Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

হৃদরোগ থেকে ক্যানসার, কোন রক্তের গ্রুপে কী ঝুঁকি?

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

হৃদরোগ থেকে ক্যানসার, কোন রক্তের গ্রুপে কী ঝুঁকি?

ফাইল ছবি

Advertisement

রক্তের গ্রুপ শুধু রক্ত গ্রহণ বা দানের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, এটি মানুষের বিভিন্ন রোগের ঝুঁকির সঙ্গেও সম্পর্কিত হতে পারে। গবেষণায় দেখা গেছে, রক্তের গ্রুপভেদে হৃদরোগ, ক্যানসার, ডায়াবেটিস, রক্ত জমাট বাঁধা এমনকি স্ট্রোকের ঝুঁকিতেও কিছু পার্থক্য থাকতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, রক্তের গ্রুপ কোনো রোগ হওয়ার নিশ্চিত পূর্বাভাস দেয় না। তবে কিছু রোগের ক্ষেত্রে এটি ঝুঁকির একটি সম্ভাব্য নির্দেশক হিসেবে কাজ করতে পারে।

হৃদরোগ: যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের করোনারি হৃদরোগের ঝুঁকি তুলনামূলক কম হতে পারে। গবেষকদের ধারণা, অন্য রক্তের গ্রুপের মানুষের রক্তে কোলেস্টেরলের মাত্রা এবং রক্ত জমাট বাঁধার সঙ্গে সম্পর্কিত কিছু প্রোটিনের পরিমাণ বেশি থাকতে পারে। তবে এর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়।

পাকস্থলীর ক্যানসার: ‘এ’, ‘এবি’ ও ‘বি’ গ্রুপের মানুষের পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি ‘ও’ গ্রুপের তুলনায় বেশি হতে পারে। বিশেষ করে ‘এ’ গ্রুপের মানুষের মধ্যে এ ঝুঁকি বেশি দেখা যায়। গবেষকদের মতে, এর একটি সম্ভাব্য কারণ হলো হেলিকোব্যাক্টর পাইলোরি নামের ব্যাকটেরিয়ার সংক্রমণ। এটি পাকস্থলীতে প্রদাহ ও আলসার সৃষ্টি করতে পারে।

স্মৃতিশক্তির সমস্যা: একটি ছোট পরিসরের গবেষণায় দেখা গেছে, স্মৃতিশক্তির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ‘এবি’ রক্তের গ্রুপের মানুষের সংখ্যা তুলনামূলক বেশি ছিল।

অগ্ন্যাশয়ের ক্যানসার: ‘এ’, ‘এবি’ ও ‘বি’ রক্তের গ্রুপের মানুষের অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে। এসব রক্তের গ্রুপের লোহিত রক্তকণিকায় থাকা কিছু অণু অন্ত্রে এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিতে সহায়তা করতে পারে বলে ধারণা করা হয়।

মানসিক চাপ: মানসিক চাপের সময় শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। ‘এ’ রক্তের গ্রুপের মানুষের শরীরে স্বাভাবিকভাবেই কর্টিসলের মাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে। ফলে তাদের মানসিক চাপ সামলাতে কিছুটা বেশি অসুবিধা হতে পারে।

ম্যালেরিয়া: ‘ও’ রক্তের গ্রুপের মানুষের ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক কম হতে পারে। সংক্রমিত মশার কামড়ে শরীরে প্রবেশ করা ম্যালেরিয়ার পরজীবীর পক্ষে এ গ্রুপের লোহিত রক্তকণিকায় যুক্ত হওয়া তুলনামূলক কঠিন।

পাকস্থলীর আলসার: পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রের ওপরের অংশের আবরণে সৃষ্ট বেদনাদায়ক ক্ষত বা পেপটিক আলসার ‘ও’ রক্তের গ্রুপের মানুষের মধ্যে তুলনামূলক বেশি দেখা যেতে পারে।

রক্ত জমাট বাঁধা: পায়ের গভীর শিরায় রক্ত জমাট বাঁধার সমস্যাকে ভেনাস থ্রম্বোএম্বোলিজম বলা হয়। এ ধরনের জমাট রক্ত কখনো ফুসফুসেও পৌঁছাতে পারে। গবেষণায় দেখা গেছে, ‘এ’, ‘বি’ ও ‘এবি’ রক্তের গ্রুপের মানুষের এ ঝুঁকি তুলনামূলক বেশি।

আয়ুষ্কাল: ‘ও’ রক্তের গ্রুপের মানুষের দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, হৃদ্যন্ত্র ও রক্তনালির বিভিন্ন রোগের ঝুঁকি কম থাকার কারণে এমনটি হতে পারে।

প্রজননক্ষমতা: রক্তের গ্রুপ দিয়ে কেউ গর্ভধারণ করতে পারবেন কি না, তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে একটি গবেষণায় দেখা গেছে, যেসব নারীর সুস্থ ডিম্বাণুর সংখ্যা কম, তাদের মধ্যে ‘ও’ রক্তের গ্রুপের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

ডায়াবেটিস: ‘এ’ ও ‘বি’ রক্তের গ্রুপের মানুষের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা তুলনামূলক বেশি হতে পারে। তবে এর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

স্ট্রোক: ‘এবি’ রক্তের গ্রুপের মানুষের স্ট্রোকের ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, এ গ্রুপের রক্তে জমাট বাঁধার প্রবণতা অন্য কয়েকটি গ্রুপের তুলনায় বেশি থাকায় এমন ঝুঁকি তৈরি হতে পারে।

সতর্কতা

রক্তের গ্রুপ কোনো রোগের নিশ্চিত কারণ বা পূর্বাভাস নয়। এসব গবেষণালব্ধ তথ্যকে সম্ভাব্য ঝুঁকির নির্দেশক হিসেবে বিবেচনা করতে হবে। সুস্থ থাকতে সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: ওয়েব এমডি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাইগ্রেন কেন হয়, কোন অভ্যাস বাড়ায় মাথাব্যথা? জেনে নিন প্রতিকার

মাইগ্রেন কেন হয়, কোন অভ্যাস বাড়ায় মাথাব্যথা? জেনে নিন প্রতিকার

ঘুমানোর আগে ভুলেও করবেন না এই কাজগুলো

ঘুমানোর আগে ভুলেও করবেন না এই কাজগুলো

নীরবে শরীরে বাসা বাঁধতে পারে ক্যানসার, তরুণদের জন্য ৯ সতর্কতা

নীরবে শরীরে বাসা বাঁধতে পারে ক্যানসার, তরুণদের জন্য ৯ সতর্কতা

প্যান্টের পকেটে স্মার্টফোন রাখেন? শুক্রাণুর ক্ষতি নিয়ে যা বলছে গবেষণা

প্যান্টের পকেটে স্মার্টফোন রাখেন? শুক্রাণুর ক্ষতি নিয়ে যা বলছে গবেষণা

নিয়মিত মাছ খেলে শরীরে মিলবে যে ৬ উপকার

নিয়মিত মাছ খেলে শরীরে মিলবে যে ৬ উপকার

প্রাক্তনের কাছে ফিরতে চান? সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে করুন ৫টি প্রশ্ন

প্রাক্তনের কাছে ফিরতে চান? সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে করুন ৫টি প্রশ্ন

আরও পড়ুন

মাইগ্রেন কেন হয়, কোন অভ্যাস বাড়ায় মাথাব্যথা? জেনে নিন প্রতিকার

মাইগ্রেন কেন হয়, কোন অভ্যাস বাড়ায় মাথাব্যথা? জেনে নিন প্রতিকার

হৃদরোগ থেকে ক্যানসার, কোন রক্তের গ্রুপে কী ঝুঁকি?

হৃদরোগ থেকে ক্যানসার, কোন রক্তের গ্রুপে কী ঝুঁকি?

ঘুমানোর আগে ভুলেও করবেন না এই কাজগুলো

ঘুমানোর আগে ভুলেও করবেন না এই কাজগুলো

নীরবে শরীরে বাসা বাঁধতে পারে ক্যানসার, তরুণদের জন্য ৯ সতর্কতা

নীরবে শরীরে বাসা বাঁধতে পারে ক্যানসার, তরুণদের জন্য ৯ সতর্কতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম