Logo
Logo
×
   

খেলা

আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন হার্দিক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৩:৪০ পিএম

আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন হার্দিক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য দুঃস্বপ্নের মতোই কাটছে। মাঠের ব্যর্থতার ধারাবাহিকতার মধ্যেই এবার নতুন বিতর্কে জড়িয়েছেন দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে জরিমানার মুখে পড়তে হয়েছে।

আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, হার্দিক প্রথম স্তরের (লেভেল–১) আচরণবিধি ভঙ্গ করেছেন। অভিযোগ অনুযায়ী, ম্যাচ চলাকালে মাঠের সরঞ্জামের সঙ্গে অনুপযুক্ত আচরণ করেছেন তিনি। নিয়ম অনুযায়ী, ক্রিকেট সরঞ্জাম, পোশাক বা মাঠের উপকরণ নিয়ে এমন আচরণ শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হয়।

ঘটনাটি ঘটে কলকাতার রান তাড়ার সময়। ইনিংসের দশম ওভারে একটি বল শেষে নিজের রান-আপে ফেরার সময় হতাশা থেকে স্টাম্পের বেল ছুঁড়ে ফেলেন হার্দিক। পরে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তিও মেনে নেন।

এই ঘটনার কারণে জরিমানার পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক ডিমেরিট পয়েন্ট জমলে নিষেধাজ্ঞার ঝুঁকিও তৈরি হতে পারে।

শুধু শাস্তিই নয়, ম্যাচের ফলও হতাশ করেছে মুম্বাইকে। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে পড়া দলটি কঠিন উইকেটে ১৪৭/৮ রান তুললেও সেই সংগ্রহ রক্ষা করতে পারেনি। কলকাতা নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় হাতে সাত বল রেখেই, ফলে প্লে-অফে ওঠার আশা টিকিয়ে রাখে তারা।

ম্যাচ শেষে হার্দিক স্বীকার করেন, পুরো মৌসুমজুড়ে ব্যাটিং ও ফিল্ডিং—দুই বিভাগেই মুম্বাই ধারাবাহিকভাবে ভুল করেছে। তার মতে, দল অন্তত ২০ রান কম করেছে এবং গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করাও বড় ক্ষতির কারণ হয়েছে।

এবারের আইপিএলে মুম্বাইয়ের পারফরম্যান্স তাদের প্রত্যাশার কাছাকাছিও যেতে পারেনি। এখন পর্যন্ত মাত্র চারটি জয় পাওয়া দলটি রোববার (২৪ মে) রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের শেষ লিগ ম্যাচ খেলবে।

সূত্র: এনডিটিভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম