আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিপদ-আপদ ও দুর্ঘটনা থেকে রক্ষা পেতে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন মুসলমানরা। আগুনে পুড়ে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, ওপর থেকে পড়ে যাওয়া কিংবা বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যুসহ বিভিন্ন বিপদ থেকে আশ্রয় চেয়ে রাসুলুল্লাহ (সা.) একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটিতে মৃত্যুর সময় শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়ার জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ، وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাদমি, ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি, ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারকি ওয়াল হারামি, ওয়া আউযু বিকা আইয়াতাখাব্বাতানিশ শাইতানু ইন্দাল মাওতি, ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান, ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগান।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে ভবন বা কোনো কিছু ধসে চাপা পড়ে মৃত্যু থেকে আশ্রয় চাই। ওপর থেকে পড়ে মৃত্যু থেকে আপনার আশ্রয় চাই। পানিতে ডুবে মৃত্যু, আগুনে পুড়ে মৃত্যু ও বার্ধক্যজনিত মৃত্যু থেকে আপনার আশ্রয় চাই। মৃত্যুর সময় শয়তান যেন আমাকে বিভ্রান্ত করতে না পারে, সে জন্য আপনার আশ্রয় চাই। আপনার পথে পেছন ফিরে পালানোর অবস্থায় মৃত্যু এবং বিষাক্ত প্রাণীর দংশনে মৃত্যু থেকেও আপনার আশ্রয় চাই।
হাদিসের সূত্র
দোয়াটি সুনানে আবু দাউদ ও সুনানে নাসায়িতে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন ধরনের বিপদ ও অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। মুসলমানরা এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিরাপত্তা ও কল্যাণ প্রার্থনা করতে পারেন।
দোয়ার পাশাপাশি সতর্কতাও জরুরি
ইসলামে দোয়ার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের গুরুত্ব রয়েছে। আগুনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা করা, গ্যাসের চুলা ব্যবহারে সতর্ক থাকা এবং দাহ্য পদার্থ নিরাপদ স্থানে রাখা জরুরি। কোথাও আগুন লাগলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে এবং প্রয়োজন হলে ফায়ার সার্ভিসের সহায়তা নিতে হবে।
আল্লাহর কাছে নিয়মিত দোয়া করার পাশাপাশি নিজের ও অন্যের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন থাকা প্রত্যেকের দায়িত্ব।
