Logo
Logo
×
   

লাইফ স্টাইল

গরমে বারবার গোসল করলে শরীরের যে ক্ষতি হয়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১১:৪৭ এএম

গরমে বারবার গোসল করলে শরীরের যে ক্ষতি হয়

সংগৃহীত ছবি

গ্রীষ্মের প্রচণ্ড গরমে অনেকেই দিনে কয়েকবার গোসল করেন স্বস্তি পেতে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনের অতিরিক্ত গোসল ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। দিনে কতবার গোসল করা উচিত, তা নির্ভর করে একজন মানুষের জীবনযাপন, কাজের ধরন ও ঘামের পরিমাণের ওপর।

তীব্র গরমে শরীর থেকে বেশি ঘাম বের হয়। সেই ঘাম ত্বকে জমে থাকলে দুর্গন্ধ, ব্যাকটেরিয়া ও বিভিন্ন ধরনের ত্বকের সমস্যার ঝুঁকি বাড়ে। তাই নিয়মিত গোসল শরীর পরিষ্কার রাখার পাশাপাশি র‍্যাশ ও সংক্রমণের সম্ভাবনাও কমায়। এতে শরীর সতেজ ও স্বস্তিতেও থাকে।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে দিনে এক থেকে দুইবার গোসল করাই সবচেয়ে ভালো অভ্যাস। যারা ঘরে থাকেন বা তুলনামূলক কম ঘামেন, তাদের জন্য দিনে একবার গোসলই যথেষ্ট। এতে ত্বকের স্বাভাবিক তেল বজায় থাকে এবং ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে না।

অন্যদিকে যারা বাইরে কাজ করেন, দীর্ঘসময় রোদে থাকেন বা বেশি শারীরিক পরিশ্রম করেন, তাদের জন্য দিনে দুইবার গোসল উপকারী হতে পারে। এতে শরীর পরিষ্কার থাকার পাশাপাশি ক্লান্তিও কিছুটা কমে।

তবে অতিরিক্ত গোসলের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বারবার গোসল করলে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হতে পারে। ফলে ত্বক শুষ্ক, খসখসে ও সংবেদনশীল হয়ে ওঠার আশঙ্কা থাকে। অনেকের ক্ষেত্রে চুলকানি বা র্যাশের সমস্যাও দেখা দিতে পারে।

গরমের সময় ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করাই ভালো। খুব গরম পানি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে মৃদু সাবান ব্যবহার এবং ত্বকে অতিরিক্ত ঘষাঘষি এড়িয়ে চলাও জরুরি।

বিশেষজ্ঞদের পরামর্শ, নিজের শরীরের ধরন ও দৈনন্দিন কাজের সঙ্গে মিল রেখে দিনে এক থেকে দুইবার গোসলের অভ্যাস গরমে সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায় হতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম