Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

মঙ্গোল সাম্রাজ্যে ইসলামের বিস্তার ঘটান যে শাসক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

মঙ্গোল সাম্রাজ্যে ইসলামের বিস্তার ঘটান যে শাসক

Advertisement

মঙ্গোল সাম্রাজ্যের ইতিহাসে গাজান খানের নাম বিশেষভাবে স্মরণীয়। একদিকে তিনি ছিলেন চেঙ্গিস খানের বংশধর, অন্যদিকে ইসলাম গ্রহণের মধ্য দিয়ে মঙ্গোল শাসনব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। 

১২৯৫ সালে ইসলাম গ্রহণের পর মাহমুদ নাম ধারণ করেন তিনি। তার হাত ধরেই ইরানকেন্দ্রিক ইলখানাত সাম্রাজ্য ধীরে ধীরে একটি মুসলিম রাষ্ট্রের পরিচয় পেতে শুরু করে।

তবে গাজান খানের ইসলাম গ্রহণ শুধু ব্যক্তিগত ধর্মান্তরের ঘটনা ছিল না। এর সঙ্গে জড়িয়ে ছিল ক্ষমতার দ্বন্দ্ব, রাজনৈতিক কৌশল, সাম্রাজ্যের ভবিষ্যৎ এবং পারস্যের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মঙ্গোলদের মেলবন্ধন। তার শাসনামলে সাম্রাজ্যের প্রশাসন, রাজস্বব্যবস্থা, কৃষি ও বাণিজ্যে ব্যাপক সংস্কার হয়। আবার প্রতিবেশী মুসলিম শাসক মামলুকদের সঙ্গে যুদ্ধও অব্যাহত ছিল।

যেভাবে ইসলাম গ্রহণ করেন গাজান খান

১২৯৫ সালের গ্রীষ্মকাল। বর্তমান ইরানের উত্তরাঞ্চলে আলবোর্জ পর্বতমালার দামাভান্দ এলাকার লার সমভূমিতে এক গুরুত্বপূর্ণ ঘটনার প্রস্তুতি চলছিল। সেখানে উপস্থিত ছিলেন গাজান খান। তিনি ছিলেন হালাকু খানের প্রপৌত্র এবং মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানের পঞ্চম বংশধর।

তখন গাজান ছিলেন খোরাসানের গভর্নর এবং ইরানকেন্দ্রিক ইলখানাত সাম্রাজ্যের সিংহাসনের অন্যতম শক্তিশালী দাবিদার। তার ইসলাম গ্রহণের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমির নওরোজ। নওরোজের সঙ্গে বিরোধ মিটিয়ে তার পরামর্শেই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন গাজান।

ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, শেখ সদর আল-দিন হামাভির উপস্থিতিতে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন তিনি। তার সঙ্গে দরবারের বেশ কয়েকজন কর্মকর্তা ও অনুগত ব্যক্তিও ইসলাম গ্রহণ করেন। নতুন ইসলামি নাম নেন মাহমুদ। পরে ‘মুয়াজ্জালুদ্দিন’ উপাধিও গ্রহণ করেন।

পরবর্তী সময়ে গাজান খানের দরবারের ইতিহাসবিদ ও প্রধানমন্ত্রী রশিদ আল-দিন হামাদানি তার বিখ্যাত গ্রন্থ ‘জামি আল-তাওয়ারিখ’-এ এই ধর্মান্তরের বিবরণ তুলে ধরেন। ইসলাম গ্রহণের পর একটি উৎসবের আয়োজন করা হয়। একই সঙ্গে আলেম, ইমাম ও সৈয়দদের পৃষ্ঠপোষকতা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য দান ও ওয়াকফের ব্যবস্থা করেন গাজান।

ইতিহাসবিদদের মতে, এই ধর্মান্তর ইলখানাত সাম্রাজ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ বাঁকবদল। গাজানের ইসলাম গ্রহণের পর মঙ্গোল অভিজাত ও সেনাসদস্যদের মধ্যে ইসলাম গ্রহণের প্রবণতা বাড়তে থাকে। ধীরে ধীরে ইলখানাত একটি মুসলিম সাম্রাজ্য হিসেবে পরিচিতি লাভ করে।

বৌদ্ধ পরিবারে বেড়ে ওঠা

গাজান খানের জন্ম ১২৭১ সালের ৫ নভেম্বর ইরানের আবস্কন শহরে। তার দাদা আবাকা খান এবং বাবা আরঘুন খান দুজনই বৌদ্ধ ছিলেন। ফলে শৈশবে বৌদ্ধ ধর্মীয় পরিবেশেই বেড়ে ওঠেন তিনি।

এর আগে গাজানের চাচা তেকুদার ইসলাম গ্রহণ করে আহমদ নাম ধারণ করেছিলেন। কিন্তু আরঘুন তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ইসলামের প্রতি অনুকূল নীতিগুলো বাতিল করেন। তিনি মুসলিম মামলুকদের বিরুদ্ধে ইউরোপের খ্রিস্টান শক্তিগুলোর সঙ্গে জোট গড়ার চেষ্টা করেছিলেন। তবে সেই উদ্যোগ সফল হয়নি।

আরঘুনের শাসনামলে ইহুদি সম্প্রদায়ের সা'দ আল-দাওলা প্রধানমন্ত্রী নিযুক্ত হন। পরে আরঘুন অসুস্থ হয়ে পড়লে রাজনৈতিক বিরোধীদের হাতে নিহত হন সা'দ আল-দাওলা।

আরঘুনের মৃত্যুর পর তার ভাই গেখাতু এবং পরে চাচাতো ভাই বাইদু ক্ষমতায় আসেন। এর আগে ১২৮৪ সালে আরঘুন গাজানকে উত্তর-পূর্ব পারস্যের ভাইসরয় নিযুক্ত করেছিলেন। পরবর্তী সময়ে ওই অঞ্চলে চাগতাই মঙ্গোলদের পাশাপাশি বিদ্রোহী আমির নওরোজের বিরুদ্ধেও লড়াই করতে হয় তাকে।

গেখাতুর সঙ্গে গাজানের সম্পর্ক ভালো ছিল না। অন্যদিকে বাইদুর ক্ষমতা দখলকে কেন্দ্র করে তাদের বিরোধ প্রকাশ্য সংঘাতে রূপ নেয়। প্রাথমিক লড়াই এবং সাময়িক যুদ্ধবিরতির পর ১২৯৫ সালে ক্ষমতার দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এ সময় নওরোজের সঙ্গে সমঝোতা করে তার পরামর্শে ইসলাম গ্রহণ করেন গাজান।

সিংহাসনে আরোহণ ও ক্ষমতা সুসংহত করা

ইসলাম গ্রহণের পর গাজান খান বাইদুর বিরুদ্ধে অভিযান চালান। তাকে পরাজিত করে ১২৯৫ সালের ৩ নভেম্বর ইলখানাত সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। পরে বাইদুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তবে সিংহাসনে বসার পরপরই নানা বিদ্রোহের মুখে পড়তে হয় গাজানকে। ক্ষমতা সুসংহত করতে এসব বিদ্রোহ কঠোর হাতে দমন করেন তিনি। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে রাজপরিবারের অন্তত পাঁচজন রাজকুমারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

গাজানকে ক্ষমতায় বসাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমির নওরোজও বেশিদিন তার আস্থাভাজন থাকতে পারেননি। মামলুকদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে শেষ পর্যন্ত তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ইসলাম গ্রহণের পরও বিভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীলতার নীতি বজায় রেখেছিলেন গাজান। ঐতিহাসিক স্যার টমাস ওয়াকার আর্নল্ড তার ‘দ্য প্রিচিং অব ইসলাম’ গ্রন্থে উল্লেখ করেছেন, কিছু বৌদ্ধ ভিক্ষু মন্দির ধ্বংসের পর প্রাণ বাঁচাতে ইসলাম গ্রহণ করেছিলেন। বিষয়টি জানার পর গাজান তাদের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে তিব্বত, কাশ্মীর ও ভারতের অন্যান্য অঞ্চলে ফিরে যাওয়ার অনুমতি দেন।

তিনি খ্রিস্টানদের জিজিয়া কর থেকেও অব্যাহতি দিয়েছিলেন। ১২৯৬ সালে খ্রিস্টান ধর্মীয় নেতা তৃতীয় মার ইয়াভালাহাকে তার পদে পুনর্বহাল করেন। ১২৯৮ সালের ২১ জুলাই তাবরিজে ধর্মীয় উগ্রপন্থীরা গির্জা ও সিনাগগ ধ্বংস করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তি দেওয়া হয়।

মামলুকদের সঙ্গে সংঘাত

গাজান খান মুসলিম শাসক হলেও মিশরকেন্দ্রিক মামলুকদের সঙ্গে তার পরিবারের দীর্ঘদিনের শত্রুতা বজায় ছিল। মামলুকরা নিজেদের ইসলামের রক্ষক হিসেবে দাবি করত। অন্যদিকে গাজানও মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী শাসক হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।

১২৯৯ সালে তিনি সিরিয়া অভিযান শুরু করেন। হিমসের কাছে মামলুক বাহিনীকে পরাজিত করে দামেস্কে প্রবেশ করেন। এ বিজয় ইলখানাত সাম্রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য হিসেবে বিবেচিত হয়। তবে মঙ্গোল বাহিনী পারস্যে ফিরে যাওয়ার পর মামলুকরা আবার সিরিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

১৩০০ সালে গাজান দ্বিতীয়বার সিরিয়া আক্রমণের উদ্যোগ নেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সামরিক অভিযান চালানো সম্ভব হয়নি। পরে ১৩০৩ সালে তৃতীয়বারের মতো সিরিয়া অভিযান পরিচালনা করেন তিনি। এবার দামেস্কের দক্ষিণে মারজ আল-সাফফার এলাকায় মামলুক বাহিনীর কাছে মঙ্গোলরা বড় পরাজয়ের মুখে পড়ে।

মুসলিম শাসক হওয়ার পরও মামলুকদের সঙ্গে তার এই সংঘাত প্রমাণ করে, গাজানের রাজনৈতিক ও সামরিক লক্ষ্য কেবল ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সাম্রাজ্যের বিস্তার ও আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠাই ছিল তার অন্যতম প্রধান উদ্দেশ্য।

ইবনে তাইমিয়ার সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ

সিরিয়ায় গাজান খানের সামরিক অভিযানে উদ্বিগ্ন হয়ে মামলুক শাসকরা মুসলিম আলেম ও পণ্ডিতদের সঙ্গে আলোচনা করেন। ১৩০০ সালে দামেস্কে মঙ্গোল বাহিনীর অবস্থান এবং নতুন করে হামলার আশঙ্কার মধ্যে বিশিষ্ট আলেমদের একটি প্রতিনিধিদল গাজানের শিবিরে যায়।

এই প্রতিনিধিদলে ছিলেন বিখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ফকিহ ইবনে তাইমিয়া। তাদের উদ্দেশ্য ছিল গাজানকে দামেস্কে নতুন করে আক্রমণ করা থেকে বিরত রাখা।

ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, গাজানের সামনে উপস্থিত হয়ে প্রতিনিধিদলের অন্য সদস্যরা কথা বলতে ইতস্তত করলেও ইবনে তাইমিয়া সরাসরি তার সঙ্গে কথা বলেন। তিনি গাজানকে প্রশ্ন করেন, নিজেকে মুসলিম দাবি করার পরও কেন মুসলিম ভূখণ্ডে আক্রমণ চালানো হচ্ছে।

ইবনে তাইমিয়া তাকে স্মরণ করিয়ে দেন, গাজানের বাবা ও দাদা অমুসলিম হওয়া সত্ত্বেও তারা মুসলিমদের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেননি। অথচ গাজান মুসলিম পরিচয় ধারণ করেও প্রতিশ্রুতি রক্ষা করছেন না।

ইবনে কাসিরের ‘আল-বিদায়া ওয়ান-নিহায়া’ গ্রন্থে এই সাক্ষাতের সঙ্গে সম্পর্কিত একটি দোয়ার উল্লেখ রয়েছে। সেখানে ইবনে তাইমিয়া আল্লাহর কাছে প্রার্থনা করেন, গাজান ও তার বাহিনী যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা এবং তার পথে জিহাদের উদ্দেশ্যে লড়াই করে, তবে তাদের সাহায্য করা হোক। আর তাদের উদ্দেশ্য যদি কেবল দুনিয়াবি ক্ষমতা ও সম্পদ অর্জন হয়, তবে সে অনুযায়ী প্রতিদান দেওয়া হোক।

ইউরোপের খ্রিস্টান শক্তির সঙ্গে জোটের চেষ্টা

মামলুকদের বিরুদ্ধে সামরিক শক্তি বাড়াতে গাজান খান ইউরোপের খ্রিস্টান শাসকদের সঙ্গেও মৈত্রী গড়ার চেষ্টা করেন। তার লক্ষ্য ছিল দুই দিক থেকে মামলুকদের ওপর চাপ সৃষ্টি করা।

পোপ বোনিফেস অষ্টমসহ ইউরোপের বিভিন্ন শাসকের কাছে দূত ও চিঠি পাঠিয়ে যৌথ সামরিক অভিযানের প্রস্তাব দেন তিনি। ১৩০২ সালের ১২ এপ্রিল পোপের কাছে পাঠানো একটি চিঠিতে সিরিয়া অভিযানের পরিকল্পনা তুলে ধরেন গাজান। এতে ইউরোপীয় শাসকদের নিজ নিজ সেনাবাহিনী প্রস্তুত করে নির্ধারিত সময়ে অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

তবে ইউরোপীয় শক্তিগুলোর কাছ থেকে প্রত্যাশিত সামরিক সহযোগিতা পাওয়া যায়নি। ফলে গাজানের পরিকল্পনা অনুযায়ী যৌথ অভিযান বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত ১৩০৩ সালে ইউরোপীয় সহায়তা ছাড়াই সিরিয়ায় অভিযান চালায় মঙ্গোল বাহিনী। কিন্তু মামলুকদের কাছে পরাজিত হয়ে তাদের পিছু হটতে হয়।

প্রশাসন ও অর্থনীতিতে ব্যাপক সংস্কার

গাজান খানের শাসনামল শুধু সামরিক অভিযান কিংবা ধর্মান্তরের জন্য গুরুত্বপূর্ণ নয়। প্রশাসন, রাজস্ব, কৃষি, বাণিজ্য ও বিচারব্যবস্থায়ও তিনি ব্যাপক সংস্কার করেন। তার এসব উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট ইতিহাসবিদ রশিদ আল-দিন হামাদানি।

গাজান বুঝতে পেরেছিলেন, দীর্ঘদিনের যুদ্ধ ও মঙ্গোলদের শাসনব্যবস্থার কারণে পারস্যের অর্থনীতি ও কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে যাযাবর মঙ্গোল অভিজাতদের চাঁদাবাজি, অতিরিক্ত কর আদায় এবং প্রশাসনিক দুর্নীতিতে সাধারণ মানুষ বিপর্যস্ত ছিল।

এ পরিস্থিতি পরিবর্তনে কর ও ভূমি ব্যবস্থায় সংস্কার আনেন তিনি। কৃষকদের ওপর অতিরিক্ত করের চাপ কমানো, সরকারি রাজস্বব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্নীতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেন। একই সঙ্গে মুদ্রা ও পরিমাপের মান নির্ধারণ করেন।

বণিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাণিজ্যের প্রসারে কঠোর নির্দেশনা জারি করেন। কাফেলা লুটকারী ডাকাত ও গ্রামাঞ্চলে অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচারের ব্যবস্থা করেন। পাশাপাশি সেতু মেরামত, সড়ক উন্নয়ন এবং সীমান্তে রাজস্ব আদায়ের জন্য নির্দিষ্ট কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেন।

তার এসব সংস্কারের ফলে সাম্রাজ্যের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে শৃঙ্খলা ফিরে আসে। ইতিহাসবিদদের মতে, পারস্যের কৃষি ও বাণিজ্য পুনরুজ্জীবনে গাজানের উদ্যোগ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলায় আগ্রহ

গাজান খান শুধু একজন দক্ষ শাসক ও সেনাপতিই ছিলেন না, জ্ঞান-বিজ্ঞানের প্রতিও তার গভীর আগ্রহ ছিল। প্রাকৃতিক ইতিহাস, চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান ও রসায়নসহ বিভিন্ন বিষয়ে তার জানাশোনা ছিল। বিভিন্ন ধরনের হস্তশিল্পেও দক্ষ ছিলেন তিনি।

বাইজেন্টাইন ইতিহাসবিদ জর্জ পাচিমেরেসের বর্ণনায়, ঘোড়ার জিন, লাগাম, রেকাব ও বর্ম তৈরিতে গাজানের বিশেষ দক্ষতা ছিল। ধাতু তৈরি, সেলাই ও পালিশের কাজেও পারদর্শী ছিলেন তিনি। যুদ্ধের বাইরে অবসর সময়ে এসব কাজে সময় দিতেন।

মঙ্গোলীয় মাতৃভাষার পাশাপাশি আরবি, ফারসি, হিন্দি, কাশ্মীরি, তিব্বতি, চীনা ও ফরাসি ভাষায় তার দক্ষতা ছিল বলে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ করা হয়েছে।

তার পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রী রশিদ আল-দিন মঙ্গোলদের ইতিহাস সংকলনের উদ্যোগ নেন। পরে সেই ইতিহাসের পরিধি বাড়িয়ে এশিয়া ও ইউরোপের বিভিন্ন জাতির ইতিহাসও অন্তর্ভুক্ত করা হয়। গ্রন্থটি ‘জামি আল-তাওয়ারিখ’ নামে পরিচিতি লাভ করে। বিশ্ব ইতিহাস রচনার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি প্রাচীন গ্রন্থ।

গাজানের শাসনামলে মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ইসলামি প্রতিষ্ঠান নির্মাণে পৃষ্ঠপোষকতা বাড়ে। বিশেষ করে রাজধানী তাবরিজ ও এর আশপাশে ধর্মীয় স্থাপনা এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের বিকাশ ঘটে।

ধর্মীয় নীতি ও মঙ্গোল ঐতিহ্যের টানাপোড়েন

গাজান খানের ইসলাম গ্রহণের পর ইলখানাত সাম্রাজ্যে ইসলামের প্রভাব বাড়লেও মঙ্গোলদের প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য পুরোপুরি বিলুপ্ত হয়নি। মঙ্গোল আইন বা ‘ইয়াসা’ তখনো প্রচলিত ছিল। পাশাপাশি মঙ্গোল শামানপন্থী ধর্মীয় নেতাদেরও রাজনৈতিক প্রভাব ছিল।

ইতিহাসবিদ রেভেন অমিতাই-প্রিস্টের মতে, গাজান ইসলামের পৃষ্ঠপোষকতা করলেও মঙ্গোল ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। তার শাসনামলে পুরোনো মঙ্গোল আইন ও রীতিনীতির পাশাপাশি ইসলামি আইন ও প্রতিষ্ঠানও গুরুত্ব পেতে থাকে।

ইসলাম গ্রহণের পর প্রথম দিকে বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। অনেক বৌদ্ধ মন্দির ধ্বংস করা হয় এবং বৌদ্ধ ধর্মীয় নেতাদের ইসলাম গ্রহণ অথবা সাম্রাজ্য ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে খ্রিস্টান ও ইহুদিদের ওপর চাপ কমানো হয় এবং বিভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীলতা ফিরে আসে।

ইতিহাসবিদদের মতে, গাজানের ধর্মীয় নীতিতে ব্যক্তিগত বিশ্বাসের পাশাপাশি রাজনৈতিক বাস্তবতা ও সাম্রাজ্যের স্থিতিশীলতা রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ ছিল।

মৃত্যু ও উত্তরসূরি নির্বাচন

জীবনের শেষ দিকে গাজান খান ব্যক্তিগত ও পারিবারিক নানা সংকটের মুখোমুখি হন। তার স্ত্রী কোকাচিনের মৃত্যুর পর তিনি গভীরভাবে শোকাহত হয়ে পড়েছিলেন বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। একবার আমিরদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘জীবন একটি কারাগার, আশীর্বাদ নয়।’

১৩০৩ সালে সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। নিজের কোনো পুত্রসন্তান না থাকায় ১৩০৪ সালের মার্চ বা এপ্রিল মাসে ছোট ভাই ওলজেইতুকে উত্তরসূরি মনোনীত করেন।

১৩০৪ সালের ১৭ মে মারা যান গাজান খান। তার মৃত্যুর মধ্য দিয়ে ইলখানাত সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটে। পরে তার ভাই ওলজেইতু সিংহাসনে আরোহণ করেন। তিনিও ইসলাম গ্রহণ করেন এবং মুসলিম শাসক হিসেবে ইলখানাত পরিচালনা করেন।

ইরান ও মঙ্গোল ইতিহাসে গাজানের প্রভাব

ইতিহাসবিদদের মতে, ১২৯৫ সালে গাজান খান ক্ষমতায় আসার সময় ইলখানাত সাম্রাজ্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ছিল। একদিকে মঙ্গোলদের যাযাবর সামরিক ঐতিহ্য, অন্যদিকে ইরানের সুপ্রাচীন সভ্যতা ও প্রশাসনিক কাঠামো—এই দুইয়ের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা ছিল বড় চ্যালেঞ্জ।

গাজান খান সেই সমন্বয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার শাসনামলে মঙ্গোল সামরিক ও রাজনৈতিক কাঠামোর সঙ্গে পারস্যের প্রশাসনিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটে।

তার ইসলাম গ্রহণ ইলখানাতের ধর্মীয় পরিচয় বদলে দেওয়ার পাশাপাশি ইরানের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। মঙ্গোল শাসকগোষ্ঠী ও স্থানীয় মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। পরবর্তী সময়ে মঙ্গোল ও তুর্কি জনগোষ্ঠীর মধ্যে ভাষা, সংস্কৃতি, সামরিক ঐতিহ্য ও সামাজিক রীতিনীতির আদান-প্রদানও বাড়তে থাকে।

ইতিহাসবিদ বিট্রিস ফোর্বস মানজ তার ‘দ্য রাইজ অ্যান্ড রুল অব তেমুরলং’ গ্রন্থে দেখিয়েছেন, মঙ্গোল শাসনামলে মধ্য এশিয়ার যাযাবর ঐতিহ্য, তুর্কি জনগোষ্ঠীর সংস্কৃতি এবং বসতি স্থাপনকারী কৃষিভিত্তিক সমাজের মধ্যে দীর্ঘমেয়াদি মেলবন্ধন তৈরি হয়েছিল। এর ফলে মঙ্গোলদের কয়েকটি উত্তরসূরি রাষ্ট্রে নতুন তুর্কি-মঙ্গোল পরিচয়ের বিকাশ ঘটে।

অন্যদিকে ইতিহাসবিদ গ্যাভিন আর জে হ্যাম্বলি মনে করেন, মধ্যপ্রাচ্যের প্রচলিত ইসলামি সভ্যতার সঙ্গে মঙ্গোলদের একীভূত করার ক্ষেত্রে গাজান খান নির্ধারক ভূমিকা পালন করেছিলেন। তার প্রশাসনিক ও ভূমি সংস্কার কৃষকদের দুর্ভোগ কমানো এবং সরকারি আয় বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। বাণিজ্য সুরক্ষা, সড়ক ও সেতু উন্নয়ন এবং মুদ্রা ও পরিমাপের মান নির্ধারণও ছিল তার সংস্কার কর্মসূচির অংশ।

গাজান খানের এসব উদ্যোগ মঙ্গোল ও পারস্যবাসীর মধ্যে একটি অভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় গড়ে তোলার পথ তৈরি করেছিল। তার শাসনামলে ইলখানাত সাম্রাজ্য কেবল সামরিক শক্তির ওপর নির্ভরশীল একটি রাষ্ট্র থেকে প্রশাসনিক ও সাংস্কৃতিকভাবে সুসংগঠিত সাম্রাজ্যে রূপ নেওয়ার সুযোগ পায়।

তবে তার শাসনামলে ক্ষমতার দ্বন্দ্ব, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং ধর্মীয় সংঘাতও ছিল। সিংহাসনের প্রতিদ্বন্দ্বীদের নির্মমভাবে দমন করার নীতি সাম্রাজ্যের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে প্রভাবিত করে। তার মৃত্যুর মাত্র তিন দশকের মধ্যে ১৩৩৫ সালে ইলখানাত রাজবংশের পতন শুরু হয় এবং সাম্রাজ্য ভেঙে পড়ে।

সব মিলিয়ে, গাজান খানের ইসলাম গ্রহণ ছিল মঙ্গোল ও পারস্য ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাঁকবদল। তার হাত ধরে ইলখানাত সাম্রাজ্যে ইসলামের প্রাতিষ্ঠানিক বিস্তার ঘটে এবং মঙ্গোল শাসনব্যবস্থা নতুন ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় লাভ করে। একই সঙ্গে তার প্রশাসনিক সংস্কার ও জ্ঞানচর্চার পৃষ্ঠপোষকতা তাকে মধ্যযুগের অন্যতম আলোচিত মঙ্গোল শাসকে পরিণত করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন পাগলা মসজিদে মানুষ এত দান করে? জানুন এর পেছনের রহস্য!

কেন পাগলা মসজিদে মানুষ এত দান করে? জানুন এর পেছনের রহস্য!

ইসলাম গ্রহণ করতে চান ছেলে, সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপকের

ইসলাম গ্রহণ করতে চান ছেলে, সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপকের

ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে দেদার ভাঙা হচ্ছে মুসলিমদের বাড়িঘর

ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে দেদার ভাঙা হচ্ছে মুসলিমদের বাড়িঘর

মধুপুর মাদ্রাসার ইসলাহি ইজতেমায় আসছেন দেশ-বিদেশের আলেমরা

মধুপুর মাদ্রাসার ইসলাহি ইজতেমায় আসছেন দেশ-বিদেশের আলেমরা

চার খণ্ডে হাজারো আলেমের জীবনী, প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’

চার খণ্ডে হাজারো আলেমের জীবনী, প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’

পীর-অলিদের কদমবুসি কি জায়েজ? শরিয়ত ও ফিকহ কী বলে

পীর-অলিদের কদমবুসি কি জায়েজ? শরিয়ত ও ফিকহ কী বলে

আরও পড়ুন

মঙ্গোল সাম্রাজ্যে ইসলামের বিস্তার ঘটান যে শাসক

মঙ্গোল সাম্রাজ্যে ইসলামের বিস্তার ঘটান যে শাসক

কেন পাগলা মসজিদে মানুষ এত দান করে? জানুন এর পেছনের রহস্য!

কেন পাগলা মসজিদে মানুষ এত দান করে? জানুন এর পেছনের রহস্য!

জুমার খুতবার সময় যে ভঙ্গিতে বসা নিষেধ

জুমার খুতবার সময় যে ভঙ্গিতে বসা নিষেধ

বোনদের বিয়ে দিতে জমি বিক্রি, বাকি সম্পত্তিতে কি ভাগ পাবেন তারা?

বোনদের বিয়ে দিতে জমি বিক্রি, বাকি সম্পত্তিতে কি ভাগ পাবেন তারা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম