বুমরাহের বলের গতি ১০ কিলোমিটার কমেছে বলে মনে করছেন সুনীল গাভাস্কার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম
জাসপ্রীত বুমরাহ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নিউজিল্যান্ডের মাটিতে বল হাতে ঠিক চেনা ছন্দে দেখা যাচ্ছে না জাসপ্রীত বুমরাহকে। তার বোলিংয়ের গতি কমেছে, আগের মতো যখন-তখন উইকেটও তুলতে পারছেন না। ফলে তার চিরচেনা সেই তীব্রতা ধরে রাখার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করছেন,বুমরাহের বলের গতি ১০ কিলোমিটার কমেছে। ভারতীয় দলকে হয়তো এ বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে হবে।
নিউজিল্যান্ডে একটি উইকেটের জন্য প্রায় ৫০ ওভার অপেক্ষা করতে হয়েছে বুমরাহকে। টানা ২৯২টি বল করেও কোনো সাফল্যের দেখা পাননি তিনি, যা ২০২১ সালে টানা ২৮৫ বল উইকেটশূন্য থাকার পর তার ক্যারিয়ারের দীর্ঘতম খরা। অবশেষে রোববার ক্রাইস্টচার্চে হেনরি নিকোলসের ফিরতি ক্যাচ তালুবন্দী করে সেই হতাশাজনক অধ্যায়ের ইতি টানেন বুমরাহ; তার মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
‘তার গতি আর বাড়বে না’
বুমরাহর এই ছন্দপতন কি সাময়িক, নাকি ভারত তার এক ভিন্ন সংস্করণ দেখতে শুরু করেছে? সুনীল গাভাস্কারের মতে, দ্বিতীয়টিই এখন নিয়মিত দৃশ্য হতে চলেছে। ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে সম্প্রচারের সময় গাভাস্কার বলেন, আমার মনে হয় এখন থেকে আমরা এমন বুমরাহকেই একটু বেশি দেখব। কারণ দেখুন, তার বয়স ত্রিশের কোঠায় পৌঁছে গেছে, তাই তার গতি আর বাড়বে না—এটা নিশ্চিত।
তবে ভারতের এই সাবেক অধিনায়ক বিশ্বাস করেন, বুমরাহ এখনো এমন গতিতে বল করতে সক্ষম যা ব্যাটারদের জন্য যথেষ্ট ভীতিকর হতে পারে। তিনি যোগ করেন, এখন মূল প্রশ্ন হলো সে গতিটা ১৩৫-এর কাছাকাছি নিয়ে যেতে পারে কি না। ১৪০ গতির বল হয়তো মাঝেমধ্যে দু-একটা দেখা যাবে, কিন্তু সে যদি ১৩৫-এ বল করতে পারে, তবে সেটিও যথেষ্ট ধারালো হবে। আর এর সঙ্গে যদি সুইং বা মুভমেন্ট থাকে, তবে ব্যাটারদের জন্য তা খেলা কঠিন হয়ে পড়বে।

