চুয়েটে অচলাবস্থা, একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর আহ্বান সাবেক শিক্ষার্থীদের
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা।
বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবে চুয়েটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দের ব্যানারে করা এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
এ সময় গত ১৫ দিন ধরে বন্ধ থাকা একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, চুয়েটের সাবেক শিক্ষার্থী ও সহপাঠী হিসেবে তারা নিজেরাও ছাত্রজীবনে একাধিকবার এ ধরনের অচলাবস্থার সম্মুখীন হয়েছেন। ফলে একাডেমিক স্থবিরতা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে এবং একটি পরিবারকে হতাশার মধ্যে ফেলে দেয়, তা তারা গভীরভাবে উপলব্ধি করেন।
তারা বলেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য নিয়োগ সংক্রান্ত রাষ্ট্রীয় সিদ্ধান্তকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অচল করে দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে নিয়োগের পর ৫৬ দিন শেষে প্রাতিষ্ঠানিক স্বার্থ ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উভয় সিদ্ধান্তই সরকারের সংবিধিবদ্ধ এখতিয়ারভুক্ত।
সংবাদ সম্মেলনে সরকারের প্রতি প্রশাসনিক ও আইনি শৃঙ্খলা বজায় রেখে চরম ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানানো হয়।
এ সময় চুয়েট কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ইলিয়াস হোসেন, সাবেক জিএস শফিকুল ইসলাম খান এবং সাবেক জিএস রিয়াসাত হাসান সুমন উপস্থিত ছিলেন।

