৪৮ বছর পানির স্বাদ নেননি, বাফেটের পছন্দের পানীয় কী?
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও ধনকুবের ওয়ারেন বাফেট গত ৪৮ বছর ধরে এক গ্লাস পানিও পান করেননি বলে জানিয়েছেন। পানির পরিবর্তে তার পছন্দের পানীয় চেরি কোক। সম্প্রতি এক পডকাস্টে এ তথ্য জানিয়েছেন আরেক ধনকুবের বিনিয়োগকারী বিল অ্যাকম্যান।
‘ইকুইটি মেটস ইনভেস্টিং’ নামের পডকাস্টে অ্যাকম্যান বাফেটের সঙ্গে এক নৈশভোজের স্মৃতিচারণা করেন। তিনি জানান, একবার খাবার টেবিলে বাফেটকে সাধারণ পানি নাকি স্পার্কলিং ওয়াটার পান করবেন, তা জানতে চেয়েছিলেন। কিন্তু বাফেট দুটিই প্রত্যাখ্যান করে কোমল পানীয় পছন্দের কথা জানান।
অ্যাকম্যান বলেন, তিনি বাফেটকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি পানি পান করেন না? উত্তরে বাফেট বলেছিলেন, বিল, আমি ৪৮ বছর ধরে পানি পান করিনি।
অ্যাকম্যান আরও জানান, কয়েক বছর আগে বাফেট তার বাড়িতে নৈশভোজে গেলে অতিথির পছন্দের কথা মাথায় রেখে তিনি আগে থেকেই চেরি কোকের ব্যবস্থা করেছিলেন।
ব্রিটিশ লেখক গ্লেন আর্নল্ড তার ‘দ্য ডিলস অব ওয়ারেন বাফেট ভলিউম ২: দ্য মেকিং অব আ বিলিয়নেয়ার’ বইয়ে উল্লেখ করেছেন, ৯৬ বছর বয়সি এই বিনিয়োগকারী প্রতিদিন পাঁচ ক্যান কোক পান করতেন। প্রায় ৫০ বছর ধরে তিনি পেপসি পান করলেও পরে চেরি কোকের প্রতি আকৃষ্ট হন।
২০১৫ সালে ‘ফরচুন’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে বাফেট বলেছিলেন, আমি এক-চতুর্থাংশ কোকাকোলা। তিনি আরও বলেন, প্রতিদিন তার খাবার থেকে প্রায় ২ হাজার ৭০০ ক্যালরি গ্রহণ করা হয়। এর এক-চতুর্থাংশই আসে কোকাকোলা থেকে। প্রতিদিন তিনি অন্তত ১২ আউন্সের পাঁচ পরিবেশন কোক পান করেন।
বাফেটের ছেলে হাওয়ার্ডের শৈশবের এক বন্ধু সিএনবিসিকে জানান, ছোটবেলায় হাওয়ার্ডের বন্ধুরা তাকে ‘পেপসি ওয়ারেন’ বলে ডাকত। তখন বাফেট পেপসি পান করতেন।
১৯৮৬ সালে বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক সভায় পেপসির প্রতি দীর্ঘদিনের আনুগত্যে পরিবর্তন আনেন বাফেট। ওই সময় তিনি চেরি কোককে প্রতিষ্ঠানের বার্ষিক সভার আনুষ্ঠানিক পানীয় হিসেবে ঘোষণা করেন।
সূত্র: এনডিটিভি

-6ae4c6ff6424f.jpg)