ফ্রোজেন শাকসবজির পুষ্টিগুণ কি তাজা সবজির সমান?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্যস্ত জীবনে প্রতিদিন বাজার করা কিংবা তাজা শাকসবজি পরিষ্কার করে রান্নার প্রস্তুতি নেওয়া অনেকের জন্যই কঠিন। তাই সময় ও পরিশ্রম বাঁচাতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ফ্রোজেন বা হিমায়িত শাকসবজি। মটরশুঁটি, গাজর, ভুট্টা, শিম কিংবা ব্রোকলির মতো সবজি আগে থেকেই পরিষ্কার ও কেটে প্যাকেটজাত অবস্থায় পাওয়া যায়। ফলে অল্প সময়েই তৈরি করা সম্ভব নানা ধরনের খাবার।
তবে সুবিধাজনক এই খাবারগুলো কতটা স্বাস্থ্যকর, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ফ্রোজেন শাকসবজি কি তাজা সবজির মতোই পুষ্টিকর? নিয়মিত এসব সবজি খেলে শরীরের কোনো ক্ষতি হয় কি না, তা নিয়েও রয়েছে কৌতূহল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'র এক প্রতিবেদনে পুষ্টিবিদ নমামি আগরওয়াল এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। তার মতে, সঠিকভাবে সংরক্ষণ করা ফ্রোজেন শাকসবজি পুষ্টির দিক থেকে বেশ ভালো বিকল্প হতে পারে। তবে কেনার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।
পুষ্টিগুণ অনেকটাই অক্ষুণ্ন থাকে
পুষ্টিবিদ নমামি আগরওয়াল জানান, ফ্রোজেন শাকসবজি সাধারণত পরিপক্ব হওয়ার পর সংগ্রহ করা হয়। গাছ থেকে তোলার পর দ্রুত হিমায়িত করার প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হয় এসব সবজি। ফলে এর মধ্যে থাকা বেশির ভাগ পুষ্টি উপাদান অক্ষুণ্ন থাকে। তাই তাজা সবজির বিকল্প হিসেবেও ফ্রোজেন শাকসবজি খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
খাবারে বৈচিত্র্য আনতে সহজ সমাধান
তাজা শাকসবজি বেশিদিন সংরক্ষণ করা যায় না। অন্যদিকে, ফ্রোজেন সবজি তুলনামূলক দীর্ঘ সময় ভালো রাখা সম্ভব। ফলে প্রয়োজন অনুযায়ী সহজেই এসব সবজি রান্নায় ব্যবহার করা যায়। স্যুপ, তরকারি, পোলাও কিংবা পাস্তার মতো বিভিন্ন খাবারে ফ্রোজেন সবজি যোগ করে প্রতিদিনের খাদ্যতালিকায় বৈচিত্র্য আনা সম্ভব। এতে সময়ও বাঁচে, আবার নিয়মিত সবজি খাওয়ার অভ্যাসও বজায় থাকে।
কেনার আগে প্যাকেটের লেবেল দেখে নিন
ফ্রোজেন শাকসবজি স্বাস্থ্যকর হলেও সব প্যাকেটজাত পণ্য সমান মানের নয়। কিছু পণ্যে স্বাদ বাড়াতে অতিরিক্ত সোডিয়াম, লবণ কিংবা অন্যান্য উপাদান মেশানো থাকতে পারে। তাই কেনার আগে প্যাকেটের উপাদান ও পুষ্টিগুণের তালিকা ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ।
সাধারণ ফ্রোজেন সবজি বেছে নেওয়াই ভালো
নমামি আগরওয়ালের পরামর্শ, অতিরিক্ত মসলা, লবণ কিংবা অন্যান্য উপাদান মেশানো ফ্রোজেন সবজির পরিবর্তে সাধারণ হিমায়িত সবজি কেনা উচিত। এতে খাবারে কী পরিমাণ লবণ বা মসলা ব্যবহার করবেন, তা নিজের মতো নিয়ন্ত্রণ করা যায়।
এছাড়া চাইলে বাড়িতেও তাজা শাকসবজি পরিষ্কার ও প্রয়োজনমতো কেটে হিমায়িত করে রাখা সম্ভব। এতে প্রয়োজনের সময় সহজেই সেগুলো রান্নায় ব্যবহার করা যাবে।
ফ্রোজেন সবজি কি খাদ্যতালিকায় রাখা যাবে?
পুষ্টিবিদ নমামি আগরওয়ালের মতে, ফ্রোজেন শাকসবজিকে অস্বাস্থ্যকর ভেবে খাদ্যতালিকা থেকে বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং সঠিক পণ্য নির্বাচন করে নিয়মিত খাবারে এসব সবজি রাখা যেতে পারে। তবে কেনার আগে উপাদানের তালিকা যাচাই করা এবং প্রতিদিনের খাবারে বিভিন্ন ধরনের শাকসবজি অন্তর্ভুক্ত করাই গুরুত্বপূর্ণ।
সময়ের অভাবে তাজা সবজি কেনা বা রান্না করা সম্ভব না হলে ফ্রোজেন শাকসবজি হতে পারে পুষ্টিকর ও সুবিধাজনক বিকল্প। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে পণ্যের মান ও উপাদানের বিষয়ে সচেতন থাকা জরুরি।

