Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

মাথাব্যথা থেকে কিডনি, শরীরে পানির ঘাটতি কতটা বিপজ্জনক

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

মাথাব্যথা থেকে কিডনি, শরীরে পানির ঘাটতি কতটা বিপজ্জনক

ফাইল ছবি

Advertisement

দিনের শেষভাগে কাজের গতি কমে আসা খুব স্বাভাবিক। বিশেষ করে অফিসে দীর্ঘ সময় কাজ করার পর বিকালে অনেকেরই মাথাব্যথা শুরু হয়। এর সঙ্গে ক্লান্তি ও মনোযোগ কমে যাওয়ায় কাজ করাও কঠিন হয়ে পড়ে। চিকিৎসকরা বলছেন, এর একটি সাধারণ কারণ হতে পারে পানিশূন্যতা, যা ব্যস্ততার কারণে অনেক সময়ই উপেক্ষিত থাকে।

ব্যস্ত অফিস রুটিনে কয়েক ঘণ্টা পর্যাপ্ত পানি না খেয়েই পার করে দেওয়া খুব সহজ। বৈঠকে ব্যস্ত থাকায় অনেকে পানি খাওয়ার বিরতি নেন না। কেউ আবার পানি কম খেয়ে চা বা কফির ওপর বেশি নির্ভর করেন। কাজের প্রতি মনোযোগ দিতে গিয়েও অনেকে পানি পান করার কথা ভুলে যান। এ ছাড়া গরম ও আর্দ্র আবহাওয়ায় ঘামের মাধ্যমে শরীর থেকে বেশি তরল বেরিয়ে যায়। ফলে পানিশূন্যতার ঝুঁকিও বাড়ে।

পানিশূন্যতার লক্ষণ

পানিশূন্যতার কিছু সাধারণ লক্ষণ রয়েছে। এগুলো হলো—

১. প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া

২. মাথাব্যথা

৩.মুখ শুকিয়ে যাওয়া

৪. ক্লান্তি

৫. মাথা ঘোরা

৬. মনোযোগ কমে যাওয়া

তবে এসব লক্ষণ দেখা দিলেই যে পানিশূন্যতা হয়েছে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। কারণ অন্যান্য শারীরিক কারণেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে।

কিডনির জন্য কেন গুরুত্বপূর্ণ পানি

শরীরে পানির ঘাটতির সঙ্গে কিডনির কার্যক্রমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিডনি নিয়মিত রক্ত থেকে বর্জ্য ছেঁকে বের করে এবং শরীরের তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চিকিৎসকরা জানান, শরীরে পানিশূন্যতা বেশি হলে কিডনিতে রক্তপ্রবাহ কমে যেতে পারে। আর পানিশূন্যতা গুরুতর বা দীর্ঘস্থায়ী হলে কিডনিতে আকস্মিক ক্ষতি বা অ্যাকিউট কিডনি ইনজুরিও হতে পারে।

যারা দীর্ঘ সময় কাজ করেন, অফিস শেষে ব্যায়াম করেন, নিয়মিত ভ্রমণ করেন কিংবা গরম পরিবেশে কাজ করেন, তাদের পর্যাপ্ত পানি পানের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন।

তবে আগে থেকেই কিডনির সমস্যা বা অন্য কোনো স্বাস্থ্যগত জটিলতা থাকলে সবার পানির প্রয়োজন এক রকম নাও হতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি পান করা উচিত।

চিকিৎসকের সতর্কতা, শুধু বেশি পানি খেলেই যে শরীর ভালো থাকবে, বিষয়টি এমন নয়। অল্প সময়ে অতিরিক্ত পানি পান করাও শরীরের সোডিয়ামের ভারসাম্য নষ্ট করতে পারে এবং ক্ষতির কারণ হতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম