চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে বাংলাদেশে উসকানি দিচ্ছে ভারত: রিজভী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আধিপত্যবাদের বিভিন্ন হাতিয়ার এখনো ব্যবহার করা হচ্ছে। শেখ হাসিনা বিভিন্ন সময় বলেছেন, তিনি দেশে ফিরে আসবেন। তার অনুসারীরা বিভিন্ন স্থানে আগুন ও নাশকতা চালাচ্ছে। অন্যদিকে, প্রতিবেশী দেশের নীতিনির্ধারকেরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে উসকানি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী আহমেদ বলেন, বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের মধ্যে নিয়ে গিয়ে করদ রাজ্যে পরিণত করার প্রচেষ্টা কখনো বন্ধ হয়নি। কমরেড তোয়ারা সেই বাস্তবতা অনেক আগেই উপলব্ধি করেছিলেন। আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম ও রাজনৈতিক শিক্ষা আজও প্রাসঙ্গিক।
রিজভী জানান, ভাষা আন্দোলনের নেতা গোলাম আর টিপু এবং বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কাছ থেকে কমরেড তোহার অনেক গল্প শুনেছেন। ডাকসুর তৎকালীন প্রভাবশালী নেতা হিসেবে কমরেড তোহার পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান—উভয় অংশেই ব্যাপক জনপ্রিয়তা ছিল।
১৯৪৮ সালে বাংলা ভাষার পক্ষে কমরেড তোহার সাহসী ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মুখের ওপর দাঁড়িয়ে বাংলা ভাষার পক্ষে প্রতিবাদ জানানো সহজ বিষয় ছিল না। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হওয়ার পরপরই রাষ্ট্রের প্রতিষ্ঠাতার সামনে প্রকাশ্যে প্রতিবাদ করা অনেক বড় সাহসের ব্যাপার ছিল। কিন্তু কমরেড তোহা সেই সাহস দেখিয়েছিলেন।
কমরেড তোহার ব্যক্তিগত ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, রামগতিতে তার বেশ বড় জমিদারি ছিল বলে শুনেছেন। কিন্তু খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী ও কৃষকদের জন্য তিনি নিজের সবকিছু উৎসর্গ করেছিলেন। পুরান ঢাকা বা গোপীবাগের দিকে তার সঙ্গে দেখা করতে গিয়ে একজন মানুষের ত্যাগ ও আত্মোৎসর্গের দৃষ্টান্ত দেখার সুযোগ হয়েছিল। নিজের বিশ্বাস ও আদর্শ থেকে তিনি কখনো সরে আসেননি।
রিজভী বলেন, ছাত্রনেতা থাকাকালে একবার তারা কমরেড তোহার সঙ্গে দেখা করেছিলেন। তারা ছাত্রদল করেন জানতে পেরেও তিনি তাদের স্নেহ ও আশীর্বাদ করেছিলেন। তার কথাবার্তা ও বিশ্লেষণ থেকে একজন রাজনীতিবিদের গভীর পাণ্ডিত্যের পরিচয় পেয়েছিলেন। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে তার বিশ্লেষণ ছিল অসাধারণ। মুরব্বিদের কাছ থেকে শুনেছেন, পবিত্র কোরআন শরিফের অনেকাংশ তার মুখস্থ ছিল।
বামপন্থী রাজনীতির বিভক্তি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, একসময় দেশে একটি মৌলিক রাজনৈতিক রূপান্তরের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তাত্ত্বিক ও দর্শনগত বিতর্কের কারণে নেতাদের মধ্যে বিভক্তি তৈরি হয়। হক সাহেবের মতো অর্থনীতিতে স্বর্ণপদকপ্রাপ্ত ব্যক্তি, কমরেড তোহা এবং অন্যান্য নিবেদিতপ্রাণ নেতাদের মধ্যে ঐক্য থাকলে সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত।
তিনি বলেন, সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে যে স্লোগান তারা একসময় দিয়েছেন, সেগুলোর তাৎপর্য এখনো হারিয়ে যায়নি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা তারা শিখেছেন সাম্যবাদী দলের লেখালেখি এবং ন্যাপের মাওলানা ভাসানীর বিভিন্ন বক্তব্য ও লেখার মধ্য দিয়ে।
কমরেড তোহার রাজনৈতিক জীবনে নির্যাতন ও কারাবরণের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, তিনি রক্ষীবাহিনীর অত্যাচারের শিকার হয়েছেন। দীর্ঘদিন কারাগারেও ছিলেন। ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ১৯৭৯ সালের সংসদে সদস্য হিসেবে বক্তব্য দিয়েছেন। তখন টেলিভিশনের প্রচলন কম থাকায় পত্রপত্রিকায় তার বক্তব্য পড়ে তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতেন তারা।
তিনি বলেন, কমরেড তোহারা স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু ১৯৭২ সাল থেকেই তারা বুঝতে পেরেছিলেন, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও বাংলাদেশকে দিল্লি নিজেদের প্রভাববলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে। সেই সময় থেকেই তারা আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
রিজভী বলেন, মাওলানা ভাসানী ও কমরেড তোহার মধ্যে মতপার্থক্য থাকলেও তারা সবাই দেশপ্রেমিক ছিলেন। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সার্বভৌম সত্তা রক্ষা করতে চেয়েছেন। তাদের কাজ, বক্তব্য, সংগ্রাম ও ত্যাগ আজও আমাদের অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, পূর্বসূরিদের দেওয়া শিক্ষা আত্মস্থ ও অনুশীলন করতে পারলে শত্রু-মিত্র চিহ্নিত করা সহজ হবে। একই সঙ্গে স্বাধীনতার পক্ষে আরও দৃঢ়ভাবে অবস্থান নেওয়া সম্ভব হবে।
বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান মো. নূরে আলমের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এ ছাড়া বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

