Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরো।

Advertisement

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরো। সৌন্দর্য, অভিনয় আর আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে ষাটের দশকে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পর্দায় আবেদনময়ী উপস্থিতির পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, রূপচর্চা ও ফিটনেস নিয়েও মানুষের কৌতূহলের শেষ ছিল না। এবার নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রীর কয়েক দশক আগের এক সাক্ষাৎকার, যেখানে নিজের খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও ঘুমের রুটিন সম্পর্কে জানিয়েছিলেন তিনি।

১৯৫২ সালের সেপ্টেম্বরে ‘পেজেন্ট’ সাময়িকীতে ‘হাউ আই স্টে ইন শেপ’ শিরোনামে প্রকাশিত এক লেখায় নিজের জীবনযাপনের নানা দিক তুলে ধরেছিলেন মেরিলিন মনরো। লেখাটির বিশেষত্ব হলো, সেখানে তার খাদ্যাভ্যাস ও শরীরচর্চার বিবরণ উঠে এসেছে অভিনেত্রীর নিজের ভাষায়। পরবর্তী সময়ে ‘ভোগ’ ও ‘দ্য গার্ডিয়ান’-এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমেও লেখাটি নিয়ে আলোচনা হয়।

মেরিলিন মনরোর সকালের নাশতার তালিকায় ছিল দুধ ও কাঁচা ডিম। ব্যস্ত জীবনে অল্প সময়ে পুষ্টিকর খাবার সেরে নিতে এই অভ্যাস গড়ে তুলেছিলেন তিনি। নিজের কাছে বিষয়টি অস্বাভাবিক মনে না হলেও অন্যদের কাছে তা কিছুটা বিস্ময়কর হতে পারে বলে ধারণা ছিল অভিনেত্রীর।

ওই লেখায় মনরো জানিয়েছিলেন, সকালে গোসলের আগে হোটেলের ঘরে থাকা ছোট চুলায় এক কাপ দুধ গরম করতেন তিনি। এরপর গরম দুধে দুটি কাঁচা ডিম ভেঙে দিয়ে কাঁটাচামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতেন। পোশাক পরার সময় সেই মিশ্রণ পান করতেন। পাশাপাশি খেতেন একটি মাল্টিভিটামিন ট্যাবলেট।

রাতের খাবারের তালিকাও ছিল বেশ সাধারণ। প্রায় প্রতিদিনই হোটেলের কাছের বাজার থেকে স্টেক, ভেড়ার মাংস ও কলিজা কিনে আনতেন মনরো। হোটেলের ঘরে থাকা বৈদ্যুতিক চুলায় সেগুলো রান্না করে খেতেন। সঙ্গে থাকত চার-পাঁচটি কাঁচা গাজর। সাধারণত এর বাইরে আর কোনো খাবার রাখতেন না তিনি।

গাজরের প্রতি বিশেষ দুর্বলতা ছিল অভিনেত্রীর। এ নিয়ে মজা করে মনরো লিখেছিলেন, ‘আমাকে বোধহয় খরগোশের মতোই দেখতে হবে। কাঁচা গাজর খেতে কখনো বিরক্তি আসে না।’

তবে খাবারের তালিকায় মাংস ও গাজরের আধিক্য থাকলেও মিষ্টির প্রতি ভালোবাসা ছিল তার বেশ। বিশেষ করে আইসক্রিম ছিল পছন্দের। সন্ধ্যায় অভিনয়ের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে প্রায়ই থামতেন উইল রাইটের আইসক্রিমের দোকানে। সেখানে তার পছন্দের খাবার ছিল ‘হট ফাজ সানডে’। আইসক্রিমের ওপর গরম চকোলেট সস দিয়ে তৈরি এই মিষ্টান্ন বেশ উপভোগ করতেন তিনি। দিনের অন্যান্য খাবার সাধারণ রাখলেও মিষ্টির ক্ষেত্রে নিজেকে সব সময় নিয়ন্ত্রণে রাখতেন না মনরো।

খাদ্যাভ্যাসের পাশাপাশি শরীরচর্চার অভ্যাস নিয়েও নিজের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন অভিনেত্রী। প্রতিদিন সকালে দাঁত ব্রাশ ও মুখ ধোয়ার পর বিছানার পাশে মেঝেতে শুয়ে ব্যায়াম শুরু করতেন তিনি। এ জন্য ব্যবহার করতেন পাঁচ পাউন্ড ওজনের দুটি ডাম্বেল।

শরীরের বিভিন্ন পেশি দৃঢ় রাখতে নিজের মতো করে কয়েকটি ব্যায়ামের পদ্ধতিও তৈরি করেছিলেন মনরো। দুই হাত ছড়িয়ে ডাম্বেল বুকের ওপর থেকে মাথার ওপর পর্যন্ত তুলতেন। ধীরে ধীরে এভাবে ১৫ বার ব্যায়াম করতেন তিনি। এরপর হাতের অবস্থান পরিবর্তন করে আরও কয়েকবার একই ধরনের অনুশীলন করতেন। এ ছাড়া হাত মেঝে থেকে ৪৫ ডিগ্রি কোণে রেখে ডাম্বেল ঘোরানোর ব্যায়ামও ছিল তার প্রতিদিনের রুটিনে।

মনরো জানিয়েছিলেন, আগে নিয়মিত শরীরচর্চা করতেন না তিনি। তবে পরবর্তী সময়ে প্রতিদিন অন্তত ১০ মিনিট হালকা ওজনের ডাম্বেল নিয়ে ব্যায়াম শুরু করেন। শরীরচর্চার ক্ষেত্রে কঠোর নিয়মের চেয়ে নিজের শরীরের প্রয়োজন বুঝে অনুশীলন করতেই স্বাচ্ছন্দ্যবোধ করতেন এই অভিনেত্রী।

ঘুমের বিষয়েও ছিল মনরোর নিজস্ব কিছু অভ্যাস। কাজের ব্যস্ততার ওপর নির্ভর করে রাতে পাঁচ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত ঘুমাতেন তিনি। সকালে ঘুম থেকে উঠতে কিছুটা সময় লাগত তার। ছুটির দিনে কখনো কখনো দীর্ঘ সময় বিছানায় কাটাতেন। অর্থাৎ খাবার ও শরীরচর্চার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামকেও গুরুত্ব দিতেন হলিউডের এই তারকা।

উল্লেখ্য, ১৯২৬ সালের ১ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন মেরিলিন মনরো। জন্মের সময় তার নাম ছিল নরমা জিন মর্টেনসন। মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৪৬ সালে টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর অভিনয়জগতে যাত্রা শুরু হয় তার। তখনই নিজের নাম পরিবর্তন করে রাখেন মেরিলিন মনরো।

‘দ্য অ্যাসফল্ট জাঙ্গল’ ও ‘অল অ্যাবাউট ইভ’ সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করে প্রথম নজর কাড়েন তিনি। এরপর ১৯৫৩ সালে ‘নিয়াগ্রা’, ‘জেন্টলমেন প্রেফার ব্লন্ডস’ ও ‘হাউ টু ম্যারি আ মিলিয়নিয়ার’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান। পরবর্তী সময়ে ‘দ্য সেভেন ইয়ার ইচ’ ও ‘সাম লাইক ইট হট’-এর মতো সিনেমায় অভিনয় করে হলিউডের অন্যতম স্মরণীয় অভিনেত্রী হয়ে ওঠেন মেরিলিন মনরো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য

ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য

কুমড়োর রায়তা বানানোর সহজ রেসিপি জানালেন ভাগ্যশ্রী

কুমড়োর রায়তা বানানোর সহজ রেসিপি জানালেন ভাগ্যশ্রী

৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

শাকসবজিতে লুকিয়ে থাকে বিপদ!

শাকসবজিতে লুকিয়ে থাকে বিপদ!

রান্নাঘর পরিপাটি রাখার ৫টি কৌশল

রান্নাঘর পরিপাটি রাখার ৫টি কৌশল

‘দ্য ব্যাটম্যান পার্ট টু’তে চরিত্র নিয়ে দুশ্চিন্তায় স্কারলেট জোহানসন

‘দ্য ব্যাটম্যান পার্ট টু’তে চরিত্র নিয়ে দুশ্চিন্তায় স্কারলেট জোহানসন

আরও পড়ুন

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

সৌন্দর্য ধরে রাখতে কী খেতেন মেরিলিন মনরো, জানালেন নিজেই

ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য

ফিট থাকতে ডায়েটে কঠোর কোহলি, জানালেন ফিটনেসের রহস্য

৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

৫ খাবারের সঙ্গে ভুলেও খাবেন না চিয়া সিড

নারীদের উপকারী ৫ ব্যায়াম

নারীদের উপকারী ৫ ব্যায়াম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম