Logo
Logo
×

Advertisement

জাতীয়

হিফজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ হাফেজ, পুরস্কার ১০ লাখ টাকার বেশি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

হিফজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ হাফেজ, পুরস্কার ১০ লাখ টাকার বেশি

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Advertisement

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এতে ছয়টি গ্রুপে প্রথম থেকে দ্বাদশ স্থান অর্জনকারী ৬০ জন বিজয়ীর মধ্যে ১০ লাখ টাকার বেশি নগদ অর্থ ও বিভিন্ন পুরস্কারসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার রাজধানীর লালবাগ শাহী মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, হিফজ শিক্ষার্থীদের সহিহ তিলাওয়াত ও আন্তর্জাতিক মানের কুরআন পাঠে উৎসাহিত করতে গত ৩১ বছর ধরে দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে ফাউন্ডেশন। এবারের প্রতিযোগিতায় সারাদেশের ৫১২টি থানা ও জোনে প্রাথমিক বাছাইয়ে অংশ নেয় দুই লক্ষাধিক প্রতিযোগী। দ্বিতীয় পর্যায়ে ১১৯টি জেলা ও জেলা জোনে প্রায় ১৫ হাজার এবং তৃতীয় পর্যায়ে ১৬টি বিভাগ ও বিভাগীয় জোনে দুই হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। বাছাই শেষে ৫৬০ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়।

রোববার সকাল ৮টায় মূল প্রতিযোগিতা শুরু হয়। দিনব্যাপী বিচারকদের মূল্যায়ন শেষে বাদ জোহর পবিত্র কুরআনের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি শায়েখ আব্দুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা ইমরান নুরুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদিনার বিশিষ্ট আলেম ড. আব্দুল্লাহ মোহাম্মাদ গাইলান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

অনুষ্ঠানে বক্তব্যে আব্দুস সালাম বলেন, কুরআনের হাফেজরা যতদিন থাকবেন, ততদিন কুরআনকে কেউ মুছে দিতে পারবে না। বাংলাদেশের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হয় উল্লেখ করে তিনি বলেন, দেশ ভালো থাকুক, তা প্রতিবেশী দেশ কখনো চায় না। তাদের কিছু পেতাত্মা আছে, যারা এ দেশকে তাদের গোলাম বানাতে চেয়েছিল। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, তবে তা সফল হবে না। হাজার চেষ্টা করেও কেউ ইসলাম ধর্মের ক্ষতি করতে পারবে না।

এ ধরনের কুরআন প্রতিযোগিতা আরও বেশি আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি এসব আয়োজনে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও প্রতিযোগিতা বাস্তবায়ন সাব-কমিটির আহ্বায়ক হাফেজ মোহাম্মদ নাসির উদ্দিন, অর্থ সম্পাদক ও লালবাগ শাহী মসজিদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আব্দুল গাফফার এবং সাংগঠনিক সম্পাদক ও প্রতিযোগিতা বাস্তবায়ন সাব-কমিটির সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আজম খান।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার ফলাফল

৫ পারা গ্রুপ: প্রথম হয়েছে নেত্রকোনা মাদিনাতুল কুরআন মাদরাসার হাসান রুহান, দ্বিতীয় খুলনার তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার আল মজিদ এবং তৃতীয় নেত্রকোনা জামালুল কুরআন মাদরাসার মো. হুসাইন।

১০ পারা গ্রুপ: প্রথম হয়েছে নেত্রকোনা জামালুল কুরআন মাদরাসার মো. জুনাইদ আল হাবীব, দ্বিতীয় শরীয়তপুরের আটপাড়া বাহির কুশিয়া দারুল কুরআন কওমী মাদরাসার মুহাম্মাদ আহনাফ খান এবং তৃতীয় খুলনার মা'হাদু সাওতিল কুরআন বালক-বালিকা মাদরাসার গালিব বিন বাশার।

২০ পারা গ্রুপ: প্রথম হয়েছে নেত্রকোনা জামালুল কুরআন মাদরাসার মো. যোবায়ের আহমাদ, দ্বিতীয় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার মো. আবু সাঈদ এবং তৃতীয় রাজধানীর উত্তরায় তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার আব্দুর রহমান জারিফ।

৩০ পারা গ্রুপ: প্রথম হয়েছে বাগেরহাটের মাদরাসায়ে আবু হুরায়রা (রা.) তাহফিজুল কুরআন ও এতিমখানার মো. খালিদ মোল্লা, দ্বিতীয় নারায়ণগঞ্জের তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার মুহতাদি ইসলাম মাহিয়ান এবং তৃতীয় রাজধানীর যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার মাহদী হাসান।

সিগারুল হুফফাজ গ্রুপ: প্রথম হয়েছে ময়মনসিংহ সদরের তালিমুল তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার মাহমুদুল হাসান তায়্যিব, দ্বিতীয় নেত্রকোনা জামালুল কুরআন মাদরাসার মোহাম্মাদ আলী এবং তৃতীয় ময়মনসিংহের ফুলপুরের দারুল ইনসান ইন্টারন্যাশনাল মাদরাসার মো. আজমল আহমেদ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মঙ্গোল সাম্রাজ্যে ইসলামের বিস্তার ঘটান যে শাসক

মঙ্গোল সাম্রাজ্যে ইসলামের বিস্তার ঘটান যে শাসক

কেন পাগলা মসজিদে মানুষ এত দান করে? জানুন এর পেছনের রহস্য!

কেন পাগলা মসজিদে মানুষ এত দান করে? জানুন এর পেছনের রহস্য!

ইসলাম গ্রহণ করতে চান ছেলে, সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপকের

ইসলাম গ্রহণ করতে চান ছেলে, সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপকের

ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে দেদার ভাঙা হচ্ছে মুসলিমদের বাড়িঘর

ভারতে ‘বুলডোজার জাস্টিসের’ নামে দেদার ভাঙা হচ্ছে মুসলিমদের বাড়িঘর

স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ও তদবির

স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া ও তদবির

মধুপুর মাদ্রাসার ইসলাহি ইজতেমায় আসছেন দেশ-বিদেশের আলেমরা

মধুপুর মাদ্রাসার ইসলাহি ইজতেমায় আসছেন দেশ-বিদেশের আলেমরা

আরও পড়ুন

মানিকগঞ্জে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

হিফজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ হাফেজ, পুরস্কার ১০ লাখ টাকার বেশি

হিফজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ হাফেজ, পুরস্কার ১০ লাখ টাকার বেশি

লেজিসলেটিভ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

লেজিসলেটিভ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

তামাকমুক্ত তারুণ্য গড়তে খেলাধুলা ও সংস্কৃতিতে জোর মাহদী আমিনের

তামাকমুক্ত তারুণ্য গড়তে খেলাধুলা ও সংস্কৃতিতে জোর মাহদী আমিনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম