স্পিকার হাফিজ উদ্দিনকে স্মারক জার্সি উপহার দিল পিএফএফ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩১ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সাবেক ফুটবলার হাফিজ উদ্দিন আহমদকে বিশেষ সম্মাননা হিসেবে পাকিস্তান জাতীয় ফুটবল দলের একটি স্মারক জার্সি উপহার দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। জার্সিটিতে রয়েছে তার একসময়ের জাতীয় দলের সতীর্থদের স্বাক্ষর। দীর্ঘদিন পর পুরোনো সতীর্থদের সঙ্গে পুনর্মিলনের স্মারক হিসেবেই এই উপহার দেওয়া হয়েছে।
১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের হয়ে খেলেছেন হাফিজ উদ্দিন আহমদ। পূর্ব পাকিস্তান থেকে জাতীয় দলে জায়গা করে নিয়ে প্রতিকূলতা ও নানা বৈষম্যের মধ্যেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। এবার সেই সময়ের সতীর্থদের স্বাক্ষরসংবলিত জার্সি তার হাতে তুলে দেন পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি সৈয়দ মোহসিন গিলানি।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের উদ্যোগে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয় পাকিস্তান ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদল। সেখানেই হাফিজ উদ্দিনের হাতে স্মারক জার্সিটি তুলে দেওয়া হয়। বিষয়টি নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করেছে পিএফএফ।
খেলোয়াড়ি জীবনে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি স্বাধীনতার পর ঢাকা মোহামেডানের জার্সিতেও দারুণ সাফল্য পেয়েছেন হাফিজ উদ্দিন। বাংলাদেশের ফুটবলে বিশেষ কীর্তি হিসেবে ঢাকার মাঠে স্বাধীনতার পর প্রথম ডাবল হ্যাটট্রিক করার রেকর্ডও রয়েছে তার।
ফুটবল থেকে অবসর নেওয়ার পরও ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। দেশের গণ্ডি ছাড়িয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটিতেও জায়গা করে নিয়েছিলেন। এছাড়া ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ফিফার ডিসিপ্লিনারি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশের ফুটবলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফিফার পদকও অর্জন করেছেন এই সাবেক ফুটবলার।

