রাড্ডা সেন্টারে হামলা-ভাঙচুর
ছাত্রদল ও সাইবার দলের আরও তিন নেতা গ্রেফতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন ও মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাটসহ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রদল ও সাইবার দলের আরও তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ও গোয়েন্দারা। শনিবার ও শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলা শাখার সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লা, ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহ এবং ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম পিয়াস।
গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন বলেন, রাড্ডা সেন্টারে ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে শনিবার আমিনবাজার থেকে মিশু মোল্লা এবং শেওড়াপাড়া থেকে সারোয়ারকে গ্রেফতার করা হয়েছে। শাহআলী থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে মিরপুর এলাকা থেকে জিন্নাহকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতার কয়েকজনের বিরুদ্ধে রিমান্ডের আবেদনও করা হয়েছে। শাহআলী থানার ওসি রাজীব হোসেন বলেন, রাড্ডার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের অনেকে এলাকা ছাড়া হয়েছেন। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত এবং পাঁচজন সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের সদস্য। গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সেন্টারটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে শাহআলী থানায় মামলা করেন।
টিনশেডের ছাউনির নিচে চিকিৎসা : শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, রাড্ডার মূল ফটকের ভেতরে টিনশেডের ছাউনি দিয়ে সীমিত পরিসরে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ফ্যান না থাকায় গরমে শিশুদের কান্নাকাটি করতে দেখা যায়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫৬ জনকে টিকাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৫ শিশুকে টিকা এবং ২১ জনকে অন্য সেবা দেওয়া হয়। পেছনে নিরাপত্তা দেয়ালের কাজও শেষ পর্যায়ে। বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়া হলেও শৌচাগার চালু হয়নি। রাড্ডার নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, প্রাথমিকভাবে সংস্কারকাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। তবে অনেক কাজ বাকি। রোববার থেকে রুমে চিকিৎসাসেবা দেওয়া হবে। পুরোদমে সেবা শুরু করতে আরও বেশ কিছু দিন লাগবে।
