|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে টি-টোয়েন্টি ক্রিকেটে আবারও সেঞ্চুরির দেখা পেলেন বাবর আজম। রোববার (১৯ এপ্রিল) করাচিতে অনুষ্ঠিত ম্যাচে পুরো ২০ ওভার ব্যাট করে মাত্র ৫২ বলেই শতক পূর্ণ করেন তিনি।
এটি বাবরের ক্যারিয়ারের ১২তম টি-টোয়েন্টি সেঞ্চুরি এবং ২০২৪ সালের ফেব্রুয়ারির পর প্রথম শতক। এই সেঞ্চুরির সুবাদে প্রায় ৭৮৩ দিনের অপেক্ষার অবসান ঘটল তার।
চলমান পাকিস্তান সুপার লিগে এটি তার তৃতীয় সেঞ্চুরি, এবং তিনটিই এসেছে পেশওয়ার জালমির হয়ে। এর মধ্যে দুটি শতকই আবার করেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে।
৫২ বলের এই ইনিংসটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন। করাচির ম্যাচে তার ব্যাটিংয়ের বড় বৈশিষ্ট্য ছিল দ্রুত দৌড়ে রান নেওয়া। এছাড়া এই শতক হাঁকানো ইনিংসে তিনি ৬টি চার ও ৪টি ছক্কা মারেন, আর বাকি ৫২ রান আসে সিঙ্গেল ও ডাবল থেকে। পুরো ইনিংসে খেলেছেন মাত্র একটি ডট বল।
এই ম্যাচে বাবরের সঙ্গে কুশল মেন্ডিস, মোহাম্মদ হারিস, ফারহান ইউসুফ এবং অ্যারন হার্ডির ছোট ছোট ইনিংসের অবদানে ২০ ওভারে ৩ উইকেটে ২৫৫ রান তোলে পেশোয়ার, যা পিএসএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে কোয়েটা ১৩৭ রানেই অলআউট হয়, ফলে ১১৮ রানের বড় জয় পায় পেশোয়ার।
এদিন কুশল মেন্ডিসের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন বাবর। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে সর্বাধিক শতরানের জুটিতে অংশ নেওয়ার রেকর্ডে ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলিকে ছুঁয়ে ফেলেন তিনি।
টি-টোয়েন্টিতে সর্বাধিক ১০০+ রানের জুটিতে অংশ নেওয়া খেলোয়াড়রা:
৪৭ – বিরাট কোহলি
৪৭ – বাবর আজম
৪৬ – ক্রিস গেইল
৪৫ – ডেভিড ওয়ার্নার
৪০ – ফাফ ডু প্লেসিস

