দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই শেষ হচ্ছে সিমন্স অধ্যায়?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
বাংলাদেশ ক্রিকেটের প্রধান কোচ ফিল সিমন্স। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্সকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কিছুদিন ধরেই তাকে দায়িত্ব থেকে সরানোর সুযোগ খুঁজছিল বোর্ড। তবে বিভিন্ন সিরিজে জাতীয় দলের ভালো পারফরম্যান্সের কারণে এতদিন কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। টেস্টে টানা তিনটি সিরিজে বাজে ফল এবং ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর এবার সেই সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিসিবির এক পরিচালক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিমন্সের সঙ্গে চুক্তি বাতিল করা হতে পারে।
চুক্তির শর্ত অনুযায়ী, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে অতিরিক্ত তিন মাসের বেতন পাবেন সিমন্স। বিসিবির এক কর্মকর্তার দাবি, আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে নতুন প্রধান কোচের অধীনে খেলবে বাংলাদেশ। এ ক্ষেত্রে বোর্ডের পছন্দের তালিকায় রয়েছেন ইংলিশ কোচ জোনাথন ট্রট। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, তার সঙ্গে বিসিবির প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।
২০২৪ সালে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিলের পর সিমন্সকে জাতীয় দলের দায়িত্ব দেয় বিসিবি। ওই বছরের ১৫ অক্টোবর খণ্ডকালীন ভিত্তিতে নিয়োগ পান তিনি। পরে ২০২৫ সালের মার্চে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত নতুন করে চুক্তিবদ্ধ হন ৬৩ বছর বয়সি এই কোচ। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ তার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে দায়িত্ব নেওয়ার শুরু থেকেই সিমন্সের কাজের ধরন নিয়ে প্রশ্ন ছিল। জাতীয় দলের সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ওপর অনেক দায়িত্ব ছেড়ে দিয়ে নিজে তুলনামূলক কম সক্রিয় থাকতেন বলে অভিযোগ রয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় তাকে নিয়মিত দেখা গেলেও বিদেশের সফরগুলোতে তার সম্পৃক্ততা নিয়ে অসন্তোষ ছিল। জাতীয় দলের একাধিক ক্রিকেটারের কাছ থেকেও বিভিন্ন সময়ে অভিযোগ পাওয়া গেছে, ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে অনেকটা নির্বিকার থাকেন প্রধান কোচ। তার এমন কর্মপদ্ধতির প্রভাব কোচিং স্টাফের অন্য সদস্যদের ওপরও পড়েছে বলে মনে করছেন বোর্ডের নীতিনির্ধারকেরা।
বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘বিশ্বকাপের বেশি দেরি নেই। আরও আগেই কোচিং স্টাফ ঢেলে সাজানো উচিত ছিল। বাংলাদেশের জন্য সব সময় একজন সক্রিয় ও একাগ্র কোচ প্রয়োজন হয়। সিমন্স সে ধরনের নন। এ ছাড়া জাতীয় দলে দেশি কোচ বেশি হয়ে গিয়েছিল। দেশের কোচরা এখনও আন্তর্জাতিক মানের হতে পারেননি। ক্রিকেটাররাও বিদেশিদের যেভাবে মানে, দেশিদের সেভাবে মানে না। একটু দেরি হলেও জাতীয় দলের জন্য বিদেশি কোচ নিয়োগ দেওয়া হচ্ছে। বিসিবি সভাপতি তামিম ইকবাল বিষয়টি দেখছেন।’
বর্তমানে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে সিমন্স এবং সহকারী কোচ হিসেবে মালিবঙ্গয়ে মাকেতা দীর্ঘমেয়াদি চুক্তিতে রয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য খণ্ডকালীন ভিত্তিতে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডেল বেনকেনস্টেইনকে। মাকেতার সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত।
জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচ সিমন্স। তার মাসিক বেতন ৩৮ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২৫ টাকা হিসাবে)। তবে কর কাটার পর হাতে পান ২৮ হাজার ডলার। এ ছাড়া বছরে তিনবার দেশে যাওয়া-আসার বিমান টিকিট, ঢাকায় আবাসন ও গাড়িসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যয়ও বহন করে বিসিবি। এত বিপুল অর্থ ব্যয়ের বিপরীতে তার কাছ থেকে প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে না বলে মনে করছেন বোর্ডের নীতিনির্ধারকেরা।
জোনাথন ট্রটকে প্রধান কোচ করা হলে আলাদা করে ব্যাটিং কোচ নিয়োগের প্রয়োজন নাও হতে পারে বলে মনে করছে বিসিবি। পেস বোলিং কোচ হিসেবে তালহা জুবায়ের দায়িত্বে থাকলেও এ পদে বিদেশি কাউকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সহকারী কোচ মাকেতাকে ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হতে পারে।
তবে সিমন্সের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের আনুষ্ঠানিক আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক। আজকের বোর্ড সভায় তাকে সরিয়ে দেওয়ার বিষয়টি আলোচনায় আসছে না বলেও জানান তিনি। তার মতে, সিরিজ চলাকালে কোচের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে ড্রেসিংরুমের পরিবেশে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে চান না সভাপতি তামিম ইকবাল। যদিও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কোচ পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে তামিম বলেছিলেন, ‘অপেক্ষা করেন, অনেক কিছুই হবে।’

