ভেনিজুয়েলায় ‘অপারেশন সাউদার্ন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলাকে লক্ষ্য করে সামরিক অভিযান ‘অপারেশন সাউদার্ন স্পিয়ারের’ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘোষণা দেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পিট হেগসেথের ভাষায় ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ মূলত ‘নার্কো বা মাদক সন্ত্রাসীদের’ লক্ষ্য করে পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, এই অভিযান ‘আমাদের স্বদেশকে রক্ষা করবে, সেসব মাদক থেকে যেগুলো আমাদের জনগণকে মেরে ফেলছে।’
তবে এই বিষয়টি এখনো নিশ্চিত নয় যে হেগসেথ ভেনিজুয়েলা সংলগ্ন এলাকায় যুক্তরাষ্ট্র যে সামরিক তৎপরতা চালাচ্ছে, তার নতুন নাম দিচ্ছেন নাকি এটি আসলেই আরও বড়, বিস্তৃত কোনো অভিযানের সূচনা? কারণ, যুক্তরাষ্ট্র কিছুদিন ধরেই এই অঞ্চলে যুদ্ধজাহাজের সমাবেশ ঘটাচ্ছে। সেগুলোর মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড।
সাউদার্ন স্পিয়ার পরিচালনা করবে আংশিকভাবে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম)। এই সাউথকম মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং তার আশপাশের সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তত্ত্বাবধান করে। সাউথকমের প্রধান নৌবাহিনীর অ্যাডমিরাল অ্যালভিন হোলসি ডিসেম্বরের মাঝামাঝি অবসরে যাওয়ার কথা। মাত্র এক বছর দায়িত্ব পালন করার পরই তার বিদায়, যা সময়ের অনেক আগেই।
খবরে বলা হয়, হোলসি হেগসেথের প্রত্যাশার তুলনায় অনেক বেশি সতর্কতার সঙ্গে এগোচ্ছিলেন। ডেমোক্র্যাটরা ইতোমধ্যে এসব নৌকায় হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। হেগসেথ এক্সে লিখেছেন, ‘পশ্চিম গোলার্ধ আমেরিকার প্রতিবেশ। আমরা একে সুরক্ষিত রাখব।’
ইতোমধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ভেনিজুয়েলায় সম্ভাব্য সামরিক হামলার হালনাগাদ পরিকল্পনা উপস্থাপন করেছেন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। বুধবার হোয়াইট হাউজে বৈঠকে ট্রাম্পের সামনে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে, এসব পরিকল্পনার মধ্যে স্থলভাগে আঘাত হানার মতো বিকল্পও রাখা হয়েছে।
