Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

প্রাক্তনের কাছে ফিরতে চান? সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে করুন ৫টি প্রশ্ন

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

প্রাক্তনের কাছে ফিরতে চান? সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে করুন ৫টি প্রশ্ন

ছবি: পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ থেকে নেওয়া।

Advertisement

বিচ্ছেদের পরও প্রাক্তনের প্রতি অনুভূতি থেকে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনো পুরনো স্মৃতি, কখনো একাকিত্ব, আবার কখনো একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো মানুষকে ফিরিয়ে নিয়ে যায় অতীতের সম্পর্কে। পরিচিত একজন মানুষের কাছে ফিরে যাওয়ার মধ্যে একধরনের স্বস্তিও কাজ করে। কারণ, তার কাছে নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হয় না। সে জানে আপনার ভালো লাগা, মন্দ লাগা, অভ্যাস কিংবা দুর্বলতার কথা।

তবে পরিচিত বলেই পুরোনো সম্পর্কটি আবার নিরাপদ বা সুখের হবে, এমন নিশ্চয়তা নেই। অনেক সময় ভালোবাসার চেয়ে একাকিত্ব, নস্টালজিয়া কিংবা অতীতের প্রতি আবেগ থেকেই মানুষ প্রাক্তনের কাছে ফিরে যেতে চায়। মনে হতে পারে, এবার হয়তো সবকিছু আগের চেয়ে ভালো হবে। কিন্তু নতুন করে সম্পর্ক শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেন একসময় সম্পর্কটির ইতি ঘটেছিল, তা বোঝা।

প্রাক্তনের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে কয়েকটি প্রশ্ন করা জরুরি।

১. সম্পর্কটি ভেঙে যাওয়ার আসল কারণ কী ছিল?

পুরনো সম্পর্কে ফিরে যাওয়ার আগে বিচ্ছেদের কারণগুলো নিয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। ভুল–বোঝাবুঝি, যোগাযোগের অভাব, অপরিণত আচরণ কিংবা জীবনের প্রতিকূল পরিস্থিতির কারণে সম্পর্ক ভেঙে গিয়ে থাকলে নতুন করে শুরু করার সুযোগ থাকতে পারে।

কিন্তু বিচ্ছেদের পেছনে যদি থাকে প্রতারণা, অসম্মান, মিথ্যা বলা, অতিরিক্ত নিয়ন্ত্রণের চেষ্টা কিংবা মানসিক নির্যাতন, তাহলে বিষয়টি ভিন্নভাবে ভাবতে হবে। শুধু পুরনো ভালোবাসা বা সুন্দর স্মৃতির টানে এমন সম্পর্কে ফিরে যাওয়া ঠিক হবে না। বরং দেখতে হবে, সম্পর্ক ভাঙার পেছনে যে সমস্যাগুলো ছিল, সেগুলোর কোনো বাস্তব পরিবর্তন হয়েছে কি না।

২. আপনারা দুজনই কি আগের চেয়ে বদলেছেন?

সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে মানুষের চিন্তাভাবনা ও আচরণে পরিবর্তন আসতে পারে। কেউ নিজের ভুল বুঝতে শেখেন, কেউ যোগাযোগের ক্ষেত্রে আরও সচেতন হন, আবার কেউ ব্যক্তিগত সীমারেখা বজায় রাখার গুরুত্ব উপলব্ধি করেন।

তবে শুধু সময় চলে গেলেই মানুষ বদলে যায় না। তাই প্রাক্তন সত্যিই পরিবর্তিত হয়েছেন কি না, তা কথার চেয়ে আচরণে খুঁজে দেখুন। একই সঙ্গে নিজের দিকেও তাকানো প্রয়োজন। আপনিও কি আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছেন? সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিতে কি পরিপক্বতা এসেছে? দুজনের মধ্যে ইতিবাচক পরিবর্তন না এলে পুরোনো সমস্যাগুলো আবার ফিরে আসতে পারে।

৩. আপনি কি মানুষটিকে মিস করছেন, নাকি তার সঙ্গে কাটানো সময়গুলোকে?

এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া বেশ গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা প্রাক্তন মানুষটিকে নয়, বরং তার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে মিস করি। রাত জেগে গল্প করা, হঠাৎ ফোনকল, একসঙ্গে ঘুরতে যাওয়া, বিশেষ দিনে চমক কিংবা অসুস্থতায় পাশে থাকার স্মৃতি মনে পড়ে।

এসব স্মৃতি থেকে তৈরি হওয়া শূন্যতা অনেক সময় মনে করিয়ে দেয়, মানুষটিকে আবার জীবনে প্রয়োজন। কিন্তু একটু ভেবে দেখুন, আপনি কি সত্যিই সেই মানুষটির সঙ্গে নতুন করে জীবন শুরু করতে চান, নাকি তার সঙ্গে থাকার সময় নিজের মধ্যে যে ভালো লাগা কাজ করত, সেটিই ফিরে পেতে চান? এই পার্থক্য বুঝতে পারলে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে।

৪. একাকিত্ব থেকে কি প্রাক্তনের কাছে ফিরতে চাইছেন?

একাকিত্বের মুহূর্তে পুরোনো সম্পর্কের কথা বেশি মনে পড়তে পারে। বিশেষ করে জীবনে নতুন কোনো সম্পর্ক না থাকলে, বন্ধুরা ব্যস্ত হয়ে পড়লে কিংবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে প্রাক্তনকে আবার খুব প্রয়োজনীয় মনে হতে পারে।

কিন্তু একাকিত্ব আর ভালোবাসা এক বিষয় নয়। একাকিত্ব দূর করার জন্য পুরনো সম্পর্কে ফিরে গেলে সাময়িক স্বস্তি মিলতে পারে, কিন্তু বিচ্ছেদের পেছনের সমস্যাগুলো থেকেই যেতে পারে। তাই আবেগের বশে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে নিজেকে কিছুটা সময় দিন। কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেও যদি একই অনুভূতি থাকে, তাহলে বিষয়টি নতুন করে বিবেচনা করতে পারেন।

৫. দুজনেরই কি সম্পর্কটি নতুন করে শুরু করার আগ্রহ আছে?

একটি সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনের অংশগ্রহণ প্রয়োজন। আপনি হয়তো পুরনো সম্পর্কে ফিরতে চাইছেন, কিন্তু অন্য মানুষটি যদি সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তার ইচ্ছাকেও সম্মান করতে হবে।   

অন্যদিকে, দুজনেরই যদি নতুন করে শুরু করার আগ্রহ থাকে, তাহলে শুধু ভালোবাসার কথা বললেই হবে না। অতীতে কোন বিষয়গুলো সম্পর্কের ক্ষতি করেছিল, সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে। ভবিষ্যতে একই ভুল এড়াতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নিয়েও দুজনকে একমত হতে হবে।

সম্পর্কে ফেরার আগে আরও যে বিষয়গুলো ভাববেন

প্রাক্তনের সঙ্গে নতুন করে সম্পর্ক শুরু করার সিদ্ধান্ত নিলে কিছু বিষয় আগে থেকেই পরিষ্কার করে নেওয়া ভালো।

  • অতীতে যে ভুলগুলো হয়েছিল, সেগুলোর পুনরাবৃত্তি কীভাবে এড়ানো যাবে?
  • দুজনের ব্যক্তিগত সীমারেখা ও স্বাধীনতা কীভাবে বজায় থাকবে?
  • ভবিষ্যতে মতবিরোধ তৈরি হলে কীভাবে তা সমাধান করবেন?
  • একে অপরের ব্যক্তিগত সময় ও নিজস্ব পরিসরকে কতটা গুরুত্ব দেবেন?
  • সম্পর্কের প্রতি দুজনের প্রত্যাশা ও দায়িত্ব কতটা সামঞ্জস্যপূর্ণ?

পুরনো সম্পর্ক নয়, শুরু করুন নতুনভাবে

প্রাক্তনের কাছে ফিরে যাওয়ার ক্ষেত্রে অনেকেই মনে করেন, আগে যেহেতু একসঙ্গে ছিলেন, তাই এবার সবকিছু আগের মতোই সহজ হয়ে যাবে। বাস্তবে বিষয়টি তেমন নয়। একবার ভেঙে যাওয়া সম্পর্ক নতুন করে গড়ে তুলতে হলে সেটিকে নতুন সম্পর্কের মতোই যত্ন দিতে হয়।

এর অর্থ এই নয় যে অতীতের সবকিছু ভুলে যেতে হবে। বরং অতীতের ভুল, অভিমান ও সমস্যাগুলো স্বীকার করে সেখান থেকে শিক্ষা নিতে হবে। পুরোনো অভিযোগ বারবার সামনে এনে সম্পর্ক এগিয়ে নেওয়া যেমন কঠিন, তেমনি সমস্যাগুলো অস্বীকার করেও সুস্থ সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়।

প্রাক্তনের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত তাই শুধু আবেগের ওপর নির্ভর করে নেওয়া উচিত নয়। প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, দায়িত্ববোধ এবং পরিবর্তনের আন্তরিক চেষ্টা। মনে রাখতে হবে, দ্বিতীয়বার সুযোগ দেওয়া মানেই আগের মতো সম্পর্কে ফিরে যাওয়া নয়; বরং দুজনের সম্মতিতে আরও সুন্দর ও সুস্থ একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা।

সূত্র: সেলফ ম্যাগাজিন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গু হলে দামি ডাব, মাল্টা বা কমলা কিনতেই হবে?

ডেঙ্গু হলে দামি ডাব, মাল্টা বা কমলা কিনতেই হবে?

পুরুষের জন্য গর্ভনিরোধক পিল!

পুরুষের জন্য গর্ভনিরোধক পিল!

ডিম্বাশয়ে চকলেট সিস্টে কি বন্ধ্যত্ব হয়, যা বলছেন চিকিৎসক

ডিম্বাশয়ে চকলেট সিস্টে কি বন্ধ্যত্ব হয়, যা বলছেন চিকিৎসক

পুরুষদের চেয়ে নারীরা কেন বেশি দিন বাঁচেন?

পুরুষদের চেয়ে নারীরা কেন বেশি দিন বাঁচেন?

পুরুষের টেস্টোস্টেরন বাড়ে যেসব খাবারে

পুরুষের টেস্টোস্টেরন বাড়ে যেসব খাবারে

টাইফয়েডের ৭টি লক্ষণ: যেসব উপসর্গ অবহেলা করলেই বাড়তে পারে বিপদ

টাইফয়েডের ৭টি লক্ষণ: যেসব উপসর্গ অবহেলা করলেই বাড়তে পারে বিপদ

আরও পড়ুন

প্রাক্তনের কাছে ফিরতে চান? সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে করুন ৫টি প্রশ্ন

প্রাক্তনের কাছে ফিরতে চান? সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে করুন ৫টি প্রশ্ন

পার্কিনসন রোগের যেসব প্রাথমিক লক্ষণ অবহেলা করলেই বাড়তে পারে ঝুঁকি

পার্কিনসন রোগের যেসব প্রাথমিক লক্ষণ অবহেলা করলেই বাড়তে পারে ঝুঁকি

পেশি মজবুত করতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই ৭ খাবার

পেশি মজবুত করতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই ৭ খাবার

রসুনের খোসা দ্রুত ছাড়াতে নতুন কৌশল

রসুনের খোসা দ্রুত ছাড়াতে নতুন কৌশল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম