বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টির দল ঘোষণা প্রোটিয়াদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ঘোষিত স্কোয়াডে রয়েছে বেশ কয়েকটি চমক।
ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ স্পিনার কেশভ মহারাজ। অন্যদিকে, টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে বর্ন ফরচুইনকে।
প্রথম টেস্টে পায়ের পেশিতে চোট পাওয়ায় ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন মহারাজ। একই কারণে তাকে দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রথম টেস্টে অবশ্য একাদশে জায়গা পাননি এই বাঁহাতি স্পিনার। সেখানে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলা সিমন হারমার বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন।
সেঞ্চুরিয়নে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে। বাভুমা না থাকায় টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম। এছাড়া দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে এনরিখ নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জিকে। তবে ওয়ানডে সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন এই তিন ক্রিকেটার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবারের মতো এই ফরম্যাটে ফিরছেন গতিময় পেসার নরকিয়া।
ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন বাভুমা ছাড়াও এইডেন মার্করাম, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো জানসেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি ও বিশ্রামের কথা বিবেচনা করেই তাদের ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি।
এদিকে, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওয়ানডে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন লুঙ্গি এনগিডি। পেস আক্রমণে তার সঙ্গে থাকবেন এনরিখ নরকিয়া, করবিন বশ, জেরাল্ড কোয়েটজে, ডুয়ান জানসেন ও এনকোবানি মোকোয়েনা।
প্রোটিয়াদের ব্যাটিং বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন কুইন্টন ডি কক, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও ত্রিস্তান স্টাবস। পাশাপাশি দলে ফিরেছেন তরুণ ব্যাটার সিনেথেম্বা কেশিলে। ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলার পর ঘরোয়া টি-টোয়েন্টিতে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।
ঘরোয়া টি-টোয়েন্টিতে সাত ইনিংসে ২৭৭ রান করেছেন কেশিলে। তার ব্যাটিং স্ট্রাইকরেট ১৯৭.৮৫। বিশেষ করে মাত্র ১৪ বলে ফিফটি করে নজর কেড়েছেন তিনি। ঘরোয়া টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম অর্ধশতকের রেকর্ডও রয়েছে তার দখলে।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন বর্ন ফরচুইন। চোট থেকে সেরে উঠে এই ফরম্যাটের দলে ফিরেছেন তরুণ পেসার কেনা মাফাখা।
টেস্ট সিরিজের পর আগামী ১, ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড: কেশভ মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বর্ন ফরচুইন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, এনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কোয়েশাইল ও ত্রিস্তান স্টাবস।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড: বর্ন ফরচুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজে, কনর এস্তারুইজেন, দোনোভান পেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কেনা মাফাখা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কোয়েশাইল, ত্রিস্তান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।

-6affe9f81e4d4.jpg)