Logo
Logo
×

Advertisement

খেলা

নামের কারণেই কি মোহাম্মদ সিরাজকে দল থেকে বাদ দিল ভারত?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:২৪ এএম

নামের কারণেই কি মোহাম্মদ সিরাজকে দল থেকে বাদ দিল ভারত?

ফাইল ছবি

Advertisement

মোহাম্মদ সিরাজকে বাদ দিয়ে সমালোচনার মুখে পড়ে গেছে ভারত। ওয়েলিংটন টেস্টে ৪ পেসার খেলালেও তাকে দলে রাখা হয়নি। এরপর সাবেক খেলোয়াড় থেকে শুরু করে ধারাভাষ্যকার, সবাই প্রশ্ন তুলেছেন এই সিদ্ধান্ত নিয়ে। এবার কংগ্রেসের এক সংসদ সদস্য তো প্রশ্নই তুলে বসেছেন, তার নামের কারণেই সিরাজকে দল থেকে বাদ দেওয়া হয়েছে কি না!

এই প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সংসদ সদস্য ইমরান মাসুদ। শুক্রবার তিনি এই বড় অভিযোগ তোলেন। তার দাবি, নামের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। ম্যাচটি হচ্ছে ওয়েলিংটনে। তবে এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

এএনআইকে মাসুদ বলেন, ‘বলা হচ্ছে, ভালো পারফরম্যান্স সত্ত্বেও তাকে দলে জায়গা দেওয়া হয়নি। তার নাম সিরাজ। সেই কারণেই তাকে জায়গা দেওয়া হয়নি। ভালো খেলার পরও যদি তাকে বাছাই না করা হয়, তাহলে বৈষম্য স্পষ্ট।’

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের সবচেয়ে সফল বোলার সিরাজ। তার উইকেট ৪৩টি। সাম্প্রতিক সময়ে ভারতের দুটি বড় জয়েও তিনি ছিলেন নায়ক।

২০২৪-২৫ মৌসুমে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্টে তিনি ২০ উইকেট নেন। বল করেন ১৫৭.১ ওভার। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বুমরাহ খেলেছেন মাত্র তিন ম্যাচ। তখন আক্রমণের নেতৃত্ব দেন সিরাজ। পাঁচ ম্যাচে তিনি নেন ২৩ উইকেট। 

এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতেও দারুণ পারফর্ম করেছেন তিনি। সেনা (এসইএনএ, দ. আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোর মধ্যে কেবল নিউজিল্যান্ডেই খেলা হয়নি তার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকায় তার ২৩ টেস্টে ৯১ উইকেট তুলে নেওয়ার পরিসংখ্যান জানান দিচ্ছে, নিউজিল্যান্ডেও মন্দ করতেন না তিনি। 

পরিস্থিতিও অনুকূলেই ছিল। ওয়েলিংটনের বেসিন রিজার্ভের উইকেটে পেসারদের সাহায্য পাওয়ার কথা ছিল। ভারত চারজন পেসার খেলিয়েছে। আক্রমণের নেতৃত্বে ছিলেন জসপ্রীত বুমরাহ। সঙ্গে ছিলেন আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ ও অংশুল কম্বোজ।

কম্বোজ ৬৯ রানে ২ উইকেট নিয়েছেন। আকাশ দীপ ৫৩ রানে নিয়েছেন ৩ উইকেট। তবে শুরুর স্পেলের পর কম্বোজের মিডিয়াম পেস বাড়তি কিছু দিতে পারেনি। প্রসিদ্ধ কৃষ্ণ ১০০ রানে নিয়েছেন ১ উইকেট। 

তাই প্রশ্ন উঠছে, ৪৮ টেস্টের অভিজ্ঞতা থাকা একজন পেসারকে কি আনা যেত না। সিরাজ ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করেন। সিরাজের কাছাকাছি প্রোফাইলের বোলার হিসেবে এই একাদশে আছেন প্রসিদ্ধ কৃষ্ণ। তবে অভিজ্ঞতার দিক থেকে সিরাজই ছিলেন এগিয়ে। এরপরও দলে নেওয়া হয়নি তাকে। 

প্রথম দিনের খেলা শেষে অবশ্য একাদশ নির্বাচনের পক্ষে কথা বলেন ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তিনি বলেন, ওয়েলিংটনের পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত হয়েছে। তিনি মনে করিয়ে দেন, শ্রীলঙ্কায় দুটি টেস্টই খেলেছেন সিরাজ।

কোটাক বলেন, ‘সিরাজের কোনো সমস্যা নেই। টিম ম্যানেজমেন্ট যে একাদশকে সবচেয়ে ভালো মনে করেছে, সেটাই খেলেছে।’

ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী এক্সে লেখেন, ‘গতি, দক্ষতা ও সিমের মুভমেন্টই যদি মাপকাঠি হয় আর ১৪০ কিমি গতির বোলার পাওয়া কঠিন হয়, তাহলে প্রশ্ন তো উঠবেই। মোহাম্মদ সিরাজ কোথায়? অভিজ্ঞতা, আগ্রাসন আর বল হাতে কিছু ঘটিয়ে দেওয়ার সামর্থ্য। এগুলো নিশ্চয়ই কোনো কাজে লাগে!’

ধারাভাষ্যকার হারশা ভোগলে এক্সে লেখেন, ‘ভারত সিরাজকে বাদ দিয়েছে, এটা শুনে আমি হতবাক ও হতাশ। তাকে যা করতে বলা হয়েছে, সবই তিনি করেছেন। বুমরাহর অনুপস্থিতিতে আক্রমণকে টেনে তুলেছেন। দলের জন্য দারুণ ইতিবাচক খেলোয়াড় তিনি। কম্বোজকে শুভকামনা। কিন্তু আশা করি সিরাজের সঙ্গে খুব খোলামেলা কিছু কথা হবে।’

ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন এক্সে লেখেন, ‘ভারতের দলে মোহাম্মদ সিরাজকে না দেখে হতাশ হলাম। বিশেষ করে বুমরাহর অনুপস্থিতিতে যখন দলের তাকে দরকার ছিল, তখন তার পারফরম্যান্স তার প্রতিশ্রুতি, সামর্থ্য ও লড়াকু মনোভাব দেখিয়েছে। দেশের জন্য তিনি বারবার এগিয়ে এসেছেন এবং ফল এনে দিয়েছেন।’

তিনি আরও লেখেন, ‘কম্বোজের জন্য শুভকামনা। তবে আমার মনে হয়, সিরাজ আরও ভালো বিবেচনা পাওয়ার যোগ্য ছিলেন। আশা করি, তিনি যে স্পষ্টতা ও সম্মান পাওয়ার যোগ্য, তা দিয়েই এই সিদ্ধান্ত তাকে ব্যাখ্যা করা হবে।’

তবে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে অন্য কথা এসেছে। সেখানে বলা হয়েছে, বোলার ও টিম ম্যানেজমেন্টের যোগাযোগ খারাপ হয়ে গিয়েছিল। জুনে আফগানিস্তান টেস্টের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিরতি চেয়েছিলেন সিরাজ। এরপর থেকেই সমস্যা শুরু হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সরাসরি না হলেও ইঙ্গিত করেছেন, ঘটনাচক্রগুলো বেশ সাজিয়ে এরপর বাদ দেওয়া হয়েছে সিরাজকে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘পুরো এক মাস ধরে তারা মোহাম্মদ সিরাজকে বাদ দেওয়ার পরিবেশ তৈরি করছে। শেষ পর্যন্ত তাকে বিশ্বকাপের দল থেকেও বাদ দিলে অবাক হবেন না। এটা শুধু ট্রেলার।’

এদিকে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের অভিযোগ নাকচ করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। মাসুদের দাবি ছিল, ধর্মের কারণে সিরাজকে একাদশে রাখা হয়নি। নয়াদিল্লিতে সাংবাদিকদের রিজিজু বলেন, ‘আমাদের দেশে সুযোগ দেওয়া হয় যোগ্যতার ভিত্তিতে। ধর্ম বা বর্ণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

সিরাজের বাদ পড়ার পর এই দলে সরফরাজ খানের অনুপস্থিতি নিয়েও আলোচনা হচ্ছে বেশ।  সিরাজ তো তাও সফরের দলে ছিলেন। বাদ পড়েছেন শুধু একটি একাদশ থেকে। সরফরাজ যে টেস্ট দলেই ছিলেন না! 

সরফরাজ জানতে চেয়েছেন, টেস্ট দলে ফিরতে তাকে আর কী করতে হবে। তিনি ঘরোয়া ক্রিকেটে রান করেছেন এবং ফিটনেস নিয়েও কাজ করেছেন। তার শেষ টেস্ট ২০২৪ সালে ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর তিনি অস্ট্রেলিয়া সফরে গেলেও কোনো ম্যাচ খেলেননি।

সরফরাজ বলেন, ‘কোনো নির্বাচক সরাসরি এটা বলেননি। তবে ভারতীয় দলের সঙ্গে থাকার সময় আমি শুধু শুনেছি, ভারতীয় কন্ডিশনের জন্য তারা আমাকে বেশি ভাবছেন।’

সূত্র- দ্য টেলিগ্রাফ অনলাইন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের পরই ভারতের জন্য দুঃসংবাদ

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের পরই ভারতের জন্য দুঃসংবাদ

সোফির ছোঁয়ায় বদলে গেল শিখরের জীবন

সোফির ছোঁয়ায় বদলে গেল শিখরের জীবন

আইসিসির গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টের আয়োজক ভারত

আইসিসির গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টের আয়োজক ভারত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আইসিসির চেয়ারম্যান জয় শাহ

পাকিস্তানকে হারানোর পর ভারতের ‘সাহস’ নিয়ে গম্ভীরের পোস্ট

পাকিস্তানকে হারানোর পর ভারতের ‘সাহস’ নিয়ে গম্ভীরের পোস্ট

নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নাটকীয় ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

আরও পড়ুন

নামের কারণেই কি মোহাম্মদ সিরাজকে দল থেকে বাদ দিল ভারত?

নামের কারণেই কি মোহাম্মদ সিরাজকে দল থেকে বাদ দিল ভারত?

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম