কুমিল্লা-৩ আসন
ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে যিনি তাকে ভোট দিতে চাই
Advertisement
আবুল খায়ের, কুমিল্লা
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে দীর্ঘ দিনের সমস্যা সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ ড্রেজিং। আসনটির প্রধান বাণিজ্যিক হাব কোম্পানীগঞ্জ, মুরাদনগর, বাঙ্গরা, রামচন্দ্রপুর বাজার এবং বাস, অটোরিকশা স্ট্যান্ড ঘিরে সক্রিয় রয়েছে চাঁদাবাজ সিন্ডিকেট। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। সঙ্গে সঙ্গে চাঁদাবাজির হাতবদল হয়েছে। তবে, বন্ধ হয়নি দীর্ঘদিনের চাঁদাবাজি।
এদিকে এ আসনে কৃষকের বড় সমস্যা অবৈধ ড্রেজিং। সাধারণ কৃষককে জিম্মি করে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির টপ সয়েল। এলাকার নানা সমস্যার বিষয়ে যুগান্তরের সঙ্গে খোলামেলা কথা বলেছেন সাধারণ ভোটাররা। মতামত ব্যক্ত করেছেন, কেমন প্রার্থীকে ভোট দেবেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বৃহৎ আয়তনের উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ সংসদীয় আসন। দুটি থানা, ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটিতে ভোটার সংখ্যা ৫ লাখ ৭২৬ জন। এ উপজেলার বিপুলসংখ্যক বাসিন্দা রেমিট্যান্স যোদ্ধা। তারপর কৃষক, শ্রমিক ও অন্য পেশার লোকজনও রয়েছে।
স্থানীয়রা বলছে, এ উপজেলার প্রধান সমস্যা চাঁদাবাজি। রাজনৈতিক মদদে এখানে পরিবহণ এবং অন্যান্য খাতে চাঁদাবাজি নিয়মে পরিণত হয়েছে। ক্ষমতার পালাবদলে শুধু হাতবদল হয় চাঁদাবাজির। এ উপজেলার আরেকটি বড় সমস্যা অবৈধ ড্রেজিং। রাজনৈতিক মদদে এখানে শতাধিক ড্রেজার মেশিন চলছে দীর্ঘদিন ধরে। ৫ আগস্টের পর ড্রেজার সিন্ডিকেট রাজনৈতিক অভিভাবক পরিবর্তন করেছে। তাছাড়া রেমিট্যান্স যোদ্ধারাও মাঝে মধ্যে রাজনৈতিক দুর্বৃত্ত দ্বারা হয়রানির শিকার হন।
উপজেলার বাখরনগর এলাকার পরিবহণ শ্রমিক নাছির উদ্দিন বলেন, এবার কোনো প্রার্থীর সঙ্গে চাঁদাবাজ দেখলে তাকে ভোট দেব না। একই এলাকার সিএনজি চালিত অটোরিকশাচালক ইকবাল হোসেন বলেন, যিনি চাঁদাবাজি বন্ধে প্রতিশ্রুতি দেবেন তাকেই আমরা ভোট দেব।
শ্রীকাইল এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা পেশায় কৃষক। তিনি বলেন, আমাদের এলাকার কৃষি জমি ধ্বংস করে দিচ্ছে অবৈধ ড্রেজার। এই ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে যিনি পদক্ষেপ নেবেন তাকেই আমরা ভোট দিতে চাই।
উপজেলার যাত্রাপুর এলাকার কৃষক আলী আকবর বলেন, ড্রেজার সিন্ডিকেট ক্ষমতার পালাবদলে অভিভাবক পরিবর্তন করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা যিনি নেবেন তাকেই আমরা ভোট দেব।
কোম্পানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ফরহাদ হোসেন বলেন, চাঁদাবাজ মুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ যিনি নিশ্চিত করতে পারবেন তাকেই ভোট দিতে চাই।
