ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভ্রমণের সময় নারীরা অনেক ক্ষেত্রে নামাজ আদায়ের জন্য আলাদা বা নিরাপদ জায়গা খুঁজে পান না। বিশেষ করে পর্দার পরিবেশ না থাকলে অনেকেই বসে ইশারায় রুকু-সিজদা করে নামাজ আদায় করেন। তবে এমন পরিস্থিতিতে বসে ইশারায় নামাজ পড়া কি শরিয়তসম্মত? এ বিষয়ে ইসলামী শরিয়তের নির্দেশনা জানিয়েছেন জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুরের মুহাদ্দিস ও মুফতি শফিকুল ইসলাম হাটহাজারী।
ইসলামবিষয়ক প্রশ্নোত্তরভিত্তিক একটি ওয়েবসাইটে প্রকাশিত উত্তরে বলা হয়েছে, শুধু লোকলজ্জা, পর্দার অসুবিধা কিংবা নির্জন স্থান না পাওয়ার কারণে ফরজ নামাজের রুকু-সিজদা বাদ দিয়ে বসে ইশারায় নামাজ আদায় করা জায়েজ নয়।
উত্তরে বলা হয়, নারীদের জন্য ঘরে নামাজ আদায় করা অধিক উত্তম ও ফজিলতপূর্ণ। এ প্রসঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘তাদের ঘরই তাদের জন্য উত্তম।’ (আবু দাউদ, হাদিস: ৫৬৭)
তবে প্রয়োজনে নারীদের মসজিদে নামাজ আদায়ের অনুমতি রয়েছে। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা আল্লাহর বান্দীদের আল্লাহর মসজিদে যেতে বাধা দিয়ো না।’ (সহিহ বুখারি, হাদিস: ৯০০)
উত্তরে আরও বলা হয়েছে, কোনো নারী বাড়ি থেকে অনেক দূরে থাকলে এবং বাড়ি ফিরতে ফিরতে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে তাঁকে নিকটবর্তী কোনো নিরাপদ স্থানে নামাজ আদায় করতে হবে। এ ক্ষেত্রে মসজিদ, ইবাদতখানা, নামাজের নির্ধারিত কক্ষ কিংবা পর্দাসম্পন্ন নিরাপদ স্থান বেছে নেওয়া যেতে পারে।
এমনকি মসজিদ বা ইবাদতখানায় পুরুষের উপস্থিতি থাকলেও প্রয়োজনের কারণে সেখানে নামাজ আদায় করা যাবে। তবে নামাজের সময় অপ্রয়োজনীয় মেলামেশা, দৃষ্টি আকর্ষণ কিংবা অনিরাপদ পরিস্থিতি এড়িয়ে চলতে হবে।
আলাদা নামাজের জায়গা না পাওয়া গেলে কোনো নিরিবিলি কোণ, নিরাপদ স্থান কিংবা পরিষ্কার খোলা জায়গায়ও নামাজ আদায় করা যাবে। বোরকা ও নিকাব পরা অবস্থায় পরপুরুষের সামনে নামাজ পড়লেও নামাজ সহিহ হবে।
অতএব, শুধু পরপুরুষের উপস্থিতি বা আলাদা নামাজের জায়গা না থাকার কারণে বসে ইশারায় নামাজ পড়ার অনুমতি নেই। স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রুকু ও সিজদা করেই ফরজ নামাজ আদায় করতে হবে।
