ইতিহাসে যা কখনো হয়নি, সে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০১:৪১ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আবুধাবিতে রীতিমতো ঝড়ই তুললেন হাসান মাহমুদ। আগের দিনের শেষ ভাগে যেখানে উইকেটের জন্য হাপিত্যেশ করতে হয়েছে দলকে, সেখানে সকালে তিনি রীতিমতো হ্যাটট্রিকই বাগিয়ে বসলেন! সেই হ্যাটট্রিকেই তিনি গড়েছেন এমন এক রেকর্ড, যা বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হয়নি।
হ্যাটট্রিকের আগে পরেও হাসান মাহমুদ অস্বস্তিতে রেখেছেন আফগান ব্যাটারদের। ৫৫ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। আর তাতেই শেষ ২১ রানে ৬ উইকেট খুইয়ে আফগানরা গুটিয়ে গেছে ২৪০ রানে। বাংলাদেশ প্রথম ইনিংসে পেয়ে গেছে ১০৬ রানের লিড।
হাসানের এই হ্যাটট্রিকে নতুন এক দিগন্ত উন্মোচন হলো যেন দেশের ক্রিকেটে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হ্যাটট্রিক ছিল আরও ২টি। ২০০৩ সালে পেশোয়ার টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসের প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন অলক কাপালি। এরপর ২০১৩ সালে দেশের মাটিতে সোহাগ গাজী নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক।
তবে এই দুই বোলারের পরিচয়ই ছিল– স্পিনার। অলক কাপালি ছিলেন লেগি, আর সোহাগ গাজী ছিলেন অফ স্পিনার। আরও একটা পরিচয়ও ছিল দুজনের, কাপালি ছিলেন অলরাউন্ডার, আর সোহাগ ‘মিনি অলরাউন্ডার’।
কিন্তু পেসার হিসেবে কেউই এ পর্যন্ত হ্যাটট্রিক করতে পারেননি। আজ সে দিগন্তটাই খুলে দিলেন হাসান। আরও একটা দিক থেকে হাসানের এই হ্যাটট্রিক ‘বিশেষ’; তার তিনটি উইকেটই হয়েছে ভিন্ন ভিন্ন ধরনে। প্রথমটিতে বোল্ড, দ্বিতীয়টিতে ক্যাচ, তৃতীয়টিতে এলবিডব্লিউ। ফুটবলে ‘পারফেক্ট হ্যাটট্রিকের’ হিসাবের মতো যদি ক্রিকেটেও একই রকম হিসাব রাখা হতো তাহলে এটাও সে ক্যাটাগরিতে পড়তে পারত বটে!
তবে যা হয়েছে তাও কম কীসে? টেস্টে হ্যাটট্রিক কি চাট্টিখানি কথা? সাদা পোশাকে হ্যাটট্রিক কতটা বিরল, তার হিসেবটা বোঝা যাবে যদি একটা তথ্য সামনে আসে। টেস্ট ক্রিকেটের ইতিহাস প্রায় ১৪৯ বছরের দীর্ঘ। এই সময়ে হ্যাটট্রিক হয়েছে মোটে ৫০টি, হাসানের হ্যাটট্রিকই ছুঁল সে মাইলফলক। এ দিক থেকেও এটা ইতিহাসই বটে!
