ডায়াবেটিসে ফল নাকি ফলের রস, কোনটা স্বাস্থ্যকর
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম
ডায়াবেটিসের রোগীরা যেকোনো ফল খেতে পারেন না। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ডায়াবেটিসের রোগীরা যেকোনো ফল খেতে পারেন না। রক্তে শর্করার মাত্রা ও শারীরিক অবস্থা অনুযায়ী খাওয়া উচিত। তবে অনেকেই সকালের খাবারের সঙ্গে এক গ্লাস ফলের রস পান করে থাকেন স্বাস্থ্যকর ভেবে। কিন্তু ডায়াবেটিকদের জন্য এটি আদৌ নিরাপদ কি না—এটি নিয়ে সতর্ক থাকতে হবে।
সম্পূর্ণ ফলের মধ্যে প্রাকৃতিক শর্করার পাশাপাশি থাকে পানি, ফাইবার এবং অন্যান্য উদ্ভিজ্জ উপাদান। ফাইবার হজম ধীর করে দেয় এবং রক্তে শর্করার মাত্রার হঠাৎ বৃদ্ধি রোধ করে।
পুষ্টিবিদদের মতে, ফল সম্পূর্ণ খেলে ফাইবার ধীরে ধীরে শর্করাকে শোষিত হতে দেয়। কিন্তু ফলের রসে ফাইবার থাকে না, তাই রস খেলে রক্তে গ্লুকোজ এক লাফে বেড়ে যায়। ফলের রস আর চিনিযুক্ত রঙিন পানীয়ের মধ্যে তফাৎ খুব কম। দু’টিই শরীরে একসাথে চিনির মাত্রা বাড়িয়ে দেয়, যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর।
কেন ফলের রস ক্ষতিকর:
- রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি ইনসুলিনকে ঠিকভাবে কাজ করতে দেয় না।
- দীর্ঘমেয়াদে ইনসুলিন রেজিস্ট্যান্স সৃষ্টি হয়।
- ওজন বৃদ্ধি, লিভার, কিডনি এবং হার্টের সমস্যা তৈরি হতে পারে।
- রস তৈরি করার সময় ফলের ফাইবার নষ্ট হয়ে যায়, ভিটামিন ও খনিজও কমে যায়।
পুষ্টিবিদদের পরামর্শ: ডায়াবেটিকরা ফল খাওয়ার ক্ষেত্রে সাবধান হোন। সম্ভব হলে ফল সম্পূর্ণ খাওয়া উচিত। যেমন পেয়ারা, পেঁপে, আপেল, নাসপাতি—পরিমিত মাত্রায়। ফলের রস এড়িয়ে চলাই সঠিক এবং স্বাস্থ্যকর পদ্ধতি।

