‘ক্ষমতায় থাকতে ইরানে ফের হামলা করতে পারেন নেতানিয়াহু’
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী নেতা ইয়ার গোলান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার ঘটনাকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত সপ্তাহের নির্বাচনের পর দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এমন আশঙ্কা প্রকাশ করেছেন ইসরাইলি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান।
রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়ার গোলান বলেন, ‘ইরানের সঙ্গে আবারও সংঘাতে জড়ানোর আশঙ্কা বাড়ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ইরানের সঙ্গে বারবার সংঘাতের এমন এক পর্যায়ে পৌঁছেছি, যা প্রমাণ করে নেতানিয়াহু কতটা ব্যর্থ হয়েছেন।’
তার এ বক্তব্য এমন সময়ে এলো, যখন ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালাতে পারে ইসরাইল ও ওয়াশিংটন।
ইয়ার গোলান বলেন, ইরানের সঙ্গে আরেকটি সংঘাত পরিচালনার মতো ‘নৈতিক বৈধতা, এমনকি মৌলিক সক্ষমতাও’ নেতানিয়াহুর নেই।
তিনি নেতানিয়াহুর বিকল্প সরকার গঠনের আহ্বান জানিয়ে সতর্ক করেন, তার নেতৃত্বে ইসরাইলের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
গোলান বলেন, যত দ্রুত সম্ভব নতুন সরকার গঠন করা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ইসরাইলের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা ঝুঁকির মুখে রয়েছে।’
গত মঙ্গলবারের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী দলগুলো—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। এর পরিপ্রেক্ষিতেই তিনি এ সতর্কবার্তা দেন।
প্রাথমিক ফল অনুযায়ী, ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।
ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো জোটই নিশ্চিত করতে পারেনি।
নির্বাচনের এ অনিশ্চিত ফলাফলে কয়েকটি সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন, জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠা কিংবা নতুন করে নির্বাচন আয়োজন। সূত্র: আনাদোলু

