|
ফলো করুন |
|
|---|---|
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সঙ্গে যুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের দৈনিক সম্মানীর হার পুনর্নির্ধারণ করেছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দৈনিক সম্মানী হিসেবে পাবেন দুই হাজার ৫০০ টাকা। এছাড়া প্রসিকিউশন কর্মকর্তা এক হাজার ৪০০ টাকা, পেশকার এক হাজার টাকা এবং অফিস সহায়ক ৮০০ টাকা করে পাবেন।
বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানীর পরিমাণ পুনর্নির্ধারণ করেছে।
প্রজ্ঞাপনে সম্মানী দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্তও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরকে নিজস্ব রিসোর্স সিলিংয়ের (সীমা) মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে। এ খাতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।
এছাড়া এ ব্যয়ে উৎসে কর বিধিমালা-২০২৬ অনুযায়ী উৎসে কর কর্তনসহ যাবতীয় আর্থিক বিধিবিধান প্রতিপালন করতে হবে। ঝুঁকিভাতা পাওয়া কোনো কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে এ সম্মানী প্রযোজ্য হবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ ব্যয়ে কোনো আর্থিক অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। আদেশ জারির তারিখ থেকে নতুন এ সম্মানীর হার কার্যকর হবে।
এদিকে, নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহযোগী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানীর হার পুনর্নির্ধারণসংক্রান্ত অর্থ বিভাগের ২০২০ সালের ২৭ আগস্টের ২০৬ নম্বর স্মারকটি বাতিল করা হয়েছে।
