডেকে আনে আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়া। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ
‘যারা সেহরি খায়, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারাও তাদের জন্য রহমতের দোয়া করেন।’ (ইবনে হিব্বান ৩৪৬৭)
হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত অন্য হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—
السَّحُورُ أَكْلَةٌ بَرَكَةٌ فَلَا تَدَعُوهُ وَلَوْ أَنْ يَجْرَعَ أَحَدُكُمْ جُرْعَةً مِنْ مَاءٍ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ
‘সেহরি পুরোটাই বরকত। অতএব তোমরা সেহরি খাওয়া ছেড়ো না, এক ঢোক পানি হলেও পান করো। কারণ, যারা সেহরি খায়, আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারাও তাদের জন্য রহমতের দোয়া করেন।’ (মুসনাদে আহমদ ১১১০১)
৯. অসুস্থ মুসলিমকে দেখতে যাওয়া
অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মাঝে যে প্রশান্তি ও সওয়াব রয়েছে, তা বর্ণনাতীত—
مَا مِنْ مُسْلِمٍ يَعُودُ مُسْلِمًا غُدْوَةً إِلَّا صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُمْسِيَ، وَإِنْ عَادَهُ عَشِيَّةً إِلَّا صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُصْبِحَ، وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الْجَنَّةِ
‘কোনো মুসলিম যদি অন্য কোনো (অসুস্থ) মুসলিমকে সকাল বেলা দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর যদি সন্ধ্যায় যায়, তাহলে সকাল পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর জান্নাতে তার জন্য আহরিত ফল নির্ধারিত হবে।’ (তিরমিজি ৯৬৭)
১০. দরুদ শরিফ পড়া
নবীজির (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরুদ শরিফ পাঠের মাধ্যমেও মেলে ফেরেশতাদের রহমতের দোয়া। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلَّا صَلَّتْ عَلَيْهِ الْمَلَائِكَةُ مَا دَامَ يُسَلِّمُ عَلَيَّ، فَلْيُقِلَّ عَبْدٌ أَوْ لِيُكْثِرْ
‘যখনই কেউ আমার ওপর দরুদ শরিফ পড়ে, যতক্ষণ দরুদ শরিফ পড়ে ততক্ষণ ফেরেশতারাও তার জন্য রহমতের দোয়া করতে থাকে। অতএব কেউ কম পড়তে পারে আবার বেশিও পড়তে পারে।’ (মুসনাদে আহমদ ১৫৬৮৯)
১১. সুরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত
সকাল-সন্ধ্যায় সুরা হাশরের শেষ তিন আয়াত পাঠের ফজিলত নিয়ে বর্ণিত হাদিসটি এসেছে এভাবে—
مَنْ قَالَ حِينَ يُصْبِحُ ثَلَاثَ مَرَّاتٍ: أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، وَقَرَأَ ثَلَاثَ آيَاتٍ مِنْ آخِرِ سُورَةِ الْحَشْرِ، وَكَّلَ اللَّهُ بِهِ سَبْعِينَ أَلْفَ مَلَكٍ يُصَلُّونَ عَلَيْهِ حَتَّى يُمْسِيَ، وَإِنْ مَاتَ فِي ذَلِكَ الْيَوْمِ مَاتَ شَهِيدًا، وَمَنْ قَالَهَا حِينَ يُمْسِي كَانَ بِتِلْكَ الْمَنْزِلَةِ
‘যে ব্যক্তি সকালে তিনবার ‘আউজুবিল্লাহিস সামিয়িল আলিমি মিনাশশাইত্বনির রাঝিম’ পড়ার পর সুরা হাশরের শেষের তিনটি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য ৭০ হাজার ফেরেশতা নিয়োজিত করে দেবেন। তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে। সে ওই দিন মৃত্যুবরণ করলে শহিদ হিসেবে মৃত্যুবরণ করবে। এমনিভাবে যে ব্যক্তি সন্ধ্যায় এরূপ পাঠ করবে, সেও একই ফজিলতের অধিকারী হবে।’ (তিরমিজি ২৯২২, মুসনাদে আহমদ ২০৩০৬, আত তারগীব ১/৩০৪)
ফেরেশতাদের দোয়া পাওয়া কোনো দূর আকাশের স্বপ্ন নয়; একটু সচেতনতা, আন্তরিকতা আর নিয়মিত ছোট ছোট আমলের মাধ্যমেই তা অর্জন করা সম্ভব। জামাতে নামাজ পড়া, প্রথম কাতারে বা ডান দিকে দাঁড়ানো, অজুসহ ঘুমানো, অপরের জন্য দোয়া করা কিংবা দরুদ শরিফ ও তেলাওয়াতের মতো সহজ কাজগুলো আমাদের প্রতিদিনের জীবনকে করে তুলতে পারে বরকতময়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রত্যেককে উপরোক্ত আমলের ওপর অবিচল থাকার তৌফিক দিন। আমিন।
লেখক: ইসলামিক স্কলার, মুফাচ্ছিরে কুরআন ও পীর সাহেব, শাজুলিয়া দরবার শরিফ




