ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গণমাধ্যম সংস্কারের দাবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
মিডিয়াকে দখল করে হাতিয়ার হিসেবে ব্যবহার করেই ফ্যাসিস্টরা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে পেরেছিল। গণঅভ্যুত্থানের পর গণমাধ্যমের শীর্ষ পদে পছন্দের লোকদের বসানো হলেও ভেতরে ফ্যাসিবাদের পুরোনো কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে। ফ্যাসিবাদী মিডিয়াগুলো জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ও আন্দোলনের পক্ষে ভূমিকা পালনকারীদের নতুন করে হত্যাযোগ্য করে তোলার মিশনে নেমেছে। গণমাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ ও সংস্কার না করলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কনফারেন্স হলে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) আয়োজিত ‘গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য ও অসহিষ্ণু রাজনৈতিক হালচাল; জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগ নিতে হবে। তাদের জঙ্গি তাণ্ডব ও কর্মকাণ্ড এভাবে চলতে পারে না। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করেনি। ভারতের গর্জন ও হুমকির মধ্য দিয়ে সেটি আবারও প্রমাণিত হয়েছে। বাংলাদেশ ও এ দেশের জনগণকে নিয়ে ভারত ভয়াবহ ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তারা। পাশাপাশি পুরোনো সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধান তৈরির বিকল্প নেই বলে মত দেন বক্তারা। বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপিকেও বিপ্লবের চেতনা ধারণ করতে হবে বলে মন্তব্য করেন তারা।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব চলছে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের সময়। এ বিষয়ে সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ আর কখনোই ফিরতে পারবে না। ফিরলেও আগের মতো আসতে পারবে না। ফ্যাসিবাদ ফিরে এলে বিএনপি-জামায়াতের সবাইকে ফাঁসি দেবে। তাই ফ্যাসিবাদ বন্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাসের নাম। এই ভাইরাস ধ্বংস করতে হবে। মিডিয়ায় আওয়ামী বয়ান বন্ধ করতে হবে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করতে হবে।
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, জুলাই শক্তির মধ্যে অনৈক্য তৈরি হয়েছে। বিএনপি দুইবার ক্ষমতায় এসেছে—একবার সিপাহি, আরেকবার জুলাইয়ের মাধ্যমে। কিন্তু বিএনপি বলে, তারা বিপ্লবী দল নয়। বিএনপির মধ্যে দুটি অংশ রয়েছে—একটি আওয়ামী লীগকে চায়, অন্যটি জামায়াতকে। জামায়াত নির্যাতিত দল, তাদের জনগণ ভোট দিয়েছে। আওয়ামী লীগ বিরোধী দল হলে বিএনপির অবস্থান কী হবে, গ্যাস-বিদ্যুৎ নিয়ে আওয়ামী লীগের অবস্থান কী হবে—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, সুবিধার আলোচনায় বিএনপি-জামায়াত এক। রাজনীতির চাবি ও খেলা অন্য জায়গায়। তাই আওয়ামী লীগকে মোকাবিলায় জামায়াত ও বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
রাজনৈতিক চিন্তক ও লেখক ফরহাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম অগ্রাধিকার ছিল নতুন রাষ্ট্র গঠন ও নতুন সংবিধান তৈরি। কারণ আওয়ামী লীগের সংবিধানের মধ্যেই ফ্যাসিবাদের বীজ রোপিত রয়েছে। বাইরের কোনো রাষ্ট্র বাংলাদেশকে শাসন করতে চাইলে এই সংবিধানই তাদের অস্ত্র হিসেবে কাজ করবে।
১৯৭২ সালের সংবিধানে মানুষের মতামত প্রতিষ্ঠিত হতে দেওয়া হয়নি দাবি করে তিনি বলেন, যত দিন এই সংবিধান মেনে চলা হবে, তত দিন ফ্যাসিবাদের বীজ নিয়েই চলতে হবে।
রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, মিডিয়াকে দখল করে হাতিয়ার হিসেবে ব্যবহার করেই ফ্যাসিস্টরা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। এর মাধ্যমে তারা নিজেদের সুবিধামতো বয়ান ও ন্যারেটিভ তৈরি করেছে। বিগত ১৭ বছরের শাসনামলে দেশের প্রধান দুটি সংবাদপত্র ও মিডিয়া ‘দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে’ বলে পরিকল্পিত বয়ান তৈরি করেছিল। অথচ জঙ্গিদের প্রকৃত পরিচয় বা প্রশিক্ষণের উৎস জানানো হয়নি। বরং বাড়িঘর ঘেরাও করে পরিবারগুলোকে বের করে আনার পটভূমি তৈরি করেছিল মিডিয়া।
তিনি আরও বলেন, মিডিয়া হাউসগুলোর শীর্ষ পদে পছন্দের লোকদের বসিয়ে মোটা অঙ্কের বেতন ও সুযোগ-সুবিধা দেওয়া হলেও ভেতরে ফ্যাসিবাদের পুরোনো কাঠামো অপরিবর্তিত রয়েছে। জার্মানির ‘ডি-নাজিফিকেশন’-এর মতো বাংলাদেশেও গণমাধ্যমসহ সর্বত্র ‘ডি-ফ্যাসিজম’ বা ফ্যাসিবাদের কাঠামোগত মূলোৎপাটনের প্রক্রিয়া শুরু করা জরুরি। সম্প্রতি টেলিভিশনে গ্রামীণ ব্যাংক নিয়ে উসকানিমূলক বক্তব্য প্রচারের পর প্রায় ৩০টি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট সাংবাদিক বা মিডিয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের (বিএজে) সভাপতি, বিএফইউজের সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশের যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে গণমাধ্যমে ফ্যাসিবাদের যে দৌরাত্ম্য ছিল, সাম্প্রতিক সময়ে তা প্রায় আগের অবস্থায় ফিরে গেছে। কিছুদিন নীরব থাকলেও ফ্যাসিবাদী মিডিয়াগুলো জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ও আন্দোলনের পক্ষের লোকজনকে নতুন করে হত্যাযোগ্য করে তোলার প্রক্রিয়া শুরু করেছে। মূলধারার গণমাধ্যমের কনটেন্টে পুরোপুরি না এলেও সামাজিক মাধ্যম, ইউটিউব চ্যানেল ও পেজগুলোতে এই প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, গণমাধ্যম সংস্কারে দায়িত্বশীলদের আন্তরিকতা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা বাধাগ্রস্ত হয়েছে। জুলাইয়ের শক্তিকে সহায়তা করতে বাধাদানকারী আমলা ও সচিবরা এখনো বহাল রয়েছেন।
শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা সংসদ সদস্য রোকেয়া বেগম বলেন, গত ৫৪ বছর ধরেই ফ্যাসিবাদের মধ্যে বসবাস করছেন তারা। ১৬ বছর ধরে হাজার হাজার মানুষকে হত্যা করা হলেও সংবাদমাধ্যমে তা গুরুত্বহীনভাবে দেখানো হয়েছে। পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যার সময় গণমাধ্যমের ভূমিকা ছিল না এবং প্রতিবেশী দেশের আধিপত্যের বিষয়টিও আড়াল করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য আবার বাড়ছে। মিডিয়াগুলো আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ ও নিষিদ্ধ বলে উল্লেখ করছে না। অপরাধীদের পক্ষে সাফাই গেয়ে তথাকথিত ‘ব্যালান্সড নিউজ’-এর নামে গণহত্যার বয়ান তৈরি করছে। বিগত সময়ে ফ্যাসিবাদের দালালি করা সাংবাদিকদের পুনর্বাসিত করা হচ্ছে। অন্যদিকে, জীবনের ঝুঁকি নিয়ে জুলাই আন্দোলনের সংবাদ আন্তর্জাতিক মহলে পৌঁছে দেওয়া সাহসী সাংবাদিকদের চাকরিচ্যুত করা হচ্ছে।
সংগঠনের আহ্বায়ক সাইফুর রহমান সাগরের সভাপতিত্বে এবং সাংবাদিক তালুকদার রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিক্ষক ও গবেষক ড. শিব্বির আহমেদ, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আমান আজমী, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন এবং রাজনৈতিক বিশ্লেষক জহিরুল ইসলাম প্রমুখ।

-6b0c39e200ae9.jpg)