Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

উৎসবের ভোজের পর পেটে তীব্র ব্যথা হলে যা করবেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ পিএম

উৎসবের ভোজের পর পেটে তীব্র ব্যথা হলে যা করবেন

সংগৃহীত ছবি

Advertisement

উৎসব কিংবা বিশেষ আয়োজনে বাহারি খাবারের আকর্ষণ এড়ানো কঠিন। মাংস, পোলাও, বিরিয়ানি, ভাজাপোড়া থেকে শুরু করে মিষ্টান্ন—সব মিলিয়ে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেয়ে ফেলেন। এর ফলে দেখা দিতে পারে পেট ফাঁপা, অস্বস্তি কিংবা ব্যথার মতো সমস্যা।

তবে খাওয়ার পর হঠাৎ তীব্র পেটব্যথা শুরু হলে সেটিকে সাধারণ বদহজম মনে করে অবহেলা করা উচিত নয়। অতিরিক্ত খাবার ছাড়াও পেটের ভেতরের নানা জটিলতার কারণে এমন ব্যথা হতে পারে।

এ অবস্থায় প্রাথমিকভাবে কী করা উচিত, কোন অভ্যাসগুলো এড়িয়ে চলতে হবে এবং কখন হাসপাতালে যেতে হবে, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।

ব্যথা শুরু হলে প্রথমেই বিশ্রাম নিন

খাওয়ার পর পেটে ব্যথা বা অস্বস্তি অনুভব করলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া প্রয়োজন। এ সময় সঙ্গে সঙ্গে শুয়ে না পড়ে সোজা হয়ে বসে থাকুন। অল্প অল্প করে পানি পান করুন। একসঙ্গে বেশি পানি পান করা কিংবা আরও খাবার খাওয়া থেকে বিরত থাকুন। অস্বস্তি না কমা পর্যন্ত ভারী খাবার এড়িয়ে চলুন।

খাবারের ক্ষেত্রে সতর্ক থাকুন

পেটে সমস্যা দেখা দিলে সহজে হজম হয় এমন খাবার অল্প পরিমাণে খাওয়া যেতে পারে। এ সময় অতিরিক্ত তেল-মসলা, চর্বিযুক্ত খাবার ও ভাজাপোড়া থেকে দূরে থাকুন। পাশাপাশি কোমল পানীয় এবং অতিরিক্ত চা-কফি পান না করাই ভালো। খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়ার অভ্যাসও বাদ দিতে হবে।

চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ নয়

পেটব্যথা শুরু হলেই নিজের সিদ্ধান্তে ব্যথানাশক কিংবা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া উচিত নয়। কারণ, পেটব্যথার পেছনে একাধিক কারণ থাকতে পারে। ওষুধের কারণে সাময়িকভাবে ব্যথা কমে গেলেও মূল সমস্যা থেকে যেতে পারে। তাই ব্যথা তীব্র হলে বা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

যেসব লক্ষণ বিপদের সংকেত

পেটব্যথা যদি অসহ্য হয়ে ওঠে, ক্রমাগত বাড়তে থাকে কিংবা দীর্ঘ সময়েও না কমে, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। বিশেষ করে ব্যথার পাশাপাশি কয়েকটি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। যেমন—

  • বারবার বমি হওয়া বা জ্বর আসা।
  • পেট অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া কিংবা শক্ত হয়ে যাওয়া।
  • চোখ বা ত্বকের রং হলুদ হয়ে যাওয়া।
  • পায়খানা ও গ্যাস বন্ধ হয়ে যাওয়া।
  • মাথা ঘোরা কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়া।
  • এ ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যেতে হবে।

কখন চিকিৎসকের কাছে যাবেন

বিশ্রাম নেওয়ার পরও পেটব্যথা না কমলে কিংবা স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। হঠাৎ তীব্র ব্যথা শুরু হলে বা বিপজ্জনক কোনো উপসর্গ দেখা দিলে অপেক্ষা না করে জরুরি বিভাগে যেতে হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসক ব্যথার প্রকৃত কারণ নির্ধারণ করে চিকিৎসা দেবেন।

উৎসবের আনন্দে খাবারের পরিমাণে নিয়ন্ত্রণ রাখুন

উৎসবের খাবার উপভোগ করতে গিয়ে একসঙ্গে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকাই ভালো। অল্প অল্প করে খাবার গ্রহণ এবং খাবারের মধ্যে ভারসাম্য বজায় রাখলে পেটের ওপর বাড়তি চাপ কম পড়ে। ভোজের পর সামান্য অস্বস্তি হলে বিশ্রাম ও হালকা খাবার সহায়ক হতে পারে। তবে তীব্র কিংবা দীর্ঘস্থায়ী পেটব্যথাকে সাধারণ বদহজম ভেবে অবহেলা করা বিপজ্জনক। প্রয়োজনে দ্রুত চিকিৎসা নেওয়াই জটিলতা এড়ানোর সবচেয়ে নিরাপদ উপায়।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

আরও পড়ুন

উৎসবের ভোজের পর পেটে তীব্র ব্যথা হলে যা করবেন

উৎসবের ভোজের পর পেটে তীব্র ব্যথা হলে যা করবেন

শিশুদের ক্যাফেইন গ্রহণে রয়েছে যে ঝুঁকি

শিশুদের ক্যাফেইন গ্রহণে রয়েছে যে ঝুঁকি

আম ও অ্যাভোকাডো খেলে কি হৃদযন্ত্র ভালো থাকবে? যা বলছে গবেষণা

আম ও অ্যাভোকাডো খেলে কি হৃদযন্ত্র ভালো থাকবে? যা বলছে গবেষণা

টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সহায়ক যেসব খাবার

টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সহায়ক যেসব খাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম