চলতি বছর পোর্শের গাড়ি বিক্রি কমেছে ১৬ শতাংশ
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববাজারের প্রতিকূল পরিস্থিতি, পরিবর্তিত অর্থনৈতিক পরিবেশ এবং বিভিন্ন গাড়ির মডেলের উৎপাদন ও বাজারজাতকরণে বড় ধরনের পরিবর্তনের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিশ্বজুড়ে পোর্শের সবচেয়ে বড় বাজার উত্তর আমেরিকা। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেখানে ৫৬ হাজার ৮৮৮টি গাড়ি সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ১৩ শতাংশ কম। ৭১৮ মডেলের উৎপাদন বন্ধ হয়ে যাওয়াকে এ অঞ্চলে বিক্রি কমার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে পোর্শে।
অটো জসের প্রতিবেদনে বলা হয়, জার্মানি ছাড়া ইউরোপের অন্যান্য দেশে পোর্শের গাড়ি সরবরাহ ১১ শতাংশ কমে ৪৪ হাজার ৯৪৯টিতে নেমেছে। প্রতিষ্ঠানটির নিজস্ব দেশ জার্মানিতে সরবরাহ হয়েছে ২০ হাজার ৯৫৪টি গাড়ি, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ কম।
বিদেশি ও উদীয়মান বাজারগুলোতেও পোর্শের গাড়ি সরবরাহ কমেছে। এসব বাজারে প্রথম ৯ মাসে ৩৫ হাজার ৪৮টি গাড়ি সরবরাহ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১৯ শতাংশ কম।
তবে সবচেয়ে বড় পতন দেখা গেছে চীনের বাজারে। বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারটিতে পোর্শের গাড়ি সরবরাহ ৩৩ শতাংশ কমে ২১ হাজার ৪৯৩টিতে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে দেশটিতে ৩২ হাজার ১৯৫টি গাড়ি সরবরাহ করেছিল প্রতিষ্ঠানটি।
৯১১ মডেলে বেড়েছে চাহিদা
সামগ্রিকভাবে বিক্রি কমলেও পোর্শের ৯১১ মডেলের গাড়ির চাহিদা বেড়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে বিশ্বজুড়ে এ মডেলের ৪২ হাজার ২১৭টি গাড়ি সরবরাহ করা হয়েছে। গত বছরের তুলনায় এ সংখ্যা ১২ শতাংশ বেশি।
বিশেষ করে জিটিএস, টার্বো ও জিটি সংস্করণের গাড়ির প্রতি ক্রেতাদের আগ্রহ ৯১১ মডেলের বিক্রি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পোর্শের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির মডেল হিসেবে কায়েন তার অবস্থান ধরে রেখেছে। প্রথম ৯ মাসে এ মডেলের ৫৯ হাজার ৫৮৬টি গাড়ি সরবরাহ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২ শতাংশ কম। এর মধ্যে সম্পূর্ণ বিদ্যুৎচালিত কায়েনের সংখ্যা ৭ হাজার ২টি।
ম্যাকান মডেলের গাড়ি সরবরাহ হয়েছে ৫১ হাজার ২৫টি, যা গত বছরের তুলনায় ২১ শতাংশ কম। এর মধ্যে সম্পূর্ণ বিদ্যুৎচালিত ম্যাকান ছিল ২৩ হাজার ২৯টি।
৭১৮ বক্সস্টার ও ৭১৮ কেম্যান মডেল মিলিয়ে সরবরাহ হয়েছে ৩ হাজার ২৯১টি গাড়ি। এ ক্ষেত্রে সরবরাহ কমেছে ৭৯ শতাংশ।
এ ছাড়া প্যানামেরা মডেলের ১৩ হাজার ৭১৪টি গাড়ি সরবরাহ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ কম। বিদ্যুৎচালিত টাইকান মডেলের সরবরাহ হয়েছে ৮ হাজার ৬৯৯টি, যা ৩১ শতাংশ কম।
পোর্শের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী বোর্ড সদস্য ম্যাথিয়াস বেকার বলেন, প্রতিষ্ঠানের সবচেয়ে উন্নত ও বিশেষ সংস্করণের গাড়িগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ পোর্শের প্রতি মানুষের আকর্ষণকে স্পষ্ট করছে। ক্রেতারা তাদের ক্রীড়া গাড়ির সবচেয়ে বিশেষ ও আকর্ষণীয় সংস্করণগুলো বেছে নিচ্ছেন। এর ফলে ক্রীড়া ও বিলাসবহুল গাড়ির বাজারে পোর্শের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে।

