গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন শক্তির উত্থান হয়েছে: মির্জা ফখরুল
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। গণতন্ত্রকে রক্ষা করতে দেশের সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক এমপি ও চিফ হুইপ মাহবুবুল আলম তারা এবং প্রখ্যাত সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারার স্মরণে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপিকে উদারপন্থি রাজনৈতিক দল দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়; বরং এটি জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু দেশে গণতন্ত্র ও জন-অধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এদের প্রতিহত করতে সরব হওয়ার আহ্বান জানান তিনি। তারা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
তিনি বলেন, রাজনীতিতে এখন মূল্যবোধ নেই। রাজনীতিকে ধ্বংসের চক্রান্ত চলছে। একটি চক্র ।পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতার চরিত্র হনন করছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশ গণতান্ত্রিক পথে উত্তরণের প্রক্রিয়া চলছে। কিন্তু কিছু মহল নির্বাচনের আগে থেকে চক্রান্ত শুরু করে, যেন এখানে গণতন্ত্র না থাকে। এই চক্রান্ত যাতে সফল না হয় তার জন্য পদক্ষেপ নেওয়া বর্তমান সরকারের দায়িত্ব। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির নেতাদের বিরুদ্ধে অশালীন ভাষায় কুৎসা রটানো হচ্ছে। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র সত্ত্বেও জনগণ বিএনপি এবং বর্তমান সরকারের পাশে রয়েছে।
