পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিল ইরান
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৩:১১ পিএম
ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো ইচ্ছা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। তিনি বলেছেন, কোনো ধরনের চাপের মুখেও এ বিষয়ে আলোচনায় বসবে না তেহরান।
রোববার (১ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পার্লামেন্টের এক অধিবেশনে আলী নিকজাদ বলেন, ইরান ও দেশটির সামরিক বাহিনীর ‘অদম্য শক্তি ও দৃঢ় মনোবল’ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বাস্তবতার কঠিন দেয়ালের মুখোমুখি দাঁড় করিয়েছে।
তিনি বলেন, ‘ইরানের এই মহাকাব্যিক প্রতিরোধের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মেনে নিতে হবে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিকে স্বীকৃতি দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এই সংঘাতে শেষ পর্যন্ত ইরানি জাতি নয়, আত্মসমর্পণ করবে যুক্তরাষ্ট্র।’
নিকজাদ আরও বলেন, ‘চাপ যাই আসুক না কেন, পরমাণু ইস্যুতে আলোচনার কোনো ইচ্ছা তেহরানের নেই। যুক্তরাষ্ট্রের দেওয়ার মতো নতুন কিছুই নেই।’
তার ভাষ্য, ‘এই মহান জাতি এরই মধ্যে এ বিষয়ে আলোচনার জন্য শত্রুদের যথেষ্ট সুযোগ দিয়েছে। কিন্তু বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর কিছু অংশে অবৈধ বোমা হামলা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।’

