Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

প্রি-ডায়াবেটিসে ওজন কমাতে সাহায্য করে আগে ঘুমানো, বলছে গবেষণা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

প্রি-ডায়াবেটিসে ওজন কমাতে সাহায্য করে আগে ঘুমানো, বলছে গবেষণা

Advertisement

আগে ঘুমাতে যাওয়ার উপকারিতা শুধু পরদিন সকালে সতেজ অনুভব করার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে আগে ঘুমাতে যাওয়ার সঙ্গে বেশি ওজন কমার সম্পর্ক থাকতে পারে। গবেষণার ফল বলছে, ঘুমের সময়, ঘুমের দৈর্ঘ্য ও মান—সবই শরীরের ওজন নিয়ন্ত্রণ এবং বিপাকীয় স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষকদের ধারণা, ডায়াবেটিস প্রতিরোধে জীবনযাত্রার পরিবর্তনের পাশাপাশি ঘুমানোর সময়েও পরিবর্তন আনা কার্যকর হতে পারে।

নার্সিং রিসার্চ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় প্রি-ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ২০০ প্রাপ্তবয়স্ককে অন্তর্ভুক্ত করা হয়, যারা প্রতি রাতে সাড়ে ছয় ঘণ্টার কম ঘুমাতেন। গবেষকেরা দেখতে পান, আট সপ্তাহের কর্মসূচিতে যারা আগে ঘুমাতে গেছেন, তাদের ওজন তুলনামূলক বেশি কমেছে। যদিও এই উদ্যোগে রক্তে শর্করার মাত্রার উন্নতি দেখা যায়নি, তবে ওজন নিয়ন্ত্রণে ঘুমের সময়ের গুরুত্ব সামনে এসেছে। গবেষণার ফল আরও ইঙ্গিত দেয়, আগে ঘুমাতে গেলে রাতে দেরিতে খাবার খাওয়ার প্রবণতা কমতে পারে।

কীভাবে পরিচালিত হয় গবেষণা?

গবেষকেরা প্রায় ২০০ প্রাপ্তবয়স্ককে দৈবভাবে দুটি দলে ভাগ করেন। উভয় দলই আট সপ্তাহের একটি কর্মসূচিতে অংশ নেয়। এতে সাপ্তাহিক ভিডিও কলের মাধ্যমে স্বাস্থ্যকর খাবার গ্রহণ, শারীরিক কর্মকাণ্ড এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। তবে একটি দলকে অতিরিক্ত ঘুমবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।

এই প্রশিক্ষণে ছিল—

  • ঘুমের স্বাস্থ্যবিধি: নিয়মিত ঘুমের সময়সূচি বজায় রাখাসহ ঘুমের মান উন্নত করার অভ্যাস সম্পর্কে শেখানো হয়।
  • ঘুমানোর সময় পরিবর্তন: ধীরে ধীরে আগে ঘুমাতে যাওয়া এবং মোট ঘুমের সময় বাড়ানোর পরিকল্পনা অনুসরণ করেন অংশগ্রহণকারীরা।
  • ঘুমের সঙ্গে বিছানার সম্পর্ক উন্নত করা: বিছানাকে অন্যান্য কাজের বদলে ঘুমের সঙ্গে সম্পর্কিত করার অভ্যাস গড়ে তুলতে শেখানো হয়।

সব অংশগ্রহণকারী প্রতিদিনের ঘুমের হিসাব রাখেন। কর্মসূচির আগে ও পরে তাদের রক্তে শর্করার মাত্রা পরিমাপের জন্য ধারাবাহিক গ্লুকোজ পর্যবেক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। পাশাপাশি ঘুমের ধরন পর্যবেক্ষণে গবেষণার উপযোগী অ্যাক্টিগ্রাফ নামের কবজিতে পরার যন্ত্র ব্যবহার করেন তারা।

গবেষকেরা দেখতে পান, দুই দলেই ঘুমের মান ও ওজনের উন্নতি হয়েছে। তবে অতিরিক্ত ঘুমবিষয়ক প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিরা ঘুমের মানে বেশি উন্নতি এবং দিনের বেলায় ঘুমঘুম ভাব কমে যাওয়ার কথা জানান। তাদের ঘুমানোর সময়ও উল্লেখযোগ্যভাবে এগিয়ে আসে।

আগে ঘুমালে ওজন কমতে পারে কেন?

গবেষকদের মতে, ঘুমানোর সময় শরীরের ওজন নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কলেজ অব নার্সিংয়ের সহকারী অধ্যাপক ও গবেষণার প্রধান লেখক সুসান কোল ম্যালোন বলেন, ‘আমরা কখন ঘুমাতে যাই—শুধু কতক্ষণ ঘুমাই তা নয়—ওজন কমানো ও বিপাকীয় স্বাস্থ্যের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ, কিন্তু উপেক্ষিত বিষয় বলে মনে হচ্ছে।’

গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারীরা কোন দলে ছিলেন, তা নির্বিশেষে আগে ঘুমাতে যাওয়ার সঙ্গে বেশি ওজন কমার সম্পর্ক ছিল। তবে শুধু ঘুমের সময় বাড়ানোর সঙ্গে একই ফল পাওয়া যায়নি। অংশগ্রহণকারীরা প্রতি এক ঘণ্টা আগে ঘুমাতে গেলে আট সপ্তাহে প্রায় ১ দশমিক ৩ পাউন্ড (০ দশমিক ৭৩ কেজি) ওজন কমার সম্পর্ক পাওয়া গেছে। এর সম্ভাব্য কয়েকটি কারণ তুলে ধরেছেন গবেষকেরা।

রাতে দেরিতে খাবার খাওয়ার প্রবণতা কমে: যারা রাত জেগে থাকেন, তাদের রাতে নাশতা বা অতিরিক্ত ক্যালরি গ্রহণের সম্ভাবনা বেশি। আগে ঘুমাতে গেলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার সুযোগ কমতে পারে।

বিপাকীয় প্রক্রিয়ার সঙ্গে সময়ের সামঞ্জস্য: দিনের বিভিন্ন সময়ে শরীরের গ্লুকোজ প্রক্রিয়াকরণ ও ইনসুলিনের প্রতি সাড়া দেওয়ার ক্ষমতা পরিবর্তিত হয়। রাতে সাধারণত ইনসুলিন সংবেদনশীলতা ও গ্লুকোজ সহনশীলতা কম থাকে। ফলে রাতে দেরিতে খাবার খাওয়া শরীরের স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। ম্যালোন বলেন, ‘এর বিপরীতে, আগে ঘুমাতে গেলে রাতে দেরিতে খাবার খাওয়া সীমিত হতে পারে এবং খাবার গ্রহণ শরীরের উপযুক্ত বিপাকীয় সময়ের সঙ্গে আরও ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ হতে পারে।’

কৃত্রিম আলোর সংস্পর্শ কমে: রাত জেগে থাকলে টেলিভিশন, ফোন ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের কৃত্রিম আলোর সংস্পর্শে বেশি সময় কাটে। এতে শরীরের স্বাভাবিক ঘুম-জাগরণের চক্র ব্যাহত হতে পারে।

হরমোনের নিয়ন্ত্রণ উন্নত হয়: পর্যাপ্ত ঘুম না হওয়া এবং অনিয়মিত ঘুমের অভ্যাস ক্ষুধা ও খাবার গ্রহণ নিয়ন্ত্রণকারী হরমোনকে প্রভাবিত করতে পারে। রাতে জেগে থাকার সঙ্গে ঘ্রেলিনের কার্যক্রম বেড়ে যাওয়ার সম্পর্ক রয়েছে। ঘ্রেলিনকে ক্ষুধার হরমোন বলা হয়, যা ক্ষুধা ও খাবার গ্রহণ বাড়াতে পারে।

মানসিক চাপের প্রতিক্রিয়া কমে: অপর্যাপ্ত ঘুম কর্টিসলের মতো মানসিক চাপের হরমোন বাড়াতে পারে। কর্টিসলের মাত্রা বেড়ে গেলে ইনসুলিন প্রতিরোধ এবং ক্ষুধার পরিবর্তন হতে পারে, যা ওজন নিয়ন্ত্রণ কঠিন করে তোলে।

প্রি-ডায়াবেটিসে ঘুমের সময় গুরুত্বপূর্ণ, তবে চিকিৎসার বিকল্প নয়

গবেষণার ফল বলছে, বিশেষ করে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ওজন নিয়ন্ত্রণে ঘুমানোর সময় একটি কার্যকর বিষয় হতে পারে। তবে আট সপ্তাহের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের রক্তে শর্করার মাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।

তাই আগে ঘুমাতে যাওয়াকে প্রি-ডায়াবেটিসের চিকিৎসা কিংবা খাদ্যাভ্যাসের পরিবর্তন, শারীরিক কর্মকাণ্ড ও চিকিৎসকের পরামর্শের বিকল্প হিসেবে বিবেচনা করা উচিত নয়। বরং নিয়মিত ঘুমের সময়সূচি বজায় রাখা, রাতে দেরিতে খাবার এড়িয়ে চলা এবং পর্যাপ্ত ঘুম ডায়াবেটিস প্রতিরোধের অন্যান্য পদক্ষেপের সঙ্গে সহায়ক হতে পারে।

সূত্র: এনডিটিভি হেলথ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদ্যুৎ-গ্যাস ছাড়াই সূর্যের আলোয় রান্না হবে এই চুলায়

বিদ্যুৎ-গ্যাস ছাড়াই সূর্যের আলোয় রান্না হবে এই চুলায়

খালি পেটে ও খাওয়ার পর সুগার কত থাকা উচিত?

খালি পেটে ও খাওয়ার পর সুগার কত থাকা উচিত?

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য

ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য

কুমড়োর রায়তা বানানোর সহজ রেসিপি জানালেন ভাগ্যশ্রী

কুমড়োর রায়তা বানানোর সহজ রেসিপি জানালেন ভাগ্যশ্রী

৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

আরও পড়ুন

প্রি-ডায়াবেটিসে ওজন কমাতে সাহায্য করে আগে ঘুমানো, বলছে গবেষণা

প্রি-ডায়াবেটিসে ওজন কমাতে সাহায্য করে আগে ঘুমানো, বলছে গবেষণা

বিদ্যুৎ-গ্যাস ছাড়াই সূর্যের আলোয় রান্না হবে এই চুলায়

বিদ্যুৎ-গ্যাস ছাড়াই সূর্যের আলোয় রান্না হবে এই চুলায়

খালি পেটে ও খাওয়ার পর সুগার কত থাকা উচিত?

খালি পেটে ও খাওয়ার পর সুগার কত থাকা উচিত?

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম