ভ্রমণে নারীদের নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা কী?
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভ্রমণে গিয়ে অনেক সময় নারীদের জন্য আলাদা নামাজের জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে পর্যটনকেন্দ্র বা জনসমাগমপূর্ণ স্থানে পর্দার উপযুক্ত পরিবেশ না থাকলে অনেকে দ্বিধায় পড়েন— এ অবস্থায় বসে ইশারায় রুকু-সিজদা করে নামাজ আদায় করা যাবে কি না। এ বিষয়ে ইসলামী শরিয়তের বিধান তুলে ধরেছেন রাজধানী ঢাকা মোহাম্মদপুরের জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়ার মুফতি ও মুহাদ্দিস শফিকুল ইসলাম হাটহাজারী।
সম্প্রতি এ বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম হাটহাজারী জানিয়েছেন, শুধু নামাজের নির্দিষ্ট স্থান না পাওয়া, পর্দার অসুবিধা কিংবা লোকলজ্জার কারণে ফরজ নামাজের রুকু-সিজদা বাদ দিয়ে বসে ইশারায় নামাজ আদায় করা জায়েজ নয়।
তিনি বলেন, নারীদের জন্য ঘরে নামাজ আদায় করা অধিক উত্তম ও ফজিলতপূর্ণ। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তাদের ঘরই তাদের জন্য উত্তম।’ (আবু দাউদ, হাদিস: ৫৬৭)
তবে প্রয়োজন হলে নারীরা মসজিদেও নামাজ আদায় করতে পারবেন। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা আল্লাহর বান্দীদের আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না।’ (সহিহ বুখারি, হাদিস: ৯০০)
শফিকুল ইসলাম হাটহাজারীর মতে, কোনো নারী বাড়ি থেকে দূরে থাকলে এবং বাড়ি ফিরতে ফিরতে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তাঁকে কাছাকাছি কোনো নিরাপদ স্থানে নামাজ আদায় করতে হবে। এ ক্ষেত্রে মসজিদ, ইবাদতখানা, নামাজের নির্ধারিত কক্ষ কিংবা পর্দার উপযোগী নিরাপদ জায়গা বেছে নেওয়া যেতে পারে।
এমনকি মসজিদ বা ইবাদতখানায় পুরুষের উপস্থিতি থাকলেও প্রয়োজনের কারণে সেখানে নামাজ পড়া বৈধ। তবে নামাজের সময় অপ্রয়োজনীয় মেলামেশা, দৃষ্টি আকর্ষণ কিংবা অনিরাপদ পরিস্থিতি এড়িয়ে চলতে হবে।
আলেমের ব্যাখ্যা অনুযায়ী, আলাদা নামাজের জায়গা না পাওয়া গেলে কোনো নিরিবিলি কোণ, নিরাপদ স্থান কিংবা পরিষ্কার খোলা জায়গায়ও নামাজ আদায় করা যাবে। বোরকা-নিকাব পরিহিত অবস্থায় পরপুরুষের সামনে নামাজ পড়লেও নামাজ সহিহ হবে।
