ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা পুরস্কার ও বৃত্তি
Advertisement
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত আট শিক্ষার্থীকে ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি’ দেওয়া হয়েছে। এর মধ্যে দুজন পেয়েছেন গবেষণা পুরস্কার এবং ছয়জন পেয়েছেন গবেষণা বৃত্তি।
বুধবার (৭ অক্টোবর) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও বৃত্তির চেক তুলে দেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে পরিবার, বাবা-মা ও সমাজের অনেকের অবদান থাকে। শিক্ষার্থীদের সুনাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠে এসব অবদানের প্রতিদান দিতে হবে।
তিনি বলেন, সুখী, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ও দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। শুধু সরকারি অর্থায়নের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এ জন্য বেসরকারি অংশীদারত্ব ও অ্যালামনাইদের সহযোগিতা প্রয়োজন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে অ্যালামনাইদের সম্পৃক্ত করে বড় পরিসরে ‘এনডাউমেন্ট ফান্ড’ গঠনের ওপর গুরুত্ব দেন। শিক্ষা ও গবেষণার মান বিশ্বপর্যায়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গবেষণা পুরস্কারপ্রাপ্ত দুজন হলেন অর্থী নবনীতা ও ফারাহ জাহান শুচি। গবেষণা বৃত্তি পেয়েছেন ফারাহ জাহান শুচি, উসামা রাফিদ, আজরা হুমায়রা, কৌরিত্র পোদ্দার তীর্থ, মোহাম্মদ আল মুকিত ও মুহাম্মদ মুযযাম্মিল হক।


