হাসিনাকে ফুল দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। সভায় আরও বক্তব্য দেন-সিনিয়র সাংবাদিক খাইরুল আলম বকুল, ফোরামের সিনিয়র সহসভাপতি মো. কবির হোসেন, সিনিয়র সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দপ্তর সম্পাদক রুবেল পারভেজ প্রমুখ। আইনমন্ত্রী বলেন, যারা মনে করছেন বোমা-সন্ত্রাস চালিয়ে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন, তারা এ দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ মাটিতে রাজনীতি বা সন্ত্রাস করার সুযোগ দেবে না।
তিনি বলেন, যারা বোমা হামলা চালাচ্ছেন, তাদের অনেকেই ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সরকার সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত পেয়েছে। সন্ত্রাসের পথ কারা বেছে নিয়েছে, তা এ দেশের মানুষ পরিষ্কার দেখতে পাচ্ছেন।
সাংবাদিকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, সাংবাদিকতা আজ মানুষের অনন্য আস্থার জায়গায় পৌঁছেছে। মানুষ যখন কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পায় না, তখন গণমাধ্যমের শরণাপন্ন হয়। সাংবাদিকদের এই আস্থার জায়গা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ‘ইয়েলো জার্নালিজমে’র বিরুদ্ধে তিনি সোচ্চার হওয়ার আহ্বান জানান। ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক ঐক্যের ওপর জোর দিয়ে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মত, পথ ও আদর্শের ভিন্নতা থাকতে পারে; কিন্তু নিজেদের শেকড়ের টানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। নেতৃত্ব বা কর্তৃত্বের প্রশ্নে কোনো সংগঠনের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করা আত্মঘাতী সিদ্ধান্ত। সব মতভেদ ভুলে সংগঠনকে এগিয়ে নিতে তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে চাই : একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাম্প্রদায়িকতা, বিভাজন ও বিভেদের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতা, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। তিনি বলেন, একটা সময় বিএনপি সম্পর্কে সমাজে এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল, যে বিএনপি মানেই সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুবিরোধী। কিন্তু সময়ের বিবর্তনে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। তিনি বলেন, আদর্শ ও রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আগুনসন্ত্রাস ও তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বিভাজন ও বিভেদের রাজনীতির ঊর্ধ্বে মানবতাই হবে মানুষের মধ্যে ঐক্যের প্রধান ভিত্তি। যারা মানবতা, মানুষের উন্নয়ন ও কল্যাণ এবং মানবাধিকারে বিশ্বাস করেন, তাদের সবার জন্যই এই বাংলাদেশ।
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম ওবায়দুল ইসলাম, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশিষ পাল, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী নিবাস চন্দ্র মাঝি, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
