Logo
Logo
×
   

Advertisement

খেলা

চ্যাম্পিয়নদের বধ্যভূমিতে শেষ আর্সেনালের অপরাজেয় যাত্রা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ এএম

চ্যাম্পিয়নদের বধ্যভূমিতে শেষ আর্সেনালের অপরাজেয় যাত্রা

সংগৃহীত

Advertisement

আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়াম— জায়গাটা যেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের জন্য রীতিমতো বধ্যভূমিই হয়ে পড়েছে।

প্রথমবার হলে বিষয়টাকে ঝড়ে বকে বলা যায়, দ্বিতীয়বার হলে তাকে বলা চলে কাকতাল, কিন্তু তৃতীয়বারও তার পুনরাবৃত্তি হলে সেটাকে ‘ঐতিহ্য’ না বলে আর উপায় থাকে না। ২০২৪-২৫ মৌসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি হেরেছিল এই মাঠে, গেল মৌসুমে শিরোপাধারী লিভারপুলও একই পরিণতি বরণ করেছিল, এবার আর্সেনালও নিল একই তেঁতো স্বাদ।

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে তারা হারল ৩-০ গোলে। তাতে প্রিমিয়ার লিগে শিরোপা রক্ষার লড়াইয়ে বড় ধাক্কাই খেলো দলটি। 

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সাতটি ম্যাচেই জিতেছিল মিকেল আর্তেতার দল। দুর্দান্ত ফর্ম নিয়ে তারা সাউথ কোস্টে খেলতে এসেছিল। তবে তাদের সে অপরাজেয় যাত্রা শেষ হয়ে গেল ব্রাইটন সফরে গিয়ে।

ব্রাইটন এই মৌসুমে দারুণ ছন্দে আছে। তাদের হয়ে গোল করেন পাসকাল গ্রস, চারালাম্পোস কস্তুলাস এবং চেমা আন্দ্রেস। সাধারণত আর্সেনালের রক্ষণভাগ শক্ত থাকে। কিন্তু এই ম্যাচে তারা তিনবার গোল হজম করে।

সপ্তাহের মাঝামাঝি লিগ কাপে ব্রাইটন এক বড় কীর্তি গড়ে। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও তারা জিতে যায়। গত পঞ্চাশ বছরে এমন ঘটনা আর কোনো দল ঘটায়নি। সেই আত্মবিশ্বাস নিয়েই তারা আর্সেনালের বিপক্ষে নামে।

ফাবিয়ান হুরজেলারের দল শুরু থেকেই আক্রমণাত্মক খেলে। ৩১ মিনিটে গ্রস প্রথম গোলটি করেন। তার জোরালো শট পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আর্সেনাল আবার ভুল করে। বক্সের ধারে অনেক জায়গা ছেড়ে দেয় তারা। সেই সুযোগে কস্তুলাস সঠিক জায়গায় শট নিয়ে ডেভিড রায়াকে পরাস্ত করেন।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর বদলে আরও পিছিয়ে পড়ে আর্সেনাল। ৬০ মিনিটে গ্রসের কর্নার থেকে হেড করে গোল করেন আন্দ্রেস। ছয় গজ বক্সের ভেতর তাকে অনেকটা ফাঁকা পাওয়া যায়। এই মৌসুমে লিগের পাঁচ ম্যাচে এটি ব্রাইটনের ষোড়শ গোল।

২০২৩ সালের এপ্রিলের পর যেকোনো প্রতিযোগিতায় এটিই আর্সেনালের সবচেয়ে বড় হার।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম