Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

নেতাদের পদোন্নতি দিয়ে শূন্যপদ পূরণের সিদ্ধান্ত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে জোর * কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলে উদ্বিগ্ন নয় বিএনপি * কেউ অস্থিতিশীলতা সৃষ্টি করলে ব্যবস্থা নেবে সরকার * ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৫ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন ফরম বিতরণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নেতাদের পদোন্নতি দিয়ে শূন্যপদ পূরণের সিদ্ধান্ত

Advertisement

দলের কেন্দ্রীয়সহ সব কমিটির শূন্য হওয়া পদ পূরণে নিচের সারির নেতাদের পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তের আগে মনোনয়ন ফরম বিতরণ করবে দলটি। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি গ্রহণে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সূত্র জানায়, বৈঠকে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, ডেঙ্গু ও জ্বালানি পরিস্থিতি, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়। রাজধানীর গুলশানসহ দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ঝটিকা মিছিল নিয়ে চিন্তিত বা উদ্বিগ্ন নয় ক্ষমতাসীন দল বিএনপি। তবে দলটির নেতাদের অভিমত, কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এ অবস্থায় দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য যুগান্তরকে জানান, মূলত ডেঙ্গু ও জ্বালানি ইস্যু আলোচনায় প্রাধান্য পেয়েছে। এই দুই ইস্যু কিভাবে মোকাবিলা করা যায় এবং দেশের মানুষকে স্বস্তিতে রাখা যায় তা নিয়ে মতামত চাওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আগেই বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধির পাশাপাশি শূন্য হওয়া পদগুলো পূরণ করা হবে। এতে ত্যাগী অনেক নেতা মূল্যায়িত হবেন। তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শেষে আগ্রহী প্রার্থীদের তথ্য যাচাই-বাচাই করা হবে। পরবর্তীতে মনোনয়ন বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের দলের কমিটিগুলোর মধ্যে অনেকে মারা গেছেন, অনেকে নানা কারণে দলের মধ্যে নেই কিংবা বহিষ্কৃত হয়েছেন। সেই শূন্য পদগুলোতে তাদের ঠিক নিচের পদধারীদের যেন পদোন্নতি দেওয়া যায়, সে ব্যাপারে দলের গঠনতন্ত্রের বিধানমতে ব্যবস্থা গ্রহণের বিষয়টি আলোচনা করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি। রিজভী বলেন, এই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান এবং দলের মনোনয়নপত্র নিতে চান, তাদের জন্য আমরা একটি শিডিউল ঘোষণা করছি। আগামী ১৫ সেপ্টেম্বর দলের প্রার্থীরা পল্টন দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করবেন। ১৬ সেপ্টেম্বর প্রার্থীরা তা পূরণ করে জমা দেবেন। ১৮ সেপ্টেম্বর আমাদের জাতীয় স্থায়ী কমিটির (মনোনয়ন বোর্ড) সভা অনুষ্ঠিত হবে। মনোনয়ন বোর্ডে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, কে সেখানে চূড়ান্ত প্রার্থী হবেন। ২৯ অক্টোবরের উপনির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের জন্য আমরা এই দলীয় শিডিউল ঘোষণা করলাম। বৈঠকে দলের জাতীয় কাউন্সিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান রুহুল কবির রিজভী।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ডেঙ্গু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সারা দেশে যে কার্যক্রমগুলো নিয়েছেন, সেগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, তার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করার বিষয়টি রয়েছে। তিনি বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্য ঢাকাসহ সারা দেশে একটি প্রচারপত্র বিতরণ করবে বিএনপি। দেশের নামকরা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা তৈরি এই প্রচারপত্র বিতরণ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ রেডিও-টিভিতে ডেঙ্গুর সচেতনতামূলক অনুষ্ঠান বারবার প্রচার করা হবে। এ বিষয়ে দলের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেওয়া দরকার, দল সেগুলো গ্রহণ করবে। দল সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ ও সচেতনতামূলক কর্মসূচির কথা প্রচার করবে, যাতে মানুষ সচেতন হয়। রিজভী বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজারে আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা থাকে না। সেজন্য স্কুল, কলেজ ও হাটবাজারের কমিটিতে যারা আছেন, সবাইকে ডাস্টবিন বা বিন রাখার আহ্বান জানানো হয়েছে। দল থেকে প্রয়োজনে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। স্কুল, মাদ্রাসা, কলেজ ও হাটবাজারের কর্তৃপক্ষ যাতে খুব দ্রুত যেখানে মশা জন্ম লাভ করে এবং ডেঙ্গু বিস্তার করে, সেই আবর্জনা একটি নির্দিষ্ট ডাস্টবিনের মধ্যে রাখার ব্যবস্থা করে, সেজন্য সচেতনতামূলকভাবে সেসব প্রতিষ্ঠানগুলোতে বিএনপি কাজ করবে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষমতাসীন বিএনপির সঙ্গে আঁতাত করেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গুলশানে মিছিল করেছে-এক সাংবাদিকের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমাদের কোনো জাতীয় নেতা তো বলেননি যে, আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। এটা কারা বলেছিল, সেটা নিশ্চয় দেশবাসী ভুলে যায়নি। সুতরাং কে কার সঙ্গে আঁতাত করছে, সেটা জনগণ জানে। ফলে এসব কথা বলে কোনো লাভ নেই। যারা বেআইনি সংগঠন, নিষিদ্ধ সংগঠন, আদালত কর্তৃক তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং বেআইনি যে সংগঠন, তারা প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে দেখবে, কারা এর সঙ্গে জড়িত আছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেবে। তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনী সেখানে ভূমিকা রেখেছে। কিছু গ্রেফতারও হয়েছে। সরকার গঠনের পর শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠক করে বিএনপি। বৈঠকের শুরুতে নতুন চার সদস্য রুহুল কবির রিজভী (ভারপ্রাপ্ত মহাসচিব), আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাঈল জবিউল্লাহকে স্বাগত জানানো হয়। এছাড়াও দীর্ঘ দিন বিদেশে চিকিৎসা শেষে মির্জা আব্বাস বৈঠকে যোগ দেওয়ার পর তারও সুস্থতা কামনা করা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এর আগে সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রাজশাহী বিভাগের নাটোর এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম