রাকসুতে সালাহউদ্দিন আম্মার। ছবি: তার ফেসবুক থেকে নেওয়া
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ১৭তম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আট দিন পর দপ্তর ছেড়েছেন। রাকসুর কোষাধ্যক্ষের চিঠির পরিপ্রেক্ষিতে তিনি এই দপ্তর ত্যাগ করেন।
বুধবার (৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি তার বিদায়ের কথা জানান।
ফেসবুক পোস্টে আম্মার লেখেন, প্রিয় রাবিয়ানরা! আপনারা আমার মতো নগণ্য মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে এই সম্মান দিয়েছিলেন। আমি আপনাদের জন্য নিজের সামর্থ্য, সময়, শ্রম দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। অনেক ভুল করেছি, সেগুলোর জন্য আপনাদের নিকট আন্তরিক ক্ষমাপ্রার্থী। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমাকে আপনারা একটা নতুন জীবন দিয়েছেন। আপনারা আমাকে নির্বাচিত না করলে হয়তো বা নীরবে নিভৃতে হারিয়ে যেতাম কচুরিপানার মতো।
তিনি লেখেন, প্রশাসনের চিঠি অনুযায়ী আজ ৪ নভেম্বর রাকসুর চাবি এবং আসবাবপত্র হস্তান্তরের কথা। আলহামদুলিল্লাহ, বড় একটা দায়িত্ব থেকে মুক্ত আমি। শেষ সময়টা ভাগ করে নিলাম আমার এক বছরের সঙ্গী রাকসুর কর্মকর্তা-কর্মচারী ভাইদের সঙ্গে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এখন থেকেই পরবর্তী রাকসুর লড়াই এবং বিগত ৯ দফা আন্দোলনের লড়াই চলবে রাবি সংস্কার আন্দোলন প্লাটফর্মে।
সালাহউদ্দিন আম্মার রাকসুর ১৭তম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এই বিদায়ের মধ্য দিয়ে রাকসু ভবনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে তার এই বিদায় নিয়ে নানা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
