ইলম, দাওয়াত ও সংগ্রামের বাতিঘর সৈয়দ ফজলুল করিম
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
সৈয়দ ফজলুল করিম (রহ.)।
|
ফলো করুন |
|
|---|---|
সৈয়দ ফজলুল করিম (রহ.) শুধু একটি নাম নয়, তিনি একটি ইতিহাস, একটি আন্দোলন ও একটি আলোকিত প্রেরণার বাতিঘর। তার জীবন ছিল ইলম, আমল, দাওয়াত, তাযকিয়া ও সংগ্রামের এক অনন্য সমন্বয়। দ্বীন ও উম্মাহর কল্যাণে নিবেদিত তার কর্মময় জীবন আজও অসংখ্য মানুষকে হেদায়াতের পথ দেখায়।
বিংশ শতাব্দীর চতুর্থ দশকে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বরিশালের এক সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী আলেম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ এসহাক (রহ.) ছিলেন তৎকালীন দেশের শীর্ষস্থানীয় আলেম ও খ্যাতিমান পীর। পিতার কাছেই তার শিক্ষাজীবনের হাতেখড়ি। পরবর্তীকালে তিনিও হয়ে ওঠেন একজন আলোকিত আলেম, সমাজসংস্কারক ও প্রভাবশালী আধ্যাত্মিক রাহবার।
চরমোনাই প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ বছর লেখাপড়া করার পর তিনি চরমোনাই কামিল মাদরাসায় ভর্তি হন। ধারাবাহিকভাবে সেখান থেকে দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর ঢাকার ঐতিহ্যবাহী জামেয়া কুরআনিয়া লালবাগ থেকে মিশকাত ও দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।
শিক্ষাজীবনের সমাপ্তির পর শুরু হয় তার বর্ণাঢ্য কর্মজীবন। ইলম ও আমল, তালিম ও তাযকিয়া, দাওয়াত ও ইসলাহ, রাজনীতি ও সমাজসংস্কারের প্রতিটি অঙ্গনে তিনি রেখে গেছেন তার কর্মদক্ষতা ও প্রজ্ঞার স্বাক্ষর।
ইসলামী রাজনীতির অঙ্গনেও তার আবির্ভাব ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামের রাজনৈতিক দর্শনের মাধ্যমে শরিয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। আপসহীন নেতৃত্ব, সাহসী ভূমিকা ও নিরলস কর্মতৎপরতার মাধ্যমে তিনি পরিণত হন দেশের অন্যতম প্রভাবশালী ইসলামী নেতায়।
১৯৮৭ সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি ইসলামী রাজনীতির আনুষ্ঠানিক পথচলায় সক্রিয়ভাবে আত্মনিয়োগ করেন। আমৃত্যু তিনি সংগঠনটির আমিরের দায়িত্ব পালন করেন। তার দূরদর্শী নেতৃত্বে সংগঠনটি রাজধানীর রাজপথ থেকে শুরু করে দেশের প্রত্যন্ত জনপদ পর্যন্ত বিস্তৃত হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়।
নারী নেতৃত্বের প্রশ্নে তিনি শরিয়াহর মূলনীতিতে ছিলেন দৃঢ় ও অবিচল। তৎকালীন সময়ে নাস্তিকতাবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলনে তার নেতৃত্ব ও তার সংগঠনের ভূমিকা ছিল অগ্রগণ্য। নাস্তিকতাবাদী লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলনেও তার নেতৃত্ব ও তার সংগঠনের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে, ফতোয়াবিরোধী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন দেশের ইসলামী অঙ্গনে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছিল।
তথাকথিত ও ভ্রান্ত মারেফতি পীরদের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। দেওয়ানবাগীসহ বিভিন্ন ভণ্ড পীরের বিভ্রান্তি দূরীকরণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। পাশাপাশি কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে তিনি আমৃত্যু রাজপথে আন্দোলন করেছেন। কওমি মাদরাসার সনদের স্বীকৃতি অর্জনের আন্দোলনেও তার অবদান ছিল অসামান্য। ২০০৪ সালে ঢাকার মুক্তাঙ্গনে টানা তিন দিন অবস্থান করে কওমি সনদের দাবির আন্দোলনকে তিনি এক নতুন মাত্রা দিয়েছিলেন।
তার নেতৃত্বে পরিচালিত এসব আন্দোলন তাকে একজন সাহসী, মুখলিস ও আপসহীন ধর্মীয় নেতার মর্যাদায় অধিষ্ঠিত করে। রাষ্ট্রীয়ভাবে শরিয়াহ আইন বাস্তবায়নে তার প্রতিষ্ঠিত সংগঠন আজও দেশ ও জাতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।
তবে শুধু রাজপথের আন্দোলনেই তিনি তার সমাজসংস্কারের সংগ্রামকে সীমাবদ্ধ রাখেননি। ব্যক্তিপর্যায়ে উম্মাহর ইসলাহ ও আত্মশুদ্ধির জন্য তিনি সর্বদা দাওয়াতের ময়দানে সক্রিয় ছিলেন। ‘দিনে অশ্বারোহী, রাতে দরবেশ’—এমনই এক কর্মমুখর ও যুগশ্রেষ্ঠ আধ্যাত্মিক মনীষী ছিলেন তিনি।
দাওয়াত ও তাবলিগ ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। যেখানেই থাকতেন, মানুষের আত্মিক পরিশুদ্ধি ও সংশোধনের লক্ষ্যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেন। মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন এবং সুন্নাহর আলোয় জীবন গড়ার জন্য উদ্বুদ্ধ করতেন।
তালিম-তারবিয়াত, শিক্ষা-দীক্ষা এবং দরস ও তাদরিসেও তার ছিল গভীর মনোযোগ। দীর্ঘ ১৮ বছর তিনি হাদিসের মসনদে বসে মুহাদ্দিস হিসেবে অসংখ্য শিক্ষার্থীকে ইলমে দ্বীনের উচ্চতর শিক্ষা প্রদান করেন।
আল্লাহর এই মকবুল বান্দা নশ্বর পৃথিবীতে ৭১ বছর বেঁচে ছিলেন। তার ৭১ বছরের পুরো জীবনই ছিল কর্মময় ও উম্মাহর জন্য নিবেদিত। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি দ্বীন, উম্মাহ ও মানবতার কল্যাণে বিলিয়ে দিয়েছেন। ২০০৬ সালের ২৫ নভেম্বর তিনি নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে মহান রবের সান্নিধ্যে চলে যান।
আল্লাহ তাআলা এই মহান মনীষীকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন, তার দ্বীনি খেদমতগুলো কবুল করুন এবং আমাদের তার আদর্শ ও কর্মময় জীবন থেকে শিক্ষা নেওয়ার তাওফিক দান করুন। আমিন।
লেখক: ফাজেলে জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম

