মুন্সীগঞ্জে বিএনপির গোলাগুলি ককটেল, গুলিবিদ্ধ ৫
দাগনভূঞায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫ * কুমিল্লায় এমপির সংবর্ধনায় হামলা, নেতা বহিষ্কার
যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ, দাগনভূঞা (ফেনী) ও কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপির দুপক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টা থেকে বৃস্পতিবার সকাল ৭টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় পুলিশের পিকআপ লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়।
ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্স প্রবাসী বিএনপিকর্মী রহিম মোল্লার লোকজনের মধ্যে এ ঘটনায় গুলিবিদ্ধ দিদার ঢালী, বোরহান সিকদার, দিদার সরদার, রাকিব সরদার ও ইমরান হোসেনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, আসন্ন ইউপি পরিষদ নির্বাচন কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী রহিম আলী মোল্লা ও আওলাদ হোসেন মোল্লার কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। ২২ দিন আগে এলাকা থেকে বিতারিত হওয়া রহিম মোল্লা গ্রুপের লোকজন তাদের গ্রামে ওঠেন। বেশ কিছু দিন দুই গ্রুপ শান্তিপূর্ণভাবে গ্রামগুলোতে বসবাস করে আসছিল। রহিম মোল্লা গ্রুপের লোকজন এলাকায় উঠেই প্রতিপক্ষের ওপর চড়াও হতে থাকে। পাশাপাশি প্রতিপক্ষের লোকজনদের হুমকি-ধমকি দিতে থাকে। এরই জেরে এলাকায় আধিপত্য ধরে রাখতে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। বুধবার রাতে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও কয়েকশ ককটেল বিস্ফোরণে পুরো ইউনিয়নের গ্রামগুলোতে আতঙ্ক ছড়ায়। একপর্যায়ে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা, চরডুমুরিয়া, চৈতারচর ও আধারা ইউনিয়নের সোলারচর এলাকায় দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। গভীর রাত থেকে সকাল পর্যন্ত সংঘর্ষে রহিম মোল্লা গ্রুপ টিকতে না পেরে এলাকা ছাড়ে চলে যায়। সংঘর্ষ মোল্লাকান্দি ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী আধারা ইউনিয়নের সোলারচর গ্রামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহাদুল গ্রুপকেও এলাকা থেকে বিতাড়িত করা হয়। আহাদুল গ্রুপ দীর্ঘদিন বিএনপি নেতা রহিম মোল্লার গ্রুপে যুক্ত হয়ে মোল্লাকান্দির সংঘর্ষে লিপ্ত হতো। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে জানতে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লার ব্যবহৃত মোবাইল ফোন ও বিএনপি কর্মী রহিম মোল্লার হোয়াটসআপে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি তছলিম উদ্দিন বলেন, দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।
দাগনভূঞায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫ : ফেনীর দাগনভূঞা বাজারে বিএনপির দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার সন্ধ্যায় বাজারের পুরাতন থানা রোড এলাকার একটি চা দোকানে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সমর্থকরা পুরাতন থানা রোডের একটি চা দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের বড় ভাই কাজী পলাশের নেতৃত্বে একটি দল সেখানে গেলে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
কুমিল্লায় এমপির সংবর্ধনা অনুষ্ঠানে হামলা, বিএনপি নেতা বহিষ্কার : কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিম ভূইয়াকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে হামলার অভিযোগে তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি পদ থেকে এমদাদ হোসেন আখন্দকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার ৩ ঘণ্টা পর কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন স্বাক্ষরিত চিঠিতে তা জানানো হয়েছে। সন্ধ্যায় এমদাদ হোসেন আখন্দকে বহিষ্কারাদেশ চিঠি ফেসবুকে প্রকাশ হয়েছে। চিঠিতে উল্লেখ রয়েছে- অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এমদাদ হোসেন আখন্দকে বহিষ্কার করা হয়েছে। এতে আরও বলা হয়, বিকাল ৪টায় সংসদ-সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের সম্মুখে গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে এমদাদ হোসেন আখন্দ। তাই সংগঠন বিরোধী কার্যক্রমের জন্য উপজেলা বিএনপির সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপি সদস্যপদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এমদাদ হোসেন আখন্দ ফ্যাসিস্ট সরকারের দোষর ছিলেন বলেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন-চিঠিতে উল্লেখ করা হয়েছে।
