Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

নীরবে শরীরে বাসা বাঁধতে পারে ক্যানসার, তরুণদের জন্য ৯ সতর্কতা

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম

নীরবে শরীরে বাসা বাঁধতে পারে ক্যানসার, তরুণদের জন্য ৯ সতর্কতা

ফাইল ছবি

Advertisement

অনেক ক্ষেত্রে বয়স কম হওয়ায় ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলোকে সাধারণ শারীরিক সমস্যা, মানসিক চাপ কিংবা দৈনন্দিন ক্লান্তি ভেবে এড়িয়ে যান অনেকে। ফলে রোগ শনাক্ত হতে দেরি হয়। বিশেষজ্ঞরা বলছেন, শরীরে দীর্ঘদিন ধরে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

তরুণদের মধ্যে ক্যানসার কেন হতে পারে, কোন লক্ষণগুলো সতর্কবার্তা হিসেবে বিবেচনা করতে হবে এবং এ রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো কী—এসব বিষয়ে চিকিৎসকরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।

তরুণদের ক্যানসার শনাক্ত হতে দেরি হয় কেন?

চিকিৎসকদের মতে, তরুণ বয়সে ক্যানসার শনাক্ত হতে দেরি হওয়ার অন্যতম কারণ হলো, আক্রান্ত ব্যক্তি কিংবা তার আশপাশের মানুষ শুরুতে ক্যানসারের সম্ভাবনা বিবেচনায় নেন না। দীর্ঘস্থায়ী ক্লান্তি, অকারণে ওজন কমে যাওয়া কিংবা বারবার শারীরিক অস্বস্তির মতো উপসর্গকে অনেকেই মানসিক চাপ, পর্যাপ্ত ঘুমের অভাব অথবা ব্যস্ত জীবনযাপনের ফল মনে করেন।

এসব সমস্যার পেছনে সাধারণ কারণ থাকতে পারে। তবে কোনো উপসর্গ দীর্ঘদিন স্থায়ী হলে, বারবার ফিরে এলে কিংবা ক্রমেই বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বয়স কম বলে ক্যানসারের ঝুঁকি একেবারে নেই—এমন ধারণা সঠিক নয়।

ক্যানসারের ৯টি প্রাথমিক সতর্কসংকেত

চিকিৎসকরা এমন নয়টি শারীরিক পরিবর্তনের কথা উল্লেখ করেছেন, যেগুলো দীর্ঘস্থায়ী হলে অবহেলা করা উচিত নয়।

১. অকারণে ওজন কমে যাওয়া।

২. পর্যাপ্ত বিশ্রামের পরও সব সময় দুর্বল ও অবসন্ন অনুভব করা।

৩. স্তন, ঘাড় কিংবা শরীরের অন্য কোনো স্থানে অস্বাভাবিক পিণ্ড বা ফোলা দেখা দেওয়া।

৪. কাশি দীর্ঘস্থায়ী হওয়া কিংবা স্বর বসে যাওয়া।

৫. কোনো স্পষ্ট কারণ ছাড়াই রক্তপাত কিংবা শরীরে সহজে কালশিটে পড়া।

৬. দীর্ঘদিন পেট ফাঁপা, ব্যথা কিংবা অস্বাভাবিক অস্বস্তি থাকা।

৭. মলত্যাগ বা প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন।

৮. মুখে ঘা বা ত্বকের ক্ষত না শুকানো।

৯. লসিকাগ্রন্থি ফুলে থাকা।

বিশেষজ্ঞের মতে, এসব লক্ষণ দেখা দিলেই ক্যানসার হয়েছে বলে ধরে নেওয়ার কারণ নেই। বিভিন্ন সাধারণ রোগেও একই উপসর্গ দেখা দিতে পারে। তবে কারণ স্পষ্ট না হলে বা সমস্যা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ক্যানসার নিয়ে প্রচলিত ভুল ধারণা

ক্যানসার শুধু বয়স্কদের হয়—এটি একটি প্রচলিত ভুল ধারণা। আরেকটি ভুল বিশ্বাস হলো, স্বাস্থ্যকর জীবনযাপন করলেই ক্যানসারের ঝুঁকি পুরোপুরি দূর করা সম্ভব।

বিশেষজ্ঞরা বলেন, স্বাস্থ্যকর জীবনযাপন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে, তবে কাউকে শতভাগ সুরক্ষা দেয় না। বয়স, বংশগত বৈশিষ্ট্যসহ বিভিন্ন নিয়ন্ত্রণের বাইরের বিষয়ও ক্যানসারের ঝুঁকিতে ভূমিকা রাখতে পারে।

ঝুঁকি কমাতে করণীয়

ক্যানসার প্রতিরোধে ধূমপান ও তামাকজাত পণ্য পরিহার, অ্যালকোহল গ্রহণ সীমিত রাখা, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং নিয়মিত শরীরচর্চা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সূর্যালোক থেকে ত্বক সুরক্ষিত রাখা এবং প্রয়োজনীয় টিকা গ্রহণও উপকারী।

বিশেষ করে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) ও হেপাটাইটিস বি-এর টিকা সংশ্লিষ্ট সংক্রমণ এবং সেসব সংক্রমণের সঙ্গে সম্পর্কিত কিছু ক্যানসারের ঝুঁকি প্রতিরোধে সাহায্য করে।

বিশেষজ্ঞরা জানান, ক্যানসারের চিকিৎসায় গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে ক্যানসারের ধরন, পর্যায় এবং অনেক ক্ষেত্রে টিউমারের আণবিক বৈশিষ্ট্য বিবেচনা করে চিকিৎসা নির্ধারণ করা হয়। ফলে রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসাপদ্ধতি বেছে নেওয়া সম্ভব হচ্ছে।

চিকিৎসা শেষ হওয়ার পরও নিয়মিত ফলোআপ, রোগ পুনরায় দেখা দিচ্ছে কি না তা পর্যবেক্ষণ, পুষ্টিকর খাবার, শারীরিক সক্রিয়তা এবং মানসিক সুস্থতার দিকে নজর দেওয়া জরুরি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাইগ্রেন কেন হয়, কোন অভ্যাস বাড়ায় মাথাব্যথা? জেনে নিন প্রতিকার

মাইগ্রেন কেন হয়, কোন অভ্যাস বাড়ায় মাথাব্যথা? জেনে নিন প্রতিকার

হৃদরোগ থেকে ক্যানসার, কোন রক্তের গ্রুপে কী ঝুঁকি?

হৃদরোগ থেকে ক্যানসার, কোন রক্তের গ্রুপে কী ঝুঁকি?

ঘুমানোর আগে ভুলেও করবেন না এই কাজগুলো

ঘুমানোর আগে ভুলেও করবেন না এই কাজগুলো

প্যান্টের পকেটে স্মার্টফোন রাখেন? শুক্রাণুর ক্ষতি নিয়ে যা বলছে গবেষণা

প্যান্টের পকেটে স্মার্টফোন রাখেন? শুক্রাণুর ক্ষতি নিয়ে যা বলছে গবেষণা

নিয়মিত মাছ খেলে শরীরে মিলবে যে ৬ উপকার

নিয়মিত মাছ খেলে শরীরে মিলবে যে ৬ উপকার

প্রাক্তনের কাছে ফিরতে চান? সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে করুন ৫টি প্রশ্ন

প্রাক্তনের কাছে ফিরতে চান? সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে করুন ৫টি প্রশ্ন

আরও পড়ুন

মাইগ্রেন কেন হয়, কোন অভ্যাস বাড়ায় মাথাব্যথা? জেনে নিন প্রতিকার

মাইগ্রেন কেন হয়, কোন অভ্যাস বাড়ায় মাথাব্যথা? জেনে নিন প্রতিকার

হৃদরোগ থেকে ক্যানসার, কোন রক্তের গ্রুপে কী ঝুঁকি?

হৃদরোগ থেকে ক্যানসার, কোন রক্তের গ্রুপে কী ঝুঁকি?

ঘুমানোর আগে ভুলেও করবেন না এই কাজগুলো

ঘুমানোর আগে ভুলেও করবেন না এই কাজগুলো

নীরবে শরীরে বাসা বাঁধতে পারে ক্যানসার, তরুণদের জন্য ৯ সতর্কতা

নীরবে শরীরে বাসা বাঁধতে পারে ক্যানসার, তরুণদের জন্য ৯ সতর্কতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম